ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

টাইগার পেসারদের তোপে ৮ উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া


টাইগার পেসারদের তোপে ৮ উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া

ডারউইন টেস্টে বাংলাদেশের পেসারদের আক্রমণের মুখে বিপদে পড়েছে অস্ট্রেলিয়া। ঘাসের পিচে অজি ব্যাটারদের কোনো পাত্তাই দিচ্ছে না টাইগার পেসাররা। এর ফলে স্বাগতিকরা ১৭৬ রানে ৮ উইকেট হারিয়েছে।

মধ্যাহ্ন বিরতির পর স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারি কিছুটা স্বস্তি এনে দিলেও, সেই জুটি ভেঙে আবারও অস্ট্রেলিয়াকে চাপে ফেলেছে টাইগাররা। ইনিংসের ৩৭তম ওভারের প্রথম বলে ক্যারিকে ফিরিয়ে দেন এবাদত হোসেন। অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা বলে পাঞ্চ করতে গিয়ে ব্যাটের ভেতরের কানায় বল লাগিয়ে স্টাম্পে আঘাত করেন ক্যারি। ১৯ রান করা এই ব্যাটারের বিদায়ে ৫৫ রানের জুটি ভাঙে।

এরপর বো ওয়েবস্টারও থিতু হতে পারেননি। তাসকিন আহমেদের করা ৩৯তম ওভারের তৃতীয় বলে সরাসরি বোল্ড হন তিনি। ১০ বলে ১২ রান করেন ওয়েবস্টার। ৩৯ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ১৫৪ রান, যেখানে তাদের ৬ উইকেট হারানো হয়। এরপর তৃতীয় আঘাত হানেন হাসান মাহমুদ। অস্ট্রেলিয়া হারায় সপ্তম উইকেট।

আরও পড়ুন: মাদকচক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা

এরপর অস্ট্রেলিয়ার ১৭৬ রানের মাথায় হাসান মিশেল স্টার্ককে ফিরিয়ে দেন। ফলে অজিরা ৮ উইকেট হারিয়ে বিপদে পড়ে।

এর আগে, নতুন বল হাতে দুর্দান্ত শুরু করেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। বিশেষ করে হাসানের সুইং ও বাউন্সে শুরু থেকেই অস্বস্তিতে ছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটাররা। ১২তম ওভারে জেক ওয়েদারাল্ডকে ফিরিয়ে প্রথম সাফল্য এনে দেন হাসান। ২৩ রানে তিনি ফিরে যান।

দুই ওভার পর আরেক ওপেনার ট্রাভিস হেডকেও বোল্ড করেন হাসান। ২২ রান করে সাজঘরের পথে হেড। এরপর মার্নাস লাবুশেনকে ফিরিয়ে প্রথম উইকেটের দেখা পান এবাদত। মাত্র ১ রান করে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দেন লাবুশেন।

এই সময়ে স্টিভেন স্মিথ জীবন পেয়েছিলেন। এবাদতের বলেই তৃতীয় স্লিপে তাঁর ক্যাচ নিতে পারেননি তানজিদ হাসান তামিম।

আরও পড়ুন: বাকৃবির শাহজালাল হলে ‘শাহী ক্রিকেট টুর্নামেন্ট ২.০’-এর উদ্বোধন

অস্ট্রেলিয়ার বিপদ আরও বাড়ে ক্যামেরন গ্রিনের বিদায়ে। তাসকিনের ওভারের শুরুতে ছক্কা হাঁকানোর পর, একই ওভারের শেষ বলে শর্ট মিডউইকেটে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দেন গ্রিন। তিনি ১৩ বলে ১৩ রান করেন।

মধ্যাহ্ন বিরতির আগে অস্ট্রেলিয়া ৪ উইকেটে ৭৪ রান নিয়ে গিয়েছিল। বিরতির পর স্মিথ-ক্যারির জুটিতে স্বাগতিকরা কিছুটা ঘুরে দাঁড়ালেও, বাংলাদেশের পেসাররা দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে ফিরিয়ে নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যে জেলা মামলা নিষ্পত্তির হার কমাতে পারবে তাদের পুরস্কৃত করা হবে: আইনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

১১:৩৯ এম


যে জেলা মামলা নিষ্পত্তির হার কমাতে পারবে তাদের পুরস্কৃত করা হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বর্তমান সরকার আইনের শাসন ও ন‍্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়। ১৬টি জেলায় ই-বেইলবন্ড সিস্টেম ছিল, আজ আরও ১২টিতে এটি চালু হলো। যে জেলা মামলা নিষ্পত্তির হার কমাতে পারবে, তাদের পুরস্কৃত করা হবে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয় থেকে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ বিচারিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং এ সম্পর্কে এসব কথা বলেন।

আইনমন্ত্রী আরও বলেন, আগে বেইল পাওয়ার জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হতো। এখন এক ক্লিকেই একজন বেইল পেয়ে যাচ্ছেন। আজ আরও ১২টি জেলায় এটি চালু হলো। এর ফলে মামলায় মানুষের হয়রানি কমবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

১১:৪২ এম


রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করার উদ্দেশ্যে এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত করার জন্য হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এই রিটটি দায়ের করেন। জানা যায়, আগামী রোববার এই রিটের ওপর শুনানির ব্যবস্থা করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার, সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট সকলকে রিটে বিবাদী করা হয়েছে।

গত ৬ আগস্ট নির্বাচন কমিশন (ইসি) রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ঘোষিত তফসিল অনুসারে, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের তারিখ ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। মনোনয়নপত্র বাছাই করা হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারিত হয়েছে ১৮ আগস্ট। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাড়ি নিয়ে প্রতারণা: আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন তানজিন তিশা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

১১:৪৬ এম


শাড়ি নিয়ে প্রতারণা: আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন তানজিন তিশা

প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত তানজিন তিশাকে জামিন দেন। এর আগে, গত ১২ জুলাই আদালত তাকে হাজির হওয়ার নির্দেশ দেন।

এর আগে, ২০২৫ সালের ৫ নভেম্বর ‘অ্যাপোনিয়ার ফ্যাশন’ প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম ঢাকার আদালতে তানজিন তিশার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, তানজিন তিশা প্রতিষ্ঠানটি থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন। শাড়িটির প্রচারণা করবেন এবং তার মূল্য পরিশোধ করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। কিন্তু পরে শাড়িটির মূল্য পরিশোধ না করে তিনি যোগাযোগ বন্ধ করে দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় দায়ের করা মামলার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। পরে ডিবির দেওয়া তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে আদালত তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করে এবং তাকে হাজির হওয়ার নির্দেশ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনলাইন সনদে এনআইডির জন্মতারিখ সংশোধন মাঠপর্যায়েই, ইসির নতুন নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

১১:৪৮ এম


অনলাইন সনদে এনআইডির জন্মতারিখ সংশোধন মাঠপর্যায়েই, ইসির নতুন নির্দেশনা

অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদের বিপরীতে জন্ম তারিখ সংশোধনের আবেদনের বিষয়টি এখন থেকে মাঠপর্যায়ের কর্মকর্তারাই নিষ্পত্তি করবেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত একটি পরিপত্রের মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

পরিপত্র থেকে জানা যায়, অনলাইনে যাচাইযোগ্য জেএসসি, মাধ্যমিক বা সমমানের শিক্ষা সনদের ভিত্তিতে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্মতারিখ সংশোধনের আবেদন এখন থেকে মাঠপর্যায়েই নিষ্পত্তি করা যাবে। মাঠপর্যায়ের সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসার, সিনিয়র জেলা বা জেলা নির্বাচন অফিসার এবং এনআইডি উইংয়ের সহকারী পরিচালক, উপ-পরিচালক ও পরিচালক এই 'ক' ক্যাটাগরিভুক্ত আবেদনের নিষ্পত্তি করতে পারবেন।

পরিপত্রে আরও উল্লেখ করা হয়, শিক্ষা সনদের পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য তথ্য ও দলিলাদি গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) মেনে চলতে হবে। একইসাথে, এনআইডির আবেদন ইলেকট্রনিক পদ্ধতিতে অনুমোদন কিংবা বাতিলের সময় সেন্ট্রাল ম্যানেজমেন্ট সিস্টেমে (সিএমএস) আবশ্যিকভাবে কারণ বা নোট উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে।

মাঠপর্যায়ের কর্মকর্তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করতে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে এই পরিপত্রে। এতে বলা হয়, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা তাদের অধীন কর্মকর্তাদের সম্পন্ন করা কাজ নিয়মিত তদারকি করবেন। দ্বৈবচয়নের ভিত্তিতে প্রতি মাসে প্রত্যেক নিষ্পত্তিকারী কর্মকর্তার অন্তত তিনটি আবেদন সঠিকভাবে নিষ্পত্তি হয়েছে কিনা তা পরীক্ষা করতে হবে। পরে একটি নির্দিষ্ট ছকে প্রতিবেদন প্রস্তুত করে পরিচালক (অপারেশন্স)-এর অভ্যন্তরীণ অ্যাকাউন্টে তা পাঠাতে হবে।

পরিপত্রে কিছু ক্ষেত্রে উচ্চপর্যায়ের অনুমোদনের বাধ্যবাধকতার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ অনুযায়ী জন্মতারিখ সংশোধনের আবেদন এবং জন্ম তারিখের সঙ্গে নিজ নাম ও বাবা-মায়ের নামের সম্পূর্ণ পরিবর্তন সংক্রান্ত আবেদনগুলো কেবল মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তি করা হবে।

এছাড়া, কোনো নাগরিকের জন্মতারিখ, নিজ নাম ও বাবা-মায়ের নামের সম্পূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে একই ফিল্ডে দ্বিতীয়বার আর সংশোধন করা যাবে না বলে পরিপত্রে কঠোর বার্তা দেওয়া হয়েছে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে সংশ্লিষ্ট সবাইকে এই নির্দেশনাবলী অনুসরণের মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%