০৮:২৯ এম
নকআউট পর্বে একটি ছোট ভুলও টুর্নামেন্ট থেকে ছিটকে দিতে পারে—এটি ভালোভাবে জানেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তাই জাপানের বিপক্ষে শেষ ষোলোর হাইভোল্টেজ লড়াইয়ের আগে তিনি কোনো ধরনের আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন সেলেসাও বস। বিশেষ করে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াতে পারে কিংবা পেনাল্টি শুটআউটের মতো কঠিন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নিজের দলকে শতভাগ প্রস্তুত রেখেছেন আনচেলত্তি।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি সতর্কবার্তা উচ্চারণ করে বলেছেন, ‘নকআউট পর্বে যেকোনো কিছুই ঘটতে পারে। তাই সম্ভাব্য সব পরিস্থিতি মাথায় রেখেই প্রস্তুতি নিয়েছে ব্রাজিল। অতিরিক্ত সময়, পেনাল্টি— সবকিছুর জন্য আমরা প্রস্তুত।
এ ধরনের ম্যাচে সবসময় পায়ের পাশাপাশি মস্তিষ্কও সমানভাবে কাজ করতে হবে। কারণ এটি এক লেগের ম্যাচ; তাই হেরে গেলে আর ফিরে আসার সুযোগ নেই।’
আরও পড়ুন: মাদকচক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা
তবে দলের প্রতি আস্থা রেখে তিনি বলেন, ‘আমার খেলোয়াড়রা যথেষ্ট বুদ্ধিমান এবং তারা জানে এই চাপ কীভাবে সামলাতে হয়।’
হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ম্যাচের আগের শেষ অনুশীলনে পুরো স্কোয়াডকে একসঙ্গে পেয়েছেন আনচেলত্তি। তবে শুরুর একাদশের বিষয়ে সংবাদ সম্মেলনে কোনো স্পষ্ট ইঙ্গিত দেননি তিনি। স্কটল্যান্ডের বিরুদ্ধে জয় পাওয়া দলই জাপানের বিপক্ষে মাঠে নামতে পারে—এমন গুঞ্জন ফুটবলপাড়ায় রয়েছে, তবে বিষয়টি রহস্যই রেখে দিয়েছেন ব্রাজিল কোচ।
এ প্রসঙ্গে কিছুটা রসিকতার সুরে তিনি বলেন, ‘আমি একাদশ ফাঁস করে আপনাদের কাজ সহজ করতে চাইছি না। তবে যারা খেলবে, তারা আগেই বিষয়টি জেনে গেছে। তাই খেলোয়াড়রা হয়তো কোচের চেয়ে অনেক নিশ্চিন্তে ঘুমাতে পেরেছে।’
ব্রাজিল সমর্থকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক খবর হলো দলের পোস্টার বয় নেইমার জুনিয়রকে নিয়ে। স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে অল্প সময় মাঠে নামা এই তারকাকে জাপানের বিপক্ষে আরও বেশি সময় খেলতে দেখা যেতে পারে।
আরও পড়ুন: বাকৃবির শাহজালাল হলে ‘শাহী ক্রিকেট টুর্নামেন্ট ২.০’-এর উদ্বোধন
নেইমারের শারীরিক অবস্থা নিয়ে আনচেলত্তি বলেন, ‘নেইমার খুব দ্রুত উন্নতি করছে। গত সপ্তাহের তুলনায় সে এখন অনেক ভালো অবস্থায় রয়েছে। আজ সে নিশ্চিতভাবেই ১৫ মিনিটের বেশি খেলার জন্য প্রস্তুত। তবে কখন তাকে মাঠে নামানো হবে, সেটি ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করবে।’
কাগজে-কলমে ব্রাজিল এগিয়ে থাকলেও সাম্প্রতিক স্মৃতি জাপানের বিপক্ষে মোটেও সুখকর নয় সেলেসাওদের। সর্বশেষ গত বছরের অক্টোবরে একটি প্রীতি ম্যাচে দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। গোলরক্ষক ও রক্ষণভাগের একাধিক দৃষ্টিকটু ভুলের কারণে মূলত সেই ম্যাচে জয় হাতছাড়া হয়েছিল ব্রাজিলের।
এবার সেই হতাশার স্মৃতি ভুলে, অতীতের শিক্ষা নিয়ে নকআউট পর্বে দাপুটে জয় দিয়েই কোয়ার্টার ফাইনালের টিকিট কাটতে চায় কার্লো আনচেলত্তির শিষ্যরা।
আরও পড়ুন: আশুলিয়ায় শ্রম আন্দোলনের নামে হামলায় শ্রমিক মো. সেলিম গুরুতর আহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন