প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চারদিকে রুক্ষ পাহাড় এবং ধূসর মরুভূমির প্রেক্ষাপটে, প্রচণ্ড গরম, বৃষ্টির অভাব এবং তীব্র পানিসংকটের মধ্যে গাছপালা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ে। তবে, একটি মসজিদকে কেন্দ্র করে গড়ে উঠেছে সবুজের সমারোহ। মসজিদটির আঙিনায় রয়েছে বিভিন্ন জাতের গাছপালা এবং ফুটে উঠেছে বাহারি ফুল। বিস্ময়করভাবে, এসব গাছের জন্য আলাদা করে পানি সরবরাহের প্রয়োজন পড়ে না। মুসল্লিদের অজুতে ব্যবহৃত পানিই বিশেষ পদ্ধতিতে পরিশোধন করে গাছের সেচের কাজে ব্যবহার করা হচ্ছে। পানির অপচয় রোধ এবং পরিবেশ সংরক্ষণের জন্য এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে জর্দানের আবু উবাইদা মসজিদ।
মসজিদটির চারপাশের সবুজ বাগান গড়ে উঠেছে দীর্ঘ ১৮ বছরের পরিকল্পনা, প্রচেষ্টা এবং অভিজ্ঞতার মাধ্যমে। পানিসংকটের মোকাবিলায় ব্যবহৃত পানিকে পুনরায় কাজে লাগানোর এই উদ্যোগটি শুধু একটি মসজিদের সৌন্দর্য বৃদ্ধি করেনি, বরং মরু অঞ্চলে পরিবেশবান্ধব পানি ব্যবস্থাপনার একটি অনন্য উদাহরণ সৃষ্টি করেছে।
জর্দান বিশ্বের অন্যতম পানিসংকটপূর্ণ দেশ হিসেবে পরিচিত। দেশটির বিস্তীর্ণ অঞ্চলে শুষ্ক আবহাওয়া বিরাজ করে। বৃষ্টিপাতের অভাব এবং পানির সীমিত প্রাপ্যতার কারণে কৃষিকাজও নানা চ্যালেঞ্জের সম্মুখীন হয়। খাদ্যশস্যের চাহিদার একটি বড় অংশ আমদানির মাধ্যমে পূরণ করতে হয়। পানির সংকট এতটাই প্রকট যে, দেশের অনেক এলাকায় নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী পানি সরবরাহ করা হয়। কোথাও কোথাও সপ্তাহে মাত্র ১২ ঘণ্টা পানি পাওয়া যায়। তাই পানির প্রতিটি ফোঁটা সংরক্ষণ করা সেখানকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
এই বাস্তবতায় পানির অপচয় কমানোর জন্য ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে জর্ডানিয়ান অ্যাকোয়া কনজারভেশন অ্যাসোসিয়েশন। সংগঠনটির প্রতিষ্ঠাতা আহমেদ আল-রওশান বলেন, "পানির অভাব সম্পর্কে জর্দানের মানুষ খুব ভালোভাবেই অবগত। কারণ, প্রতিনিয়ত এই সংকটের মধ্য দিয়েই তাঁদের জীবনযাপন করতে হয়।"
এই সংকট মোকাবিলার চিন্তা থেকেই মুসল্লিদের অজুতে ব্যবহৃত পানি পুনরায় কাজে লাগানোর পরিকল্পনা করেন তাঁরা। সাধারণত অজুর পর ব্যবহৃত পানি নালা দিয়ে অপচয় হয়ে যায়। কিন্তু সামান্য পরিশোধন এবং উপযুক্ত ব্যবস্থাপনার মাধ্যমে এই পানিই গাছপালার সেচের কাজে ব্যবহার করা সম্ভব।
অজুর পানি সরাসরি গাছে দেওয়া হয় না। প্রথমে বিশেষ পদ্ধতিতে তা পরিশোধন করা হয়। আহমেদ আল-রওশান জানান, মসজিদে অজুর সময় সাবান বা এ ধরনের পরিষ্কারক ব্যবহার করা হয় না। ফলে পানিতে সাবানজাত রাসায়নিকের উপস্থিতি থাকে না। এ কারণে তুলনামূলক সহজ পদ্ধতিতে পানি পরিশোধন করে সেচের উপযোগী করা সম্ভব হয়।
এ জন্য নুড়িপাথর এবং বালুর পাঁচটি স্তরের মধ্য দিয়ে পানি প্রবাহিত করা হয়। এসব স্তর প্রাকৃতিক ছাঁকনি হিসেবে কাজ করে। পানিতে থাকা ময়লা ও বিভিন্ন ভাসমান কণার একটি অংশ এতে আটকে যায়। এরপর পরিশোধিত পানি মাটির নিচে স্থাপন করা বিশেষ পাইপের মাধ্যমে গাছের গোড়ায় পৌঁছে দেওয়া হয়।
এ পদ্ধতিকে বলা হয় ‘ড্রিপ ইরিগেশন’ বা ফোঁটা ফোঁটা সেচব্যবস্থা। এতে গাছের গোড়ায় ধীরে ধীরে প্রয়োজনীয় পানি পৌঁছে যায়। ফলে পানির অপচয় কমে এবং গাছও প্রয়োজন অনুযায়ী আর্দ্রতা পায়। এটি রোগীর শরীরে স্যালাইনের মাধ্যমে ফোঁটায় ফোঁটায় তরল প্রবেশ করার মতোই কাজ করে।
মুসল্লিদের অজুর পর যে পানি সাধারণত নালায় গড়িয়ে অপচয় হতো, সেই পানিই আজ মরুভূমির বুকে সবুজের প্রাণ জোগাচ্ছে। এটি শুধুমাত্র একটি মসজিদের বাগান পরিচর্যার গল্প নয়; বরং পানি সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা এবং সম্পদের সর্বোত্তম ব্যবহারের একটি অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন