প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থার আওতায় গঠিত বিদ্যমান সব কমিটি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে পুনর্গঠন ও হালনাগাদ করার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সেইসাথে, পুনর্গঠিত কমিটির তথ্য আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করার জন্য বলা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত মঙ্গলবার এসংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। এই চিঠির স্বাক্ষরদাতা হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-২ মো. আশরাফুল ইসলাম।
চিঠিতে জানানো হয়েছে, সরকারের বিভিন্ন কার্যক্রম পরিচালন ও বাস্তবায়নের জন্য বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে বেশ কয়েকটি কমিটি গঠন করা হয়েছে। পর্যালোচনায় দেখা গেছে যে, এসব কমিটির অধিকাংশ কমিটি কয়েক বছর আগে গঠিত হয় এবং সেই কারণে সেগুলো এখন হালনাগাদ নেই।
এছাড়া, কিছু কমিটির প্রজ্ঞাপন ও কার্যক্রমের তথ্যও পাওয়া যাচ্ছে না। এই কারণে বিদ্যমান সব কমিটি পুনর্গঠন করে হালনাগাদ করা অত্যাবশ্যক।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় বলা হয়েছে, মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার আওতাধীন বিদ্যমান কমিটিগুলো পুনর্গঠনের সময় সংশ্লিষ্ট সব অংশীজনের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। এর ফলে স্থানীয় পর্যায়ের অংশগ্রহণ এবং প্রতিনিধিত্ব আরও কার্যকর হওয়া সম্ভব হবে।
পুনর্গঠিত প্রতিটি কমিটিতে স্থানীয় পর্যায়ের তিনজন গণ্যমান্য ব্যক্তিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। এই তিনজনের মধ্যে অন্তত একজন নারী প্রতিনিধি থাকাটা আবশ্যক। সংশ্লিষ্ট কমিটির সভাপতি বা আহ্বায়ক ওই তিনজনকে মনোনয়ন দেবেন।
অগ্রাধিকার ভিত্তিতে সংযুক্ত তালিকায় থাকা ৯৮টি কমিটিসহ মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার আওতাধীন বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য বিদ্যমান সব কমিটি হালনাগাদ করতে হবে।
পুনর্গঠন ও হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করে আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করার জন্য বলা হয়েছে।
সরকারের বিভিন্ন পর্যায়ের কমিটিগুলো দীর্ঘদিন পরে পুনর্গঠনের উদ্যোগ নেওয়ার ফলে স্থানীয় পর্যায়ে সরকারি কার্যক্রমে অংশীজনের প্রতিনিধিত্ব, সমন্বয় এবং জবাবদিহি আরো জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন