ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী


সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

রংপুর রাধা গোবিন্দ মন্দির, ২০ অক্টোবর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘হাজার বছর ধরে এ দেশের বিভিন্ন ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করে আসছেন। আগামী হাজার বছরও যেন তারা একইভাবে সম্প্রীতি ও শান্তির সঙ্গে বসবাস করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।’

তিনি উল্লেখ করেন, ‘এ লক্ষ্যে ধর্ম-বর্ণ, দল-মত ও শ্রেণি-পেশা নির্বিশেষে সব মানুষকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার।’

আজ রংপুর ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির) পরিদর্শনের সময় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: জনআকাঙ্ক্ষা পূরণে দক্ষ ও প্রযুক্তিনির্ভর সিভিল সার্ভিস গড়ার আহ্বান মো. ইসমাইল জবিউল্লাহর

প্রধানমন্ত্রী বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি উল্লেখ করেন, ‘মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে অংশ নিয়েছেন। এই ঐক্য ধরে রেখেই আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলতে হবে।’

তিনি আরো বলেন, ‘আমরা যেমন সব ধর্মের মানুষ মিলে এ দেশকে স্বাধীন করেছি, তেমনি সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশের মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করেছি। আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

বর্তমান সরকার সব মানুষের সরকার হতে চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচনে কোনো এলাকায় বিএনপির প্রার্থী নির্বাচিত হয়েছেন, আবার কোনো এলাকায় হননি। তবে সরকার সব নাগরিকের জন্য কাজ করতে চায়। যারা আমাদের ভোট দিয়েছেন, তাদেরও সরকার হতে চাই; যারা ভোট দেননি, তাদেরও সরকার হতে চাই।’

তারেক রহমান বলেন, ‘রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে সব এলাকার উন্নয়ন ও সরকারি সুযোগ-সুবিধার সুষম বণ্টন নিশ্চিত করতে সরকার কাজ করছে।’

আরও পড়ুন: হাম উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা ১ হাজার ২৮৫

তিনি জানান, রংপুর মহানগরের উন্নয়নে একনেক সভায় ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় সরকার ব্যবস্থার মাধ্যমে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও গ্রামে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

এসব উদ্যোগের আওতায় মানুষের প্রয়োজন অনুযায়ী সড়ক, সেতু, কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘উন্নয়নের এ লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

গণঅভ্যুত্থান নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার সবাইকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তোলার চেষ্টা করছে। তবে একটি মহল বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। অতীতে মহান মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছিল। একইভাবে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান নিয়েও বিতর্ক তৈরির চেষ্টা হচ্ছে।’

তারেক রহমান বলেন, ‘গণতন্ত্রকামী জনগণের পক্ষ থেকে বলতে চাই— দয়া করে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে বিতর্কিত করবেন না।’

আরও পড়ুন: এলজিইডির কাজের গুণগত মানে আপস না করার আহ্বান শাহে আলমের

তিনি বলেন, ‘কোনো বিষয়ে মতপার্থক্য বা বক্তব্য থাকলে তা জাতীয় সংসদে উপস্থাপন করা যেতে পারে। জনগণের প্রতিনিধিদের আলোচনার মাধ্যমে রাষ্ট্র ও জনগণের কল্যাণে সিদ্ধান্ত নেওয়া উচিত।’

প্রধানমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক মতপার্থক্যের কারণ যেন মানুষের দৈনন্দিন জীবনযাত্রা, সন্তানদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থান ব্যাহত না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

অতীতের রাজনীতির পরিবর্তন আনতে সরকার কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এ পরিবর্তন বাস্তবায়নে জনগণই সবচেয়ে বড় শক্তি। এক্ষেত্রে জনগণের সহযোগিতা প্রয়োজন।’

সম্প্রীতি ও উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী হিন্দু সম্প্রদায়ের মানুষকে শারদীয় দুর্গাপূজার নবমীর শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘দেশের সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে হবে।’

আরও পড়ুন: শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ ভিসি ও প্রক্টর পদে থাকার অধিকার নেই: সাদিক কায়েম

এসময় প্রধানমন্ত্রী মন্দিরের পেছনে হোস্টেলের মতো অবকাঠামো নির্মাণে আর্থিক সহযোগিতার বিষয়টি বিবেচনা করতে সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীকে নির্দেশনা দেওয়ার কথা জানান।

বেলা ১২টা ৪ মিনিটে সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর ধর্মসভা মন্দির প্রাঙ্গণে পৌঁছালে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়। এসময় শিশুরা নৃত্য পরিবেশনের মাধ্যমে তাঁকে অভ্যর্থনা জানায়।

প্রধানমন্ত্রী মন্দিরের পূজারি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরে মন্দির পরিচালনা কমিটির সভাপতি ভবতোষ সরকার ও সাধারণ সম্পাদক খোকন সরকার তাঁকে একটি ক্রেস্ট উপহার দেন।

আরও পড়ুন: টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়তে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততা জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মন্দির কর্তৃপক্ষের হাতে ১০ লাখ টাকার একটি চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঞ্চালনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ড, সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল ও নিপুণ রায় চৌধুরী বক্তব্য রাখেন।

এছাড়া ছাত্রদলের পার্থ দেব, গণেশ চন্দ্র রায় সাহস এবং রংপুর ধর্মসভার স্বপন কুমার ভট্টাচার্যসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এ. জেড. এম. জাহিদ হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ রংপুরের সংসদ সদস্য ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সিফাত হত্যা মামলায় শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৪ ডিসেম্বর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম রংপুর সফর।

মন্দিরের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী সড়কপথে সৈয়দপুরের উদ্দেশে রওনা হন।

এর আগে সৈয়দপুর থেকে রংপুরে আসার পথে তিনি তারাগঞ্জ ও পাগলাপীর এলাকায় দু’টি পথসভায় বক্তব্য রাখেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৫৮ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৩ পি.এম


চট্টগ্রাম রেঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৫৮ জন

চট্টগ্রাম, ২০ অক্টোবর, ২০২৬ : কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধের উদ্দেশ্যে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ এ তথ্য প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৯৭ জন, পূর্ববর্তী মামলায় ৬৬ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১৬ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৪ জন, ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ২৮ জন, গ্রেপ্তারি পরোয়ানামূলে ৯০ জন এবং সাজা পরোয়ানামূলে ১৮ জন অন্তর্ভুক্ত রয়েছেন।

এছাড়া, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মাদক মামলায় ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১ জন মাদক বহনকারী এবং ৩৭ জন মাদকসেবী হিসেবে চিহ্নিত হয়েছেন। নিয়মিত ও অন্যান্য মামলায় ৪০ জন মাদক ব্যবসায়ীসহ অভিযানে মোট ৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানের সময় ৪ হাজার ৫৭৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৩ লিটার ৭৫০ মিলিলিটার চোলাই মদ, ৫৯ কেজি ৩২০ গ্রাম গাঁজা, ৮০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১ বোতল হুইস্কি উদ্ধার করা হয়েছে।

এ সময় ৩৩টি মাদক মামলা দায়ের করা হয়। পাশাপাশি, মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৯ জনকে কারাদণ্ড এবং মোট ১ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এদিকে, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ১৪ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রামে ৩ জন, চাঁদপুরে ৩ জন, কুমিল্লায় ২ জন, নোয়াখালীতে ২ জন, লক্ষ্মীপুরে ১ জন এবং খাগড়াছড়িতে ৩ জন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, জনস্বার্থে অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার ধামরাইয়ে ঘুষ দাবির অভিযোগে এএসআইকে প্রত্যাহার করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৩ পি.এম


ঢাকার ধামরাইয়ে ঘুষ দাবির অভিযোগে এএসআইকে প্রত্যাহার করা হয়েছে

ঢাকার ধামরাইয়ে তিন পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করার পর তাকে ছেড়ে দেওয়ার বিনিময়ে পরিবারের কাছে ঘুষ দাবি করার অভিযোগে এক এএসআইকে প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার (২০ অক্টোবর) নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি মো. নাজমুল হুদা খান। অভিযুক্ত এএসআই আল মামুনকে রাজারবাগ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সম্প্রতি ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের দ্বিতীয় মহিষাসী এলাকায় মো. হান্নান মৃধা নামের এক ব্যক্তিকে তিন পিস ইয়াবাসহ আটক করেন এএসআই আল মামুন।

হান্নান মৃধার পরিবারের অভিযোগ, আটক করার পর তাকে ২০০ পিস ইয়াবাসহ আটক দেখিয়ে মামলায় ফাঁসানোর হুমকি দেন এএসআই আল মামুন। তাকে ছেড়ে দেওয়ার জন্য তার স্ত্রীর কাছে ৭০ হাজার টাকা দাবি করা হয়। একপর্যায়ে ১৫ হাজার টাকা দেওয়ার পরও আরো ১৫ হাজার টাকা দাবি করা হয়।

এদিকে, এ ঘটনায় সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এরপরই জানা গেছে, এএসআই আল মামুনকে রাজারবাগ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

তিনি জানান, এ ঘটনায় তিনি এখনো কোনো লিখিত আদেশ পাননি। মৌখিক নির্দেশনার ভিত্তিতে ওই পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ লাইনসে পাঠানো হয়েছে। তাকে ক্লোজড করা হয়েছে, নাকি সাময়িক বরখাস্ত করা হয়েছে, তা লিখিত আদেশ পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। অভিযোগের বিষয়ে তাকে বিস্তারিত জানানো হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিয়ম ভেঙে শাস্তি পেলেন ভারতীয় ব্যাটার শেফালি ভার্মা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


নিয়ম ভেঙে শাস্তি পেলেন ভারতীয় ব্যাটার শেফালি ভার্মা

রায়পুরে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের কারণে আইসিসির তিরস্কার পেয়েছেন ভারতীয় ব্যাটসম্যান শেফালি ভার্মা। এর পাশাপাশি, ভার্মার শৃঙ্খলা রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত করা হয়েছে। জিম্বাবুয়ের ইনিংসের ১২তম ওভারে একটি ক্যাচ মিস করার পর শেফালি রাগ ও হতাশায় বলটি জোরে মাটিতে ছুড়ে ফেলেন।

তিনি আইসিসি আচরণবিধির লেভেল ১-এর ২.২ ধারা লঙ্ঘন করেছেন, যা মূলত খেলার সামগ্রী, মাঠের সরঞ্জাম বা ফিটিংসের অবমাননা বা অপব্যবহারের সাথে সম্পর্কিত। খবর আইসিসি।

আনুষ্ঠানিক তিরস্কারের পাশাপাশি শেফালির ডিসিপ্লিনারি রেকর্ডে ১টি ডিমেরিট পয়েন্ট যুক্ত করা হয়েছে। গত ২৪ মাসের মধ্যে এটি তার প্রথম অপরাধ।

ম্যাচ রেফারি জিএস লক্ষ্মীর দেওয়া এই শাস্তি শেফালি মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

ভারত দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে পরাজিত করে ২-০ সিরিজে জিতে নিয়েছে। প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হলেও, রায়পুরের এই ম্যাচে ভারতীয় দল দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে। প্রথমে ব্যাট করতে নেমে সফরকারী জিম্বাবুয়ে দল নির্ধারিত ওভারে ১০২ রানে ৮ উইকেট হারায়। ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে তারা বড় স্কোর গড়তে ব্যর্থ হয়।

জবাব দিতে নেমে ভারত মাত্র নবম ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ওপেনার শেফালি ভার্মা মাত্র ২৫ বলে ৫৫ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন। তার এই ঝোড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে ভারত সহজ জয় নিশ্চিত করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার

নোয়াখালীর হাতিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সোহরাব উদ্দিন (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, ঘটনাটি ধামাচাপা দিতে তিন হাজার টাকা দিয়ে মীমাংসার চেষ্টা এবং ভুক্তভোগী পরিবারকে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে হাতিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খোন্দকার সোহেলের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন তিনি। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে গ্রেপ্তার সোহরাবকে বিচারিক আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সোমবার ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে হাতিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। গত শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিয়া পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার সোহরাব উদ্দিন হাতিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরকৈলাশ এলাকার ফাহাদ উদ্দিনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে সোহরাব বিভিন্ন প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের বসতঘরে নিয়ে যান। সেখানে শিশুটির শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করেন এবং একপর্যায়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তাকে উদ্ধার করা হয়।

ভুক্তভোগী শিশুটির বাবা অভিযোগ করে বলেন, ঘটনার পর বিষয়টি সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করা হয়। এ সময় হাতিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব খোন্দকার সোহেল তার বাবার পকেটে তিন হাজার টাকা ঢুকিয়ে দেন। একই সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে নিষেধ করেন। পরে তার বাবা বিষয়টি তাকে জানালে তারা ওই টাকা ফিরিয়ে দেন।

তবে অভিযোগ অস্বীকার করে খোন্দকার সোহেল বলেন, এ বিষয়ে সামাজিক বৈঠক হওয়ার সময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ছিলেন। এটি প্রতিপক্ষের অপপ্রচার।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে সোহরাবকে তার বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাটি ধামাচাপা দেওয়ার কোনো ঘটনা তার জানা নেই।


বার্তা প্রেরক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%