ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

কুলিয়ারচরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও লাঞ্ছনার বিচার চেয়ে থানায় অভিযোগ


কুলিয়ারচরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও লাঞ্ছনার বিচার চেয়ে থানায় অভিযোগ

কিশোরগঞ্জের কুলিয়ারচরের লক্ষ্মীপুর নামাপাড়া এলাকার দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করার পর প্রকাশ্যে তার পথরোধ করে মারধর ও শ্লীলতায়হানির গুরুতর অভিযোগ উঠেছে আলম মিয়া (২৬) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার ৪ আগস্ট মঙ্গলবার বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সঙ্গে নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযুক্ত আলম মিয়া উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের মৃত মুতি মিয়ার ছেলে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে গত প্রায় ছয় মাস ধরে একাধিকবার উত্ত্যক্ত করে আসছিলেন আলম মিয়া। বিষয়টিতে একাধিকবার অভিযুক্তের পরিবার ও স্থানীয়দের কাছে বিচার চেয়েও কোনো সুরাহা মেলেনি; বরং অভিযুক্তের পরিবার উল্টো ভুক্তভোগী কিশোরীকেই দোষারোপ করে আসছিল।

সর্বশেষ ২ আগস্ট রোববার ক্লাস শেষে বাড়ি ফেরার পথে অভিযুক্ত আলম মিয়া প্রকাশ্যে ওই শিক্ষার্থীর পথরোধ করে এবং কুপ্রস্তাব দেয়। এতে সাড়া না দেওয়ায় সে শিক্ষার্থীর চুলের মুঠি ধরে টানা-হেঁচড়া করে মাটিতে ফেলে দেয় এবং এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। এতে কিশোরীর চোখের নিচে গুরুতর আঘাত লাগে। অভিযোগে আরও উল্লেখযোগ্য একটি বিষয় হলো, হামলার এক পর্যায়ে অভিযুক্ত নিজের গোপন অঙ্গ প্রদর্শন করে কিশোরীকে অশালীন ইঙ্গিত ও চরম ভয়ভীতি দেখায়। পরে স্থানীয় কয়েকজন নারী এগিয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আরও পড়ুন: গোমস্তাপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

জানা গেছে, মাত্র ছয় মাস বয়সে বাবা হারানো এই কিশোরী এখন খুব কষ্ট করে পড়ালেখা চালিয়ে যাচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন খোকন ক্ষোভ প্রকাশ করে বলেন, "ছেলেটি প্রায়ই আমার বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করে। সর্বশেষ বাবা-হারা এই শিক্ষার্থীকে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে, এরপর আমি আর নীরব থাকতে পারিনি। তাই নিজেই মেয়েটিকে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোনে বিষয়টি জানিয়েছি এবং থানায় এসে অভিযোগ করেছি। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"

ভুক্তভোগীর চাচা বলেন, "আমার ভাতিজিকে দীর্ঘদিন ধরে হয়রানি করা হচ্ছে। বারবার বিচার চেয়েও কোনো প্রতিকার পাইনি। এখন আমরা প্রশাসনের কাছে তার নিরাপত্তা এবং অভিযুক্তের কঠোর শাস্তি চাই।"

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন জানান, "ভুক্তভোগী ও তাঁর স্বজন এবং স্কুলের প্রধান শিক্ষক এসে আমাদের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের পর সাথে সাথে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

আরও পড়ুন: করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” মধ্যনগর উপজেলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ পালিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৫:২২ পি.এম


বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি. কোহলার।

এই সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী জানান, বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে।

সাক্ষাৎটি মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত হয়।

এই সাক্ষাৎকালে মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সক্ষমতা ও অবদান নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী ১৯৯১ সালে বাংলাদেশে আঘাত হানা ঘূর্ণিঝড়ের পর মার্কিন যুক্তরাষ্ট্র পরিচালিত ‌‌‘অপারেশন সি অ্যাঞ্জেলস’-এর কথা স্মরণ করেন।

এসময় মার্কিন কমান্ডার বিভিন্ন নৌমহড়ায় বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি তুলে ধরেন। এ প্রসঙ্গে তিনি জানান, আগামী ‘কোঅপারেশন অ্যাফ্লোট রিডিনেস অ্যান্ড ট্রেনিং’ মহড়া নভেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত হবে। এছাড়া তিনি সিঙ্গাপুরে অনুষ্ঠিত ‘সি ভিশন এক্সারসাইজ’-এ বাংলাদেশের অংশগ্রহণের কথা উল্লেখ করেন। ভবিষ্যতে নিয়মিতভাবে অনুষ্ঠিত ‘রিম অব দ্য প্যাসিফিক’ মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণ প্রত্যাশা ব্যক্ত করেন কমান্ডার।

বৈঠকে ‘সাধারণ নিরাপত্তার সামরিক তথ্য চুক্তি’ নিয়ে দুই দেশের পারস্পরিক বোঝাপড়া ও এর অগ্রগতি নিয়েও আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয় যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দেয়। একই সময়ে যুগোপযোগী ও বিস্তৃত সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার আগ্রহ প্রকাশ করা হয়।

কমান্ডার স্টিফেন টি. কোহলার বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করার ক্ষেত্রে অনেক সুযোগ রয়েছে। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। কমান্ডার আফ্রিকার বিভিন্ন দেশে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদানের ভূয়সী প্রশংসা করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে রওনা দিলেন নাটোরের দুলাল হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৫:২৪ পি.এম


পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে রওনা দিলেন নাটোরের দুলাল হোসেন

পবিত্র হজ পালনের অদম্য ইচ্ছার সঙ্গে সৌদি আরবের মক্কা নগরীর উদ্দেশ্যে হেঁটে যাত্রা শুরু করেছেন নাটোরের সিংড়ার দুলাল হোসেন (৪৫) ।

তিনি উপজেলার ডাহিয়া ইউনিয়নের তাড়াই বড়ইচোরা গ্রামের মৃত মকসেদ আলী ও পিয়ারা বেগমের ছেলে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল পায়ে হেঁটে পবিত্র কাবা শরীফে গিয়ে হজ পালন করা। সেই স্বপ্ন আজ মঙ্গলবার সকালে সকাল ১০টায় পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও গ্রামবাসীর দোয়া নিয়ে তিনি নিজ গ্রাম থেকে যাত্রা শুরু করেন।

দুলাল হোসেনের এই ব্যতিক্রমী উদ্যোগে এলাকায় ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। তাকে বিদায় জানাতে গ্রামবাসী ভিড় করেন। বিদায় মুহূর্তে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং উপস্থিত সবাই তার সফল যাত্রা ও সুস্থতার জন্য দোয়া করেন।

স্থানীয় বাসিন্দা কাউসার হোসেন বলেন, ‘দুলাল হোসেনের এই উদ্যোগ আমাদের জন্য অনুপ্রেরণার। আল্লাহ যেন তার সফর সহজ করে দেন এবং হজ কবুল করেন।’

গ্রামের প্রবীণ রফিকুল ইসলাম জানান, দুলাল হোসেন অত্যন্ত ধার্মিক এবং সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত। দীর্ঘদিন ধরে তিনি এই যাত্রার প্রস্তুতি নিয়েছেন এবং মহান আল্লাহ যেন তার নিয়ত কবুল করেন।

দুলাল হোসেন বলেন, ‘আল্লাহর ঘরে যাওয়ার আকাঙ্ক্ষা থেকেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। পথ দীর্ঘ ও কষ্টসাধ্য হলেও আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে রওনা হয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন সুস্থভাবে মক্কায় পৌঁছে হজ পালন করতে পারি।’

তিনি আরও বলেন, ‘বিভিন্ন দেশের সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে পৌঁছাতে প্রয়োজনীয় সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে সহায়তা কামনা করছি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে পালানোর সময় বেনাপোলে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৫:২৫ পি.এম


ভারতে পালানোর সময় বেনাপোলে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের পথে ভারত পালানোর সময় হুমায়ুন তালুকদার নামে কৃষকলীগের একজন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ১টার দিকে তাকে গ্রেফতার করে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।

হুমায়ুন তালুকদার হলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কৃষক লীগের বহিষ্কৃত সভাপতি এবং মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের আব্দুর রশিদ তালুকদারের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ সাইফুর রহমান খান জানান, ভারত যাওয়ার প্রক্রিয়ার মধ্যে ইমিগ্রেশন সিস্টেমে যাচাই করে দেখা যায়, হুমায়ুন তালুকদার কালো তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। পরে তাকে গ্রেফতার করে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়।

এদিকে ২০২৪ সালের ৫ আগস্টের পর বেনাপোল ইমিগ্রেশন থেকে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ প্রায় ৩৫ জন গ্রেফতার হয়েছে।

স্থানীয় সূত্র জানাচ্ছে, সব অপরাধীর তালিকা ইমিগ্রেশনে নেই। কিছু গ্রেফতার হলেও বিভিন্ন কৌশল অবলম্বন করে অনেকেই পালিয়ে যাচ্ছে। একটি চক্র বিভিন্ন মামলার এসব আসামিদের ভারতে পালাতে সহযোগিতা করছে বলে অভিযোগ রয়েছে। পুলিশ অপরাধীকে গ্রেফতার করতে পারলেও সহযোগিতাকারীরা ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশি নাবিকদের ভিসা জটিলতা দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছেন নৌপরিবহন মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৫:২৭ পি.এম


বাংলাদেশি নাবিকদের ভিসা জটিলতা দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছেন নৌপরিবহন মন্ত্রী

ঢাকা, ৪ আগস্ট, ২০২৬ : বাংলাদেশি নাবিকদের ভিসা, ট্রানজিট ও ক্রু চেঞ্জ-সংক্রান্ত বিদ্যমান জটিলতা দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, আন্তর্জাতিক শিপিং খাতে বাংলাদেশি নাবিকদের কর্মসংস্থান সম্প্রসারণ এবং তাদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা জাতীয় স্বার্থের সঙ্গে সম্পর্কযুক্ত। এ লক্ষ্যে প্রয়োজনে কমিটি গঠন করে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ এবং আন্তঃমন্ত্রণালয় সমন্বয় আরও জোরদার করতে হবে। আজ নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় মেরিটাইম কাউন্সিলের প্রথম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা তুলে ধরেন। সভায় উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধি এবং মেরিটাইম শিল্প খাতের অংশীজনরা। সভায় আলোচনা হয় বাংলাদেশি নাবিকদের সংযুক্ত আরব আমিরাতে ট্রানজিট ভিসা, ক্রু চেঞ্জ ভিসা, শোর পাস এবং এন্ট্রি ক্লিয়ারেন্স পেতে বিদ্যমান জটিলতা নিয়ে। সভায় বলা হয়, বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রধান নাবিক সরবরাহকারী দেশ হলেও সাম্প্রতিক সময়ে এসব জটিলতার কারণে আন্তর্জাতিক জাহাজে নিয়োগ, ক্রু রিলিফ এবং কর্মসংস্থানে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এর ফলে বাংলাদেশি নাবিকদের চাকরির বাজার সংকুচিত হয়ে যাচ্ছে। একই সঙ্গে এ খাত থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ থেকেও দেশ বঞ্চিত হচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশি নাবিকদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সংযুক্ত আরব আমিরাতসহ সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের গুরুত্ব রয়েছে। এছাড়া আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস ও দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় আরও আলোচনা হয় ২০২৮ সালের আইএমও মেম্বার স্টেট অডিট স্কিম (আইএমএসএএস)-এর প্রস্তুতি, ২০১৭ সালের অডিটে চিহ্নিত বিষয়গুলোর নিষ্পত্তির অগ্রগতি এবং একটি সমন্বিত জাতীয় প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নের বিষয়ে। আলোচনা হয় হংকং কনভেনশন বাস্তবায়ন, আন্তর্জাতিক মানসম্পন্ন জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলা, ট্রিটমেন্ট, স্টোরেজ অ্যান্ড ডিসপোজাল ফ্যাসিলিটি (টিএসডিএফ) স্থাপনের রোডম্যাপ এবং সংশ্লিষ্ট নীতিগত বিষয় নিয়ে। সভায় আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)-এর নেট-জিরো ফ্রেমওয়ার্ক বাস্তবায়নের লক্ষ্যে জাহাজের জ্বালানি ব্যবহারসংক্রান্ত জাতীয় তথ্যভাণ্ডার প্রতিষ্ঠা, কার্বন নির্গমন বেইজলাইন প্রণয়ন এবং বাঙ্কার ফুয়েল মনিটরিং ফ্রেমওয়ার্ক গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। সমুদ্র, স্থল ও বিমানবন্দরে বিপজ্জনক পণ্য পরিবহন ও ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ, আইএমডিজি কোড বাস্তবায়ন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং ‘অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে ডেঞ্জারাস গুডস ভ্যালিডেশন মডিউল’ সংযোজনের বিষয়েও আলোচনা হয়। সভায় দেশের সামুদ্রিক খাতের দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্যে একটি সমন্বিত ‘ন্যাশনাল মেরিটাইম পলিসি’ প্রণয়নের প্রয়োজনীয়তার ওপরেও গুরুত্ব দেওয়া হয়। এই নীতিমালার মাধ্যমে সামুদ্রিক নিরাপত্তা জোরদার, আন্তর্জাতিক কনভেনশন বাস্তবায়ন, ব্লু ইকোনমির বিকাশ, বন্দর ব্যবস্থাপনার আধুনিকায়ন, নাবিকদের কর্মসংস্থান সম্প্রসারণ এবং সামুদ্রিক খাতের টেকসই উন্নয়নে সমন্বিত দিকনির্দেশনা নিশ্চিত করার বিষয়ে মতবিনিময় হয়। সভায় গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় জোরদার এবং প্রয়োজনীয় নীতিগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্বারোপ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%