০২:২৩ পি.এম
বলিউড অভিনেতা নওয়াজউদ্দীন সিদ্দিকী পর্দায় বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করে আসছেন। এবার তিনি একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছেন।
নওয়াজউদ্দীন জানান, যদি সুযোগ পান, তাহলে তিনি আধ্যাত্মিক গুরু ওশোর চরিত্রে অভিনয় করতে চান। তবে তিনি ছবির পরিচালনার প্রতি আগ্রহী নন বলে জানিয়েছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি এই ইচ্ছার কথা জানান।
অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, বাস্তবের কোনো ব্যক্তিত্বের চরিত্রে অভিনয়ের সুযোগ পেলে কাকে বেছে নেবেন? এই প্রশ্নের জবাবে তিনি এক মুহূর্তও অপেক্ষা না করে বলেন, ‘ওশো’।
আরও পড়ুন: বিশ্বের ১০০ তারকার তালিকায় শাহরুখ, প্রথম দশে আছেন যারা
নওয়াজের এই আধ্যাত্মিক গুরুর প্রতি আকর্ষণের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘ওশোর দর্শন, তার জীবনযাপন, ব্যক্তিত্ব এবং মনোভাব আমাকে খুব আকর্ষণ করে। তাই এমন সুযোগ পেলে আমি অবশ্যই তার চরিত্রে অভিনয় করতে চাই।’
নওয়াজউদ্দীনের এই ইচ্ছার কথা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। কি তবে সত্যিই ওশোর জীবন নিয়ে সিনেমা তৈরি হবে? তার দর্শন, জীবনবোধ ও বিতর্ক একসময় সারা বিশ্বে আলোড়ন ফেলেছিল। নওয়াজউদ্দীনকে সেই চরিত্রে কেমন দেখাবে, তা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।
অভিনয়ের পাশাপাশি সিনেমা পরিচালনার কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন নওয়াজ। তিনি বলেন, ‘পরিচালনা আমার জন্য নয়; সিনেমা পরিচালনার প্রতি আমার সামান্যতম আগ্রহও নেই।’
অভিনেতা আরও জানান, তিনি আজীবন অভিনয় করে যেতে চান। একজন ভালো অভিনেতা হয়ে ওঠার চেষ্টা চালিয়ে যাওয়াই তার প্রধান লক্ষ্য। পরিচালক হওয়ার বদলে ক্যামেরার সামনে থেকেই কাজ করতে চান বলে জানান নওয়াজ।
আরও পড়ুন: সাইফ আলি খানকে প্রাণনাশের হুমকি, তদন্তে মুম্বাই পুলিশ
উল্লেখ্য, যার চরিত্রে অভিনয় করার বিষয়ে এত আলোচনা, সেই ওশোর জন্ম ১৯৩১ সালের ১১ ডিসেম্বর ভারতের মধ্যপ্রদেশের কুচওয়াড়ায়। তার আসল নাম ছিল চন্দ্রমোহন জৈন। তিনি ভগবান শ্রী রজনীশ নামেও পরিচিত ছিলেন। আধ্যাত্মিকতা, ধ্যান, প্রেম, সম্পর্ক ও ব্যক্তিস্বাধীনতা নিয়ে তার বক্তব্য বহু মানুষকে আকৃষ্ট করেছিল।
১৯৭৪ সালে পুনেতে আশ্রম প্রতিষ্ঠা করেন ওশো। পরে ১৯৮১ সালে আমেরিকায় চলে যান। সেখানে তার অনুগামীরা তার নামে একটি বসতি গড়েন। নানা আইনি বিতর্কের কারণে ১৯৮৫ সালে আমেরিকা ছাড়তে হয় তাকে। ভারতে ফিরে আসার পর ১৯৯০ সালের ১৯ জানুয়ারি পুনেতে ওশোর মৃত্যু হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন