প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নোয়াখালীর চাটখিলে নিখোঁজ থাকা মোহাম্মদ রাসেল (২৮) নামের এক শ্রমিক দল নেতার মাটিচাপা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ৮ নম্বর নোয়াখলা ইউনিয়নের সানখালী গ্রামের রেহান উদ্দিন হাজীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত মোহাম্মদ রাসেল সিংবাহুড়া গ্রামের জমাদ্দারবাড়ির সিরাজুল ইসলামের পুত্র ছিলেন। তিনি ৮ নম্বর নোয়াখলা ইউনিয়নের শ্রমিক দলের নেতা হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাসেলের স্ত্রী মুক্তা বেগমের সঙ্গে তার দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। ৬ নভেম্বর রাতে মুক্তা বেগম ফোন করে রাসেলকে তার বাবার বাড়িতে ডেকে নেন। এরপর থেকেই রাসেল নিখোঁজ হয়ে যান। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
এ ঘটনায় গত ৭ নভেম্বর রাসেলের বাবা সিরাজুল ইসলাম চাটখিল থানায় একটি জিডি করেন। স্থানীয়দের মতে, রাসেল নিখোঁজ হওয়ার পর তার স্ত্রী মুক্তা বেগম ও শ্বশুরবাড়ির সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যান।
বৃহস্পতিবার গভীর রাতে চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফের নেতৃত্বে পুলিশের একটি দল এবং চাটখিল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানাসহ স্থানীয় কয়েকজন রাসেলের শ্বশুরবাড়িতে যান। এ সময় বাড়ির একটি পরিত্যক্ত ও ভাঙা ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হলে তাদের সন্দেহ হয়। পরে ঘরটিতে তল্লাশি চালিয়ে মাটিচাপা অবস্থায় রাসেলের লাশ দেখতে পান তারা। লাশটি পুরোনো লেপ-তোশক দিয়ে ঢাকা ছিল।
রাসেলের বাবা সিরাজুল ইসলাম বলেন, "তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।" তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
স্থানীয়দের ধারণা, পারিবারিক বিরোধের কারণে রাসেলকে হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশ্যে ঘরেই মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল। ঘটনার পর থেকে তার শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফ জানান, জিডি সূত্র ধরে রাত আনুমানিক ২টার দিকে রাসেলের শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘর থেকে মাটিচাপা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে আজ সকালে ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন