প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জুলাই গণঅভ্যুত্থানের ফলে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে দুর্নীতির মামলাগুলোর মোকাবিলা করবেন বলে আশা প্রকাশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দেশে ফিরলে তাকে গ্রেপ্তার ও বিচারের জন্য আদালতের কাছে আবেদন করবে সংস্থাটি। যদি তিনি স্বেচ্ছায় দেশে না ফেরেন, তবে তাকে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে।
মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান দুদক সচিব সাইদুর রহমান খান।
তিনি বলেন, ‘আমরা যেহেতু আইনি প্রক্রিয়ার ভেতরে আছি, তিনি আইনিভাবে মোকাবিলা করবেন, এটা আমরা প্রত্যাশা করি। আমরা আশা করব, তিনি ফিরে এসে আমাদের মামলাগুলো মোকাবিলা করবেন। যদি তিনি আইনি মোকাবিলায় না আসেন, তাহলে আইনগতভাবে তাকে আনার যে উদ্যোগ, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যে প্রক্রিয়া অবলম্বন করা দরকার, সেই প্রক্রিয়া অবলম্বন করব।’
ইন্টারপোলের সহায়তা নেওয়ার বিষয়ে দুদক সচিব উল্লেখ করেন, শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি, তাকে গ্রেপ্তার ও দেশে ফিরিয়ে আনার জন্য ইন্টারপোলের সহায়তা প্রয়োজন হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যেতে হবে। এই প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণসহ আদালতের কাছে আবেদন করা হবে। আদালত আইনি প্রক্রিয়া অনুসরণ করে গ্রেপ্তারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
দুদক সূত্রে জানা যায়, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মোট ২৪টি মামলা রয়েছে। এর মধ্যে ১৭টি মামলার তদন্ত চলছে এবং সাতটিতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা ছয়টি মামলার রায় ইতোমধ্যে হয়েছে। এসব মামলায় ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দ, অবৈধ সম্পদ অর্জন, অর্থ আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন