প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মানুষের জীবনে সুস্থতা মহান আল্লাহর বিশেষ নিয়ামত। তবে বিভিন্ন সময় মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ে। কখনো সাধারণ অসুস্থতা, আবার কখনো জটিল ও দুরারোগ্য ব্যাধি মানুষের শারীরিক ও মানসিক অবস্থাকে বিপর্যস্ত করে তোলে। অসুস্থ হলে অনেকে হতাশ হয়ে পড়েন। কেউ কেউ মনে করেন, তাঁদের রোগের কোনো চিকিৎসা নেই। কিন্তু ইসলাম হতাশা থেকে দূরে থাকতে এবং চিকিৎসা গ্রহণের পাশাপাশি আল্লাহর রহমতের প্রতি আশাবাদী হতে শিক্ষা দেয়।
চিকিৎসা গ্রহণ করা নবীজির শিক্ষা: ইসলাম রোগের প্রতিষেধকের কথা বলার পাশাপাশি চিকিৎসা গ্রহণের নির্দেশও দিয়েছে। উসামা ইবনে শারিক (রা.) বলেন, একবার আমি রাসুলুল্লাহ (সা.)-এর কাছে উপস্থিত ছিলাম। তখন কিছু বেদুইন এসে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসুল! আমরা কি চিকিৎসা গ্রহণ করব? তিনি বললেন, ‘হ্যাঁ, হে আল্লাহর বান্দারা! তোমরা চিকিৎসা গ্রহণ করো। কেননা আল্লাহ এমন কোনো রোগ সৃষ্টি করেননি, যার প্রতিষেধক সৃষ্টি করেননি। তবে একটি রোগের প্রতিষেধক নেই।’ তাঁরা জানতে চাইলেন, সেটি কী? তিনি বললেন, ‘বার্ধক্য।’ (আবু দাউদ, হাদিস: ৩৮৫৫)
এই হাদিসে চিকিৎসা গ্রহণের প্রতি সুস্পষ্ট উৎসাহ প্রদান করা হয়েছে। সুতরাং অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা এবং উপযুক্ত ওষুধ সেবন করা ইসলামের নির্দেশনা। চিকিৎসা গ্রহণকে আল্লাহর ওপর ভরসার পরিপন্থী মনে করাও সঠিক নয়। কারণ চিকিৎসা একটি উপায়, আর আরোগ্য দান করেন মহান আল্লাহ।
রাসুলুল্লাহ (সা.) নিজেও অসুস্থ ব্যক্তির সুস্থতার জন্য দোয়া করতেন। তিনি বলতেন, ‘হে মানুষের প্রতিপালক! কষ্ট দূর করে দিন, আরোগ্য দান করুন। আপনিই আরোগ্যদাতা। আপনার আরোগ্য ছাড়া আর কোনো আরোগ্য নেই। এমন আরোগ্য দান করুন, যা কোনো রোগ অবশিষ্ট রাখে না।’ (মুসলিম, হাদিস: ২১৯১)
প্রতিটি রোগের ওষুধ রয়েছে: ইসলামের দৃষ্টিতে রোগ আল্লাহর সৃষ্টি, তেমনি রোগের প্রতিষেধকও তাঁরই সৃষ্টি। রাসুলুল্লাহ (সা.) এ বিষয়ে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ‘আল্লাহ এমন কোনো রোগ অবতীর্ণ করেননি, যার প্রতিষেধক তিনি অবতীর্ণ করেননি।’ (বুখারি, হাদিস: ৫৬৭৮)
এই হাদিসের ব্যাখ্যায় প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা বদরুদ্দিন আইনি (রহ.) বলেন, আল্লাহ তাআলা কাউকে কোনো রোগে আক্রান্ত করলে তার জন্য প্রতিষেধকও নির্ধারণ করে রেখেছেন; কিন্তু কিছু রোগীর চিকিৎসা করার পরও সুস্থতা আসে না। এর কারণ প্রতিষেধকের অনুপস্থিতি নয়; বরং রোগের প্রকৃত অবস্থা নির্ণয় করতে না পারা কিংবা চিকিৎসার যথার্থ পদ্ধতি সম্পর্কে অজ্ঞতা। (উমদাতুল কারি: ২১/২৩০)
অন্য হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রতিটি রোগেরই ওষুধ রয়েছে। যখন রোগের উপযোগী ওষুধ প্রয়োগ করা হয়, তখন আল্লাহর অনুমতিক্রমে রোগী সুস্থ হয়ে ওঠে।’ (মুসলিম, হাদিস: ২২০৪)
বিখ্যাত মুহাদ্দিস হাফেজ ইবনে হাজার আসকালানি (রহ.) বলেন, সব রোগের প্রতিষেধক থাকলেও সেসব প্রতিষেধকের পরিচয় ও কার্যকারিতা সম্পর্কে সব মানুষের জ্ঞান থাকে না। (ফাতহুল বারি: ১০/১৪২)
এ বক্তব্যগুলো থেকে বোঝা যায়, কোনো রোগকেই এমন মনে করা উচিত নয় যে এর কোনো প্রতিকার আল্লাহ সৃষ্টি করেননি। তবে সব রোগের প্রতিষেধক মানুষের জানা বা আয়ত্তে এসেছে, এমন নয়। অনেক রোগের চিকিৎসা এখনো চিকিৎসাবিজ্ঞানের গবেষণার বিষয়। কিছু রোগের কার্যকর চিকিৎসা আবিষ্কৃত হলেও তা সব রোগীর ক্ষেত্রে সমানভাবে কার্যকর হয় না। আবার চিকিৎসার নতুন নতুন পদ্ধতি ও ওষুধ সম্পর্কে সব চিকিৎসকের সমান ধারণাও থাকে না। তাই চিকিৎসার উপায় অনুসন্ধান করা মানুষের দায়িত্ব।
হতাশ না হয়ে ভালো চিকিৎসা ও দোয়া করা: রোগব্যাধি কখনো মানুষের জন্য পরীক্ষা এবং কখনো গুনাহ মাফের মাধ্যম। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মুসলিম ব্যক্তির ওপর যে ক্লান্তি, রোগ, দুশ্চিন্তা, দুঃখ, কষ্ট ও বিপদই আসুক না কেন, এমনকি একটি কাঁটা বিদ্ধ হলেও এর মাধ্যমে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন।’ (বুখারি, হাদিস: ৫৬৪১)
সুতরাং অসুস্থতার সময় মনোবল না হারিয়ে ধৈর্য ধারণ করা, নিয়মিত দোয়া করা, প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করা এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা জরুরি। পাশাপাশি রোগের প্রকৃতি অনুযায়ী অভিজ্ঞ ও যোগ্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
মনে রাখতে হবে, আল্লাহ তাআলা রোগের প্রতিষেধক সৃষ্টি করেছেন; কিন্তু প্রত্যেক রোগীকে নির্দিষ্ট সময়ের মধ্যে সুস্থ করে তোলার নিশ্চয়তা দেননি। মানুষের সাধ্য অনুযায়ী চিকিৎসা গ্রহণ করা দায়িত্ব, আর ফলাফল আল্লাহর হাতে। কখনো আরোগ্য আসে, কখনো রোগের কষ্টের মধ্য দিয়েই বান্দার জন্য কল্যাণ নির্ধারিত হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন