প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, সামরিকীকরণসহ বিভিন্ন ইস্যুতে সরকারের বিরুদ্ধে চাপ সৃষ্টির লক্ষ্যে শুক্রবার ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন বিক্ষোভকারীরা। তারা অভিন্ন দাবিতে একত্রিত হয়ে একই সময়ে সমন্বিত বিক্ষোভ কর্মসূচি আয়োজনের পরিকল্পনা করেছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইউরোপের কয়েকটি দেশে চলমান বিক্ষোভের ধারাবাহিকতায় ফ্রান্স, যুক্তরাজ্য, বেলজিয়াম, স্পেন, ইতালি, পর্তুগাল ও গ্রিসের শ্রমিক সংগঠন এবং আন্দোলনকর্মীরা শুক্রবার ও আগামী সপ্তাহান্তে একযোগে সমাবেশের ডাক দিয়েছেন।
বিভিন্ন দেশের বিক্ষোভের কারণ ও দাবি ভিন্ন হলেও লাখ লাখ মানুষকে রাজপথে নামাতে সক্ষম এমন কিছু অভিন্ন সমস্যা বিদ্যমান। এর মধ্যে রয়েছে বাড়িভাড়া ও আবাসন ব্যয়ের অস্বাভাবিক বৃদ্ধি, শিক্ষার পরিবেশের অবনতি, দীর্ঘদিন ধরে মজুরি স্থিতিশীল থাকা এবং সামরিক খাতে ব্যয় বৃদ্ধি।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পাঁচ বছর পূর্তির কাছাকাছি সময়ে এবং স্পেন, ফ্রান্স, ইতালি ও গ্রিসে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।
তরুণদের নেতৃত্বাধীন একটি জোট জানিয়েছে, ২৫টির বেশি দেশের তরুণেরা এসব বিক্ষোভে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ট্রুরো শহরে বিক্ষোভে অংশ নেওয়ার পরিকল্পনা করা ১৭ বছর বয়সী শিক্ষার্থী জেনর টিনডেল-বিস্কো বলেন, ‘সারা দেশে তরুণদের মতামত তুলে ধরার এবং নিজেদের ভবিষ্যতের জন্য ব্যবস্থাগত ও তাৎক্ষণিক পরিবর্তনের প্রয়োজনীয়তা জানানোর ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়োজন।’
তিনি আরও বলেন, ‘তরুণদের কণ্ঠস্বরের শক্তি এবং প্রাপ্তবয়স্কদের নেতৃত্বাধীন সমাজে এর প্রভাবের বিষয়ে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
তিনি ফ্রান্সের তরুণদের চলমান আন্দোলনের কথাও উল্লেখ করেন।
‘ব্যবস্থার আমূল পরিবর্তন চাই’
তরুণদের নেতৃত্বাধীন জোট বর্তমান সমাজব্যবস্থার ‘আমূল পরিবর্তনের’ আহ্বান জানিয়েছে। তারা সামরিকীকরণ ও সামাজিক অবিচারের বিরুদ্ধে তরুণদের আন্দোলনে যোগ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে।
৫০টির বেশি তরুণ ও শিক্ষার্থী সংগঠনের সমন্বয়ে গঠিত জোটটির স্লোগান, ‘তাদের যুদ্ধের জন্য নয়, নিজেদের ভবিষ্যতের জন্য লড়াই করো!’
আন্দোলনের আয়োজকদের মধ্যে রয়েছে ফ্রান্সের ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনও। ২০১৮ ও ২০১৯ সালে রাজপথের বিক্ষোভের মাধ্যমে প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সরকারকে চাপে ফেলেছিল এই আন্দোলন।
শ্রমিক সংগঠন ও আবাসন অধিকারকর্মীরা ছয়টি প্রধান দাবি সামনে এনেছেন। এর মধ্যে রয়েছে সবার জন্য আবাসনের অধিকার নিশ্চিত করা, ধনীদের ওপর কর বাড়ানো এবং সামরিক অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম বৃদ্ধির নীতি বন্ধ করা।
রাশিয়ার হুমকি মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যখন সামরিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে, তখন বিক্ষোভের আয়োজকেরা বলছেন, সামরিক খাতে ব্যয়ের জন্য বরাদ্দ অর্থ শিক্ষা, তরুণদের কল্যাণমূলক কর্মসূচি ও আবাসন খাতে ব্যয় করা উচিত।
জার্মানিতে সামরিক বাধ্যতামূলক নিয়োগব্যবস্থা আবার চালু হতে পারে—এমন আশঙ্কায় অনেক তরুণ এই বিক্ষোভে যোগ দিচ্ছেন।
জার্মানির শিক্ষার্থী বিক্ষোভকারী হানেস ক্র্যামার বলেন, ‘সামরিক বাহিনী ও সামরিক অবকাঠামো গড়ে তুলতে যখন প্রায় সীমাহীন অর্থ ব্যয় করা হচ্ছে, তখন কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা ভেঙে ফেলা হচ্ছে।’
‘পরিবর্তনের ডাক’
আয়োজকদের দাবি, পর্তুগাল, ক্রোয়েশিয়া ও সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশে শত শত বিক্ষোভ ও ধর্মঘটের কর্মসূচি পালিত হতে পারে। তবে এসব কর্মসূচিতে মোট কত মানুষ অংশ নেবেন, তা এখনই নিশ্চিত করে বলা কঠিন।
ফ্রান্সে এবারের বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে ইয়েলো ভেস্ট আন্দোলনের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। জ্বালানির ওপর কর বাড়ানোর প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন পরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে রূপ নেয়।
ইতালিতে পরিবহন, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের কার্যক্রমে প্রভাব ফেলতে পারে এমন একটি দেশব্যাপী ধর্মঘটের সঙ্গে একই সময়ে বিক্ষোভ অনুষ্ঠিত হবে। দেশটির শ্রমিক সংগঠন সিজিআইএল এই আন্দোলনকে ‘দেশের পরিবর্তনের ডাক’ হিসেবে অভিহিত করেছে।
স্পেনে স্বৈরশাসক ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর মৃত্যুর বার্ষিকীর দিনে বিক্ষোভ অনুষ্ঠিত হবে। সেখানে দুপুরে তরুণদের বিক্ষোভ এবং সন্ধ্যায় ফ্যাসিবাদবিরোধী সমাবেশের পরিকল্পনা রয়েছে।
জার্মানিতে ‘জেনজি রেগেল্ট’ নামের একটি সংগঠন জানিয়েছে, শুধু বার্লিনেই তাদের বিক্ষোভে ১৫ হাজার মানুষ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এ ছাড়া দেশটির আরও কয়েক ডজন শহরে কর্মসূচি পালিত হবে।
গত সেপ্টেম্বরের মাঝামাঝি ফ্রান্সের শিক্ষার্থীরা উন্নত শিক্ষার পরিবেশের দাবিতে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রবেশপথ অবরোধ করে আন্দোলন শুরু করেন। ইউরোপের অন্যান্য দেশে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হওয়ার পেছনে এই কর্মসূচি অনুপ্রেরণা জুগিয়েছে।
পরবর্তী সময়ে শিক্ষার্থীদের এই আন্দোলন দেশজুড়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারি সেবার মানের অবনতি এবং পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে রূপ নেয়।
বিক্ষোভ চলাকালে পুলিশের ব্যবহৃত অস্ত্রের আঘাতে কয়েকজন তরুণ দৃষ্টিশক্তি হারিয়েছেন, কেউ কেউ হাত হারিয়েছেন। এ ছাড়া কাঁদানে গ্যাসের কারণে মারাত্মক শারীরিক সমস্যার শিকার হওয়ার অভিযোগ জানিয়েছেন হাজার হাজার বিক্ষোভকারী।
ফ্রান্সের এই আন্দোলন বেলজিয়াম, ইতালি ও স্পেনসহ অন্যান্য দেশে শিক্ষার্থীদের একই ধরনের কর্মসূচিতে উৎসাহিত করেছে। এসব দেশে ফরাসি শব্দ ‘ব্লকুস’, যার অর্থ অবরোধ, সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হ্যাশট্যাগে পরিণত হয়েছে।
ফরাসি ইতিহাসবিদ সিলভাঁ বুলুক বলেন, ‘আমরা একই সময়ে বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের আন্দোলন গড়ে উঠতে দেখছি।’
তিনি আরও বলেন, ‘প্রায় সব বিক্ষোভের মধ্যে যে বিষয়টি অভিন্ন, তা হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক কর্তৃপক্ষের প্রতি মানুষের অবিশ্বাস।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন