ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

সংসদ লাইব্রেরিতে আরএফআইডি প্রযুক্তি চালুর সুপারিশ


সংসদ লাইব্রেরিতে আরএফআইডি প্রযুক্তি চালুর সুপারিশ

জাতীয় সংসদ লাইব্রেরিতে বই ব্যবস্থাপনাকে আরও আধুনিক, কার্যকর ও প্রযুক্তিনির্ভর করতে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) প্রযুক্তি চালুর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটি।

কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত লাইব্রেরি কমিটির তৃতীয় বৈঠকে এ সুপারিশটি গৃহীত হয়।

বৈঠকে জাতীয় সংসদ গ্রন্থাগারের কার্যক্রমকে আরও আধুনিক ও যুগোপযোগী করার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে সংসদ গ্রন্থাগার কর্তৃক প্রকাশিত ‘সংসদ গ্রন্থাগার বুলেটিন’-এর মানোন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে একটি প্রতিবেদন প্রণয়নের জন্য তিন সদস্যবিশিষ্ট একটি সাব-কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য সাঈদ আল নোমানকে আহ্বায়ক ও এ বি এম মোশাররফ হোসেন এবং মোহাম্মদ নাজিবুর রহমানকে সদস্য নির্বাচিত করা হয়েছে।

আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

বৈঠকের শুরুতে সভাপতি উপস্থিত সদস্যদের স্বাগতম জানান এবং পূর্ববর্তী বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ সময় সাব-কমিটি-১, ২, ৩ ও ৪ এর প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং সেগুলোর ওপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের আওতাধীন ‘স্ট্রেনদেনিং ইনস্টিটিউশনস, পলিসিস অ্যান্ড সার্ভিসেস (এসআইপিএস)’ প্রকল্পের অধীনে ইউএনডিপি'র সহযোগিতায় জাতীয় সংসদের সাউন্ড সিস্টেমসহ বিভিন্ন কার্যক্রমে ইন্ট্রানেট প্রযুক্তি চালুর বিষয়ে সুপারিশ করা হয়। সংশ্লিষ্টরা মনে করেন যে, এ প্রযুক্তি চালু হলে সংসদের প্রশাসনিক ও কারিগরি কার্যক্রম আরও দক্ষ এবং সমন্বিত হবে।

এছাড়া, বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারি স্টাডিজ আইন অনুযায়ী গঠিত পরিচালনা বোর্ড পুনর্গঠন করার লক্ষ্যে সাব-কমিটি প্রণীত প্রতিবেদনও বৈঠকে পর্যালোচনা করা হয়। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারণের জন্য কমিটির সদস্যরা স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত গ্রহণ করেন।

বৈঠকে কমিটির সদস্য হুইপ এ.বি.এম. আশরাফ উদ্দিন (নিজান), ডা. মো. মাহাবুবুর রহমান, সাঈদ আল নোমান, এ বি এম মোশাররফ হোসেন এবং মোহাম্মদ নাজিবুর রহমান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: রাজধানীর পান্থপথ, খিলক্ষেত ও ক্যান্টনমেন্টে ককটেল বিস্ফোরণ

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন বাজেটেও বাড়ছে না বিড়ির দাম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


নতুন বাজেটেও বাড়ছে না বিড়ির দাম

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে জানিয়েছেন যে, আগামী অর্থবছরের বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অর্থাৎ আগামী অর্থবছরে বিড়ির দাম বাড়বে না।

আজ সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংরক্ষিত নারী আসনের সদস্য রাশেদা বেগম হীরার প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।

রাশেদা বেগম হীরা জানতে চান, তামাকের উপর সুনির্দিষ্ট হারে কর বৃদ্ধি যেমন বিড়ির খুচরা মূল্যের উপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রেখে ২০ শলাকা বিড়ির খুচরা মূল্য আরও বৃদ্ধি করে অধিক সম্পূরক শুল্ক এবং সুনির্দিষ্ট কর আরোপ করবেন কিনা?

জবাবে অর্থমন্ত্রী বলেন, বাজেটে বিড়ি ক্ষেত্রে মূল্য এবং করহার পূর্বের বছরের ন্যায় অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার কর্মসূচিতে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ সহায়তা দেবে জাপান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার কর্মসূচিতে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ সহায়তা দেবে জাপান

দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থার সক্ষমতা আরও জোরদার করার লক্ষ্যে জাপান বাংলাদেশকে ৫০ বিলিয়ন জাপানি ইয়েন ঋণ সহায়তা প্রদান করবে।

এ লক্ষ্যে আজ বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর মধ্যে একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ও জাপান সরকারের পাশাপাশি নোট বিনিময় (এক্সচেঞ্জ অব নোটস) চুক্তিতে স্বাক্ষর করেন ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। আজ একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইমার্জেন্সি সাপোর্ট লোন ফর এনহ্যান্সিং ইকোনমিক রেজিলিয়েন্স অ্যান্ড স্টেবল এনার্জি সাপ্লাই’ শীর্ষক কর্মসূচির আওতায় জাইকা বাংলাদেশকে ৫০ বিলিয়ন জাপানি ইয়েন, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকার সমপরিমাণ ঋণ দেবে।

জাপান সরকারের ‘পার্টনারশিপ অন ওয়াইড এনার্জি অ্যান্ড রিসোর্সেস রেজিলিয়েন্স এশিয়া (পাওয়ার এশিয়া)’ উদ্যোগের আওতায় এটি প্রথম সরকারি উন্নয়ন সহায়তা (ওডিএ) ঋণ। এই উদ্যোগের লক্ষ্য এশিয়ার দেশগুলোকে জ্বালানি সরবরাহ নিয়ে ঝুঁকি এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার অনিশ্চয়তা মোকাবিলায় সহায়তা প্রদান করা।

কর্মসূচিটি দুটি বিষয়ের ওপর ভিত্তি করে প্রণয়ন করা হয়েছে। এর একটি হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সহনশীলতা বৃদ্ধি এবং অন্যটি অর্থনৈতিক ব্যবস্থাপনা ও সুশাসন শক্তিশালী করা।

এ কর্মসূচির আওতায় স্থিতিশীল বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা নিশ্চিতকরণ, বিদ্যুৎ ও জ্বালানি উৎসের বহুমুখীকরণ এবং জ্বালানি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন নীতিগত পদক্ষেপে সহায়তা দেওয়া হবে। এ উদ্যোগের মাধ্যমে উচ্চ দক্ষতাসম্পন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর টেকসই পরিচালনা, বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার উন্নত পরিকল্পনা এবং জ্বালানি সাশ্রয় কার্যক্রম জোরদার করা হবে।

এছাড়াও, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহ-অর্থায়নে অর্থনৈতিক ব্যবস্থাপনা ও সুশাসন সংক্রান্ত সংস্কার কার্যক্রমেও সহায়তা দেওয়া হবে।

সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগ দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, জ্বালানি খাতের সক্ষমতা বৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক কাঠামো শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সাথে এটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে ঔষধ প্রশাসনের চিঠি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৬:৪১ পি.এম


হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে ঔষধ প্রশাসনের চিঠি

হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত হার্টের রিং বা করোনারি স্টেন্টের (স্টেন্ট) পুনঃনির্ধারিত মূল্য বাস্তবায়নের জন্য দেশের হাসপাতালগুলোকে চিঠি পাঠিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর (ডিজিডিএ)।

মঙ্গলবার (৯ জুন) অধিদফতর থেকে এই চিঠি পাঠানো হয়। এতে সই করেন মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আলমগীর হোসেন।

চিঠিতে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের নির্দেশনা এবং বিশেষজ্ঞ পরামর্শক কমিটির সুপারিশের ভিত্তিতে আমদানিকৃত বিভিন্ন ধরনের করোনারি স্টেন্টের মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে।

ঔষধ প্রশাসন অধিদফতরের স্মারক অনুযায়ী, ট্যাক্স, ভ্যাট, বিভিন্ন চার্জ-কমিশন এবং আমদানিকারক প্রতিষ্ঠানের যৌক্তিক মুনাফা বিবেচনায় নিয়ে স্টেন্টগুলোর নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। বিষয়টি বাস্তবায়নের জন্য এর আগে সংশ্লিষ্ট আমদানিকারক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেয়া হয়েছিল। পরে কয়েকটি প্রতিষ্ঠানের মূল্য পুনর্বিবেচনার আবেদন বিশেষজ্ঞ কমিটির সপ্তম সভায় পর্যালোচনা করে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, স্বাস্থ্যসেবা বিভাগের গঠিত বিশেষজ্ঞ পরামর্শক কমিটির পঞ্চম ও ষষ্ঠ সভার সুপারিশের আলোকে স্টেন্টের দাম পুনর্নির্ধারণ করা হয়। এরপর গত ১৩ মে অনুষ্ঠিত কমিটির সপ্তম সভায় মূল্য সংক্রান্ত আপত্তি ও আবেদনগুলো পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।

চিঠিতে হাসপাতালগুলোর জন্য চারটি জরুরি নির্দেশনা দেয়া হয়েছে। এগুলো হলো- হার্টের রিংয়ের নতুন মূল্য তালিকা সংশ্লিষ্ট সকল হাসপাতালের নোটিশ বোর্ডে সর্বসাধারণের অবগতির জন্য প্রদর্শন করতে হবে। রিংয়ের সর্বোচ্চ খুচরা মূল্য বা এমআরপি অনুসরণ করে ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে হবে এবং এটিকে কোনোভাবেই চিকিৎসা প্যাকেজে অন্তর্ভুক্ত করা যাবে না।

দামের বিষয়ে চিঠিতে জানানো হয়েছে, আমদানিকারকরা বিভিন্ন মডেলের হার্টের রিংয়ের দাম সর্বনিম্ন ১ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৪৭ হাজার ৮০০ টাকা পর্যন্ত কমানো হয়েছে। সিলিন কাভার্ড স্টেন্ট বা রিংয়ে দাম ১ লাখ ৯ হাজার ৮০০ টাকা থেকে কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৬২ হাজার টাকা। এছাড়া ম্যাগমা র‍্যাপামাইসিন রিংয়ের দাম ৩৭ হাজার থেকে কমিয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৬ হাজার পিস ইয়াবার চালানসহ ‘গডফাদার’ বাবু আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


১৬ হাজার পিস ইয়াবার চালানসহ ‘গডফাদার’ বাবু আটক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদক কারবারি মো. বাবুল হোসেন ওরফে বাবুকে (৪৫) আটক করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পক্ষ থেকে।

ডিএনসি বলছে, তিনি টেকনাফ থেকে ইয়াবা এনে ঢাকা হয়ে দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চলে সরবরাহের একটি বড় নেটওয়ার্ক পরিচালনা করতেন।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে যাত্রাবাড়ীর ধোলাইপাড় গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা একটি শপিং ব্যাগ থেকে স্কচটেপ ও টিস্যু দিয়ে মোড়ানো ১৬ হাজার পিস ইয়াবা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

ডিএনসি সূত্র জানায়, বাবুল হোসেন দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারিতে ছিলেন। তথ্য ছিল, তিনি ঢাকার কেরানীগঞ্জ থেকে যশোরগামী একটি বাসে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে যাচ্ছেন।

সেই তথ্যের ভিত্তিতে ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাক আহমেদের তত্ত্বাবধানে একটি দল যশোরগামী ‘লিটন ট্রাভেলস’ বাসে তল্লাশি চালায়। পরে সাধারণ যাত্রীর ছদ্মবেশে থাকা বাবুলকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল জানান, কেরানীগঞ্জের বাসিন্দা হলেও বর্তমানে তিনি যশোরে স্থায়ীভাবে বসবাস করেন। দীর্ঘদিন সেখানে অবস্থানের সুবাদে যশোর, খুলনা, রাজশাহী, রংপুর ও বরিশাল অঞ্চলের বিভিন্ন মাদক ব্যবসায়ীর সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে উঠেছে।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা এনে প্রথমে কেরানীগঞ্জে মজুদ করা হতো। এরপর বাসযোগে যশোরে নিয়ে গিয়ে সেখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলের পাইকারি মাদক কারবারিদের কাছে সরবরাহ করা হতো। অন্যান্য মহাসড়কে আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি থাকায় বিকল্প এই রুট ব্যবহার করছিল চক্রটি।

ডিএনসির ভাষ্য, আটক বাবুল এর আগেও একাধিক বড় চালান পাচার করেছে বলে স্বীকার করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তে পুরো নেটওয়ার্ক শনাক্তে তদন্ত চলছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ডিএনসি জানিয়েছে, ইয়াবাসহ সব ধরনের মাদকের বিস্তার রোধে রাজধানীসহ সারা দেশে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরো জোরদার করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%