০১:৫৮ এম
নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় মো. শাহাদাত (২৩) নামের এক ছাত্রদল নেতা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। শাহাদাতের পরিবার অভিযোগ করেছেন যে, যাঁরা গুলি ছোড়ে, তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।
বৃহস্পতিবার (২৫ জুন) রাত সাড়ে ৮টার দিকে খিলপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শ্রীপুর স্কুলের সামনে এ ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ শাহাদাত খিলপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন এবং তিনি একই এলাকার আবুল কাশেমের ছেলে।
শাহাদাতের বড় ভাই যুবদল নেতা মো. হাবীব অভিযোগ করে বলেছেন, শাহাদাত ছাত্রদল এবং আমি খিলপাড়া ইউনিয়ন যুবদলের রাজনীতির সাথে যুক্ত। তিনি ৫ আগস্টের পর থেকে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিতেন। ওই স্ট্যাটাসের কারণে স্থানীয় কিছু আওয়ামী লীগের লোকজন আমাদের দুই ভাইকে নানা ধরণের হুমকি-ধমকি দেয়। বৃহস্পতিবার রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতা মফিজ ভূঞা ও রহিম হাজীর ইন্ধনে কিছু যুবলীগ নেতা শাহাদাতের সাথে বাক-বিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে যুবলীগ নেতার নেতৃত্বে শাহাদাতকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে শাহাদাতের তলপেট ও উরুতে ২৬টি ছররা গুলি লাগার কারণে তিনি আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আরও পড়ুন: তাহিরপুরে কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন; সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মোঃ মুশতাক আহমেদ
অভিযোগ সম্পর্কে জানতে মফিজ ভূঞা ও রহিম হাজীর মুঠোফোনে কল করা হলেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই এ বিষয়ে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানিয়েছেন, বিকেলে এলাকার কিশোরদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। পরে রাতের দিকে অভিভাবকরা দুই পক্ষ হয়ে গেলে উত্তেজনা বৃদ্ধি পায় এবং সংঘর্ষের ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, শাহাদাতের পরিবার গুলিতে আহত হওয়ার অভিযোগ করেছে। তবে ঘটনাস্থলে গিয়ে পুলিশ প্রাথমিকভাবে গুলি ছোড়ার কোন আলামত পায়নি। স্থানীয়দের মতে সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আরও পড়ুন: শেরপুরে নকলায় মাদকসহ আটক বিএনপি সভাপতির ছেলে রানা মিয়া,
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন