প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের সবচেয়ে ধনী পরিবারের একজন পুরুষের কর্মক্ষম বয়সে মারা যাওয়ার ঝুঁকি সবচেয়ে দরিদ্র পরিবারের পুরুষের তুলনায় ৬২ শতাংশ কম। নারীদের ক্ষেত্রেও এই ব্যবধান প্রায় একই রকম প্রকট; ধনী পরিবারের নারীদের মৃত্যুর ঝুঁকি দরিদ্র পরিবারের নারীদের তুলনায় ৪২ শতাংশ কম।
গত দুই দশক ধরে ভারতে প্রাপ্তবয়স্কদের মৃত্যুহার পর্যবেক্ষণ করে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, ১৫ থেকে ৫৯ বছর বয়সীদের বেঁচে থাকার ক্ষেত্রে জাতি বা ধর্মের চেয়ে পরিবারের অর্থনৈতিক সচ্ছলতাই প্রধান নিয়ামক হিসেবে কাজ করে। গবেষণায় আরও উঠে এসেছে, তফসিলি জাতিভুক্ত (এসসি) নারীদের অকালমৃত্যুর ঝুঁকি এখনো বেশি, অন্যদিকে উচ্চবর্ণের হিন্দু পুরুষদের তুলনায় মুসলিম পুরুষদের মৃত্যুর ঝুঁকি কম।
‘ডেমোগ্রাফিক রিসার্চ’ নামক আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত এই গবেষণাটি যৌথভাবে পরিচালনা করেছেন জার্মানির ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট ফর ডেমোগ্রাফিক রিসার্চের গবেষক মোরাধ্বজ ধাকড় এবং মুম্বাইয়ের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর পপুলেশন সায়েন্সেসের (আইআইপিএস) নন্দিতা সাইকিয়া। তাঁরা ভারতের জাতীয় পারিবারিক স্বাস্থ্য জরিপের (এনএফএইচএস) তিনটি পর্বের (১৯৯৮-৯৯, ২০১৫-১৬ এবং ২০১৯-২১) তথ্য বিশ্লেষণ করে মৃত্যুহারের এই চিত্র তুলে ধরেছেন।
তথ্য অনুযায়ী, ১৫-৫৯ বছর বয়সী প্রতি ১,০০০ জন পুরুষের মধ্যে সবচেয়ে দরিদ্র পরিবারগুলোতে মৃত্যুর আশঙ্কা ছিল ২৮০ জন, যেখানে ধনী পরিবারগুলোতে এই সংখ্যা মাত্র ১৫৮। নারীদের ক্ষেত্রে দরিদ্র পরিবারে প্রতি ১,০০০ জনে ১৫৭ জনের মৃত্যুর ঝুঁকি থাকলেও ধনী পরিবারে তা কমে দাঁড়িয়েছে ৮৭ জনে।
গবেষকরা জাতি, ধর্ম, গ্রাম বা শহরের অবস্থান এবং রাজ্যভিত্তিক পার্থক্যগুলো বিবেচনায় নিয়েও এই ব্যবধান বিশ্লেষণ করেছেন। এসব বিষয় সমন্বয় করার পরও দেখা গেছে, শীর্ষ ২০ শতাংশ ধনী পরিবারের পুরুষদের মৃত্যুর ঝুঁকি সর্বনিম্ন ২০ শতাংশ দরিদ্র পরিবারের পুরুষদের তুলনায় ৬২ শতাংশ কম। আর নারীদের ক্ষেত্রে এই ঝুঁকি ৪২ শতাংশ কম।
জাতপাতের পার্থক্য ও মুসলিম পুরুষদের কম মৃত্যুহার
গবেষণায় দেখা গেছে, তফসিলি জাতি (এসসি) এবং তফসিলি উপজাতি (এসটি) পুরুষদের মধ্যে উচ্চ মৃত্যুহারের পেছনে মূলত তাদের অর্থনৈতিক দুরবস্থা ও ভৌগোলিক অবস্থান দায়ী।
২০১৯-২১ সালের জরিপ অনুযায়ী, প্রতি ১,০০০ জনে এসসি পুরুষদের মৃত্যুর আশঙ্কা ছিল ২৫৬ এবং এসটি পুরুষদের ২৫৪। বিপরীতে উচ্চবর্ণের হিন্দু পুরুষদের ক্ষেত্রে এই হার ছিল প্রতি হাজারে ১৯৭ জন। অর্থনৈতিক অবস্থা ও ভৌগোলিক অবস্থান বিবেচনায় নেওয়ার পরও উচ্চবর্ণের হিন্দু নারীদের তুলনায় এসসি নারীদের প্রাপ্তবয়স্ক অবস্থায় মৃত্যুর ঝুঁকি ১৯ শতাংশ বেশি পাওয়া গেছে।
তবে জরিপের তিনটি পর্বেই একটি ব্যতিক্রমী চিত্র দেখা গেছে—উচ্চবর্ণের হিন্দু পুরুষদের তুলনায় মুসলিম পুরুষদের প্রাপ্তবয়স্ক অবস্থায় মৃত্যুর ঝুঁকি ধারাবাহিকভাবে কম। ২০১৯-২১ সালের তথ্যানুযায়ী, পারিবারিক সম্পদ, বাসস্থান এবং রাজ্যভিত্তিক পার্থক্যগুলো বিবেচনায় নেওয়ার পরও মুসলিম পুরুষদের মৃত্যুর ঝুঁকি উচ্চবর্ণের হিন্দু পুরুষদের চেয়ে ২১ শতাংশ কম ছিল। আগের জরিপগুলোতেও একই প্রবণতা দেখা গিয়েছিল।
এর পেছনে সম্ভাব্য কারণ হিসেবে গবেষকরা মুসলিম প্রাপ্তবয়স্কদের মধ্যে মদ্যপানের কম প্রবণতা এবং বেশ কয়েকটি রাজ্যে মুসলিম জনগোষ্ঠীর মধ্যে নগরায়ণের উচ্চ হারকে চিহ্নিত করেছেন। তাঁদের মতে, শহরাঞ্চলে বসবাসের হার বেশি হওয়ায় স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগও তাঁদের ক্ষেত্রে তুলনামূলক বেশি।
তবে মুসলিম নারীদের ক্ষেত্রে এই বাড়তি সুবিধা দেখা যায়নি। সর্বশেষ জরিপ অনুযায়ী, অর্থনৈতিক ও ভৌগোলিক বিষয়গুলো সমন্বয় করার পর মুসলিম নারীদের মৃত্যুঝুঁকির সাথে উচ্চবর্ণের হিন্দু নারীদের মৃত্যুঝুঁকির তেমন কোনো উল্লেখযোগ্য পার্থক্য পাওয়া যায়নি।
নারীদের মৃত্যুহার কমার গতি বেশি
গবেষণায় আরও উঠে এসেছে যে, গত দুই দশকে পুরুষদের তুলনায় নারীদের মৃত্যুহার অনেক দ্রুতগতিতে কমেছে।
১৫ থেকে ৫৯ বছর বয়সী নারীদের মৃত্যুর আশঙ্কা ১৯৯৮-৯৯ সালে প্রতি ১,০০০ জনে ২০৮ থেকে কমে ২০১৯-২১ সালে ১২৫-এ দাঁড়িয়েছে, অর্থাৎ মৃত্যুহার কমেছে প্রায় ৪০ শতাংশ। অন্যদিকে, একই সময়ে পুরুষদের মৃত্যুহার প্রতি হাজারে ২৬৮ থেকে কমে ২২১-এ নেমেছে, যা মাত্র ১৭ শতাংশ হ্রাস নির্দেশ করে।
উল্টো ২০১৫-১৬ এবং ২০১৯-২১ জরিপের মধ্যবর্তী সময়ে প্রাপ্তবয়স্ক পুরুষদের মৃত্যুহার প্রতি হাজারে ২০৯ থেকে বেড়ে ২২১-এ দাঁড়িয়েছে। গবেষকরা এর পেছনে মূলত কোভিড-১৯ মহামারির সময় পুরুষদের অধিক মৃত্যু এবং পেশাগত ঝুঁকিকে দায়ী করেছেন।
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, “অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচন সব সামাজিক গোষ্ঠীর প্রাপ্ত বয়স্কদের মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে পারে। নির্দিষ্ট সামাজিক গোষ্ঠীকেন্দ্রিক বিশেষ উদ্যোগ নেওয়া জরুরি হলেও, এর সর্বোচ্চ সুফল পেতে হলে বৃহত্তর অর্থনৈতিক ও স্বাস্থ্যনীতিগুলোর সাথে তা সমন্বয় করতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন