ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

ভিয়েনার জাদুঘর থেকে মিসরের রাজপরিবারের ৬০০ হীরা খচিত নেকলেস চুরি


ভিয়েনার জাদুঘর থেকে মিসরের রাজপরিবারের ৬০০ হীরা খচিত নেকলেস চুরি

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার একটি জাদুঘর থেকে ৬০০টির বেশি হীরা খচিত একটি মূল্যবান নেকলেস চুরি হয়েছে। চুরির ঘটনার সঙ্গে জড়িত দুই সন্দেহভাজনকে ধরার জন্য আন্তর্জাতিকভাবে তল্লাশি শুরু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে,

বৃহস্পতিবার (২৭ আগষ্ট) বিকেলে, দুই সন্দেহভাজন ভিয়েনা মিউজিয়াম অব অ্যাপ্লাইড আর্টসের একটি কাচের প্রদর্শনী কেস ভেঙে নেকলেসটি নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, প্ল্যাটিনাম ও হীরা দিয়ে তৈরি নেকলেসটির মূল্য ৪০ লাখ ডলারের বেশি।

আরও পড়ুন: ইরান কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না: পেজেশকিয়ান

চুরি হওয়া নেকলেসটি মিশরের সাবেক রাজপরিবারের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল। ১৯৩৯ সালে, মিশরের রাজপরিবারের সদস্য ফাওজিয়ার সঙ্গে ইরানের তৎকালীন যুবরাজ ও পরবর্তী সময়ে শাহ হওয়া মোহাম্মদ রেজা পাহলভীর বিয়েতে নেকলেসটি পরেছিলেন রানী নাজলি।

গহনা নির্মাতা প্রতিষ্ঠান ভ্যান ক্লিফ অ্যান্ড আর্পেলস নেকলেসটিকে ‘সাদা গহনার এক অনন্য নিদর্শন’ হিসেবে উল্লেখ করেছে। এতে ব্যবহৃত হীরাগুলোর মোট ওজন ২০০ ক্যারেটের বেশি। প্রায় এক দশক আগে নিলামে তোলার সময় নেকলেসটির আনুমানিক মূল্য ৩৬ লাখ থেকে ৪৬ লাখ ডলার ছিল।

নেকলেসটি বিখ্যাত গহনা নির্মাতা প্রতিষ্ঠান ভ্যান ক্লিফ অ্যান্ড আর্পেলসের ওপর আয়োজিত একটি প্রদর্শনীর অংশ হিসেবে প্রদর্শিত হচ্ছিল।

প্রদর্শনীটি সেপ্টেম্বর পর্যন্ত চলার কথা রয়েছে। চুরি হওয়া নেকলেসের সন্ধানে ভিয়েনা ও লোয়ার অস্ট্রিয়া প্রদেশে পুলিশের কুকুর ইউনিট মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: বগুড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অটোভ্যানে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা

ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে পাওয়া আলামত ও নিরাপত্তা ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করছেন। এদিকে, চুরির ঘটনার পর সাময়িকভাবে বন্ধ রাখা প্রদর্শনীটি আবার দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। ভিয়েনা পুলিশ নিরাপত্তা ক্যামেরায় ধারণ করা মুখোশবিহীন দুই সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে।

তাদের সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে পুলিশকে জানানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনদের একজনের কাছে আসল আগ্নেয়াস্ত্র ছিল বলে ধারণা করা হচ্ছে। নেকলেসটি চুরির পর তারা জাদুঘরের দক্ষিণে ভিয়েনা স্ট্যাডপার্কের দিকে পালিয়ে যায়। ইউরোপের বিভিন্ন জাদুঘর থেকে মূল্যবান প্রত্নবস্তু ও শিল্পকর্ম চুরির সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে এটি সর্বশেষ ঘটনা।

ভিয়েনা মিউজিয়াম অব অ্যাপ্লাইড আর্টসের মহাপরিচালক লিলি হোলিন বলেছেন, মূল্যবান একটি গহনা চুরির ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত।

আরও পড়ুন: রেললাইনে আগুন দেওয়ার সময় ছাত্রদল আটক করল ২ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে

এক বিবৃতিতে তিনি বলেন, ‘প্রদর্শনীর জন্য গহনা নির্মাতা প্রতিষ্ঠান ভ্যান ক্লিফ অ্যান্ড আর্পেলসের সঙ্গে যৌথভাবে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা করা হয়েছিল। প্রদর্শনীর নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছিল এবং সব ব্যবস্থা সতর্কতার সঙ্গে প্রস্তুত করা হয়েছিল।’

হোলিন বলেন, ‘চুরির সময় ঘটনাটি ছিল ‘সশস্ত্র’। তবে জাদুঘরের কর্মীরা শান্ত থেকে নির্ধারিত নিয়ম অনুযায়ী পরিস্থিতি মোকাবিলা করেন। এ ঘটনায় কেউ আহত হননি।’ তিনি আরো জানান, প্রদর্শনী শুরুর আগে জাদুঘরের নিরাপত্তা ব্যবস্থা বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়েছিল। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের বিভিন্ন বড় জাদুঘরে ঘটে যাওয়া চুরির ঘটনাগুলোও পর্যালোচনায় বিবেচনায় নেওয়া হয়েছিল।

এদিকে বৃহস্পতিবার স্পেনের একটি জাদুঘর থেকেও প্রাগৈতিহাসিক যুগের গুরুত্বপূর্ণ গহনা ও প্রত্নবস্তু চুরি হয়েছে। চলতি মাসের শুরুতে সিসিলির একটি জাদুঘর থেকে রেনেসাঁ যুগের চারটি চিত্রকর্ম চুরি হয়। এর আগে বছরের শুরুতে ইতালির পার্মার একটি জাদুঘর থেকে রেনোয়া, সেজান ও মাতিসের আঁকা তিনটি মূল্যবান চিত্রকর্ম চুরি করা হয়।

জাদুঘরগুলোতে ধারাবাহিক এসব চুরির ঘটনা ঘটছে গত বছরের অক্টোবরে প্যারিসের লুভর জাদুঘরে দিনের বেলায় চালানো এক দুঃসাহসিক ডাকাতির পর। ওই ঘটনায় মুখোশধারী একটি দল মূল্যবান রত্ন চুরি করে নিয়ে যায়। ইউরোপের বিভিন্ন জাদুঘরে একের পর এক চুরির ঘটনায় সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন: ইরান শান্তিহীন পরিস্থিতির অবসান চায়, যুদ্ধ আলোচনা চলছে

ইউরোপীয় ইউনিয়নের আইনশৃঙ্খলা বিষয়ক সংস্থা ইউরোপোল জানিয়েছে, জাদুঘরে চুরির ঘটনা দিন দিন আরো আগ্রাসী হয়ে উঠছে। এসব ঘটনায় সহিংসতা ও জোরপূর্বক প্রবেশের প্রবণতাও বাড়ছে। ইউরোপোলের মতে, এর সঙ্গে নতুন ধরনের অপরাধী চক্রের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হড়কাবানে নিশ্চিহ্ন চীনা সীমান্তবন্দর, ধ্বংসস্তূপে মিলছে না প্রাণের চিহ্ন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০২:১৪ পি.এম


হড়কাবানে নিশ্চিহ্ন চীনা সীমান্তবন্দর, ধ্বংসস্তূপে মিলছে না প্রাণের চিহ্ন

হড়কাবান এবং আসম্মিক পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যার ফলে চীনের গিরং সীমান্তবন্দর সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গেছে। রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে প্রাণের কোনো চিহ্ন পাওয়া যায়নি। বন্যার ঢেউয়ের ফলে ওই সীমান্তবর্তী স্থাপনাটি সম্পূর্ণরূপে প্লাবিত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শুক্রবার উদ্ধার অভিযান শুরু করতে চীনা উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন।

উদ্ধার কর্মকর্তাদের মতে, চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে, ঘটনাস্থলে ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে জীবিত কাউকে খুঁজে বের করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তবে তারা জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত সামান্যতম আশাও থাকবে, ততক্ষণ উদ্ধার অভিযান চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

উদ্ধারকারী দল শুক্রবার বিকালে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ৮০০ মিটারেরও বেশি উচ্চতায় অবস্থিত ওই স্থলবন্দরে পৌঁছায়। উদ্ধারকারী দলের প্রধান লিউ মাওলিন চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভিকে বলেছেন, কাদাধসের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকায় অধিকাংশ ভবন সম্পূর্ণরূপে ধসে গেছে। কোথায় ভবন ছিল, তার কোনো স্পষ্ট চিহ্ন এখন আর দেখা যাচ্ছে না।

তিনি আরও বলেন, পুরো এলাকা পুরু কাদামাটি ও ধ্বংসাবশেষে ঢেকে গেছে। কোথাও কোথাও কাদা ও ধ্বংসস্তূপের স্তর অত্যন্ত গভীর। সীমান্তবন্দরের অবকাঠামোও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

উদ্ধারকর্মীরা শুক্রবার পর্যন্ত কোনো জীবিত ব্যক্তির সন্ধান পাননি। তবে দলের প্রধান বলেছেন, অভিযান বন্ধ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লিউ মাওলিন বলেন, “যতক্ষণ সামান্যতম আশাও থাকবে, আমরা কখনো হাল ছাড়ব না।”

উদ্ধারকারীরা ভারী সরঞ্জাম নিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে সম্ভাব্য আটকে পড়া ব্যক্তিদের সন্ধান করছেন। দুর্গম ও প্রতিকূল পরিবেশের কারণে উদ্ধারকাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

চীনের জরুরি ব্যবস্থাপনা বিষয়ক রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, উদ্ধারকর্মীদের প্রত্যেককে ভারী ওজনের বেশ কিছু সরঞ্জাম বহন করতে হচ্ছে। অতিরিক্ত উচ্চতার কারণে শারীরিক ঝুঁকিও তাদের জন্য রয়েছে।

উচ্চতার কারণে কঠিন উদ্ধার অভিযান

সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ৮০০ মিটারের বেশি উচ্চতায় অবস্থান করায় সেখানে স্বাভাবিক কাজ করাও উদ্ধারকর্মীদের জন্য কঠিন হয়ে পড়েছে। অক্সিজেনের স্বল্পতা ও প্রতিকূল পরিবেশের কারণে সামান্য হাঁটাচলাতেও তাদের শরীরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, সেখানে সাধারণ কয়েক কদম হাঁটলেও বুকে চাপ অনুভূত হওয়া, শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও মাথাব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে।

এদিকে উদ্ধারকারীরা ভারী সরঞ্জাম নিয়ে কাদা ও ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। ধসে পড়া স্থাপনার নিচে কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত করতে তারা ধাপে ধাপে এলাকা পরিষ্কার করছেন।

অবকাঠামো প্রায় নিশ্চিহ্ন

উদ্ধারকারী দলের প্রধানের ভাষ্য অনুযায়ী, কাদাধসের প্রভাব এতটাই ভয়াবহ ছিল যে, ক্ষতিগ্রস্ত গিরং বন্দর এলাকার ভবনগুলোর অধিকাংশের কাঠামোগত অস্তিত্বই এখন আর বোঝা যাচ্ছে না।

পুরু কাদা ও ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে গেছে সীমান্তবন্দরের বিভিন্ন স্থাপনা। অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে উদ্ধারকাজের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করাও কঠিন হয়ে পড়েছে।

তবে উদ্ধারকারী দল সম্ভাব্য সব জায়গায় তল্লাশি চালিয়ে যাচ্ছে। ধ্বংসস্তূপের নিচে কেউ জীবিত অবস্থায় আটকে থাকার সম্ভাবনা ক্ষীণ হলেও সেই সম্ভাবনা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

চীনের সীমান্তবর্তী এই এলাকায় পাহাড়ি ঢলে আকস্মিক বন্যা ও কাদাধসের ভয়াবহতা নতুন করে সামনে এসেছে এই ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে। এখন উদ্ধারকারীদের প্রধান লক্ষ্য—ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের সন্ধান করা এবং নিখোঁজদের বিষয়ে যত দ্রুত সম্ভব তথ্য নিশ্চিত করা। সূত্র:

সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোস্টেল থেকে মেডিকেল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০২:১৯ পি.এম


হোস্টেল থেকে মেডিকেল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে একটি মেডিকেল কলেজের হোস্টেল থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি কলেজটির প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, মৃত শিক্ষার্থীর নাম অভিষেক কুমার (২০)। তিনি বিহারের সীতামারি এলাকার বাসিন্দা। দুর্গাপুরের কাঁকসার রাজবাঁধের মেডিকেল কলেজে প্রথম বর্ষে পড়াশোনা করতেন এবং কলেজের হোস্টেলেই থাকতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিষেকের সঙ্গে একই কক্ষে এক সহপাঠীও থাকতেন। ঘটনার সময় ওই সহপাঠী নমাজ পড়তে বাইরে গিয়েছিলেন। ফিরে এসে তিনি দেখতে পান, ঘরের দরজা বন্ধ। দীর্ঘ সময় ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তিনি কলেজ ও হোস্টেল কর্তৃপক্ষকে বিষয়টি জানান।

পরে দরজা ভেঙে ঘরে ঢুকে অভিষেককে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর অভিষেকের পরিবারের কাছে জানানো হয়েছে। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। ঘটনাস্থল থেকে কোনো চিরকুট পাওয়া যায়নি।

পুলিশ হোস্টেলের ওই কক্ষে তল্লাশি চালানোর পাশাপাশি অভিষেকের সহপাঠীদেরও জিজ্ঞাসাবাদ করছে। তিনি কোনো কারণে মানসিক চাপে ছিলেন কি না, কিংবা তার ওপর কোনো ধরনের চাপ ছিল কি না, সেসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।

দুর্গাপুরের মেডিকেল কলেজের সহকারী সাধারণ ব্যবস্থাপক শুভঙ্কর ভট্টাচার্য বলেন, হোস্টেলের একটি কক্ষে অভিষেক ও তার এক সহপাঠী থাকতেন। ঘটনার সময় ওই সহপাঠী নমাজ পড়তে গিয়েছিলেন। ফিরে এসে ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি।

তিনি আরও বলেন, সামনে পরীক্ষা থাকায় অভিষেক কোনো মানসিক চাপে ছিলেন কি না, সেটিও তদন্তের বিষয়। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

ঘটনাটি ঘিরে কলেজ ও হোস্টেলজুড়ে শোকের পরিবেশ তৈরি হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে ৪ হত্যা: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০২:২২ পি.এম


রংপুরে ৪ হত্যা: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে নির্মমভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত আসামিদের পক্ষে কোনো আইনি লড়াই করবেন না রংপুর আইনজীবী সমিতির কোনো সদস্য। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী পরিবারকে সব ধরনের আইনি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সংগঠনটি।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রংপুর জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত ঘোষণা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফতাব উদ্দিন।

সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট আফতাব উদ্দিন বলেন, শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পুরো পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়ার এই জঘন্য ও নির্মম ঘটনা অত্যন্ত নিকৃষ্টতম। এই নৃশংসতার তীব্র প্রতিবাদ জানিয়ে আইনজীবী সমিতি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে যে, কোনো আইনজীবী অভিযুক্ত আসামিদের পক্ষে আদালতে দাঁড়াবেন না। বরং ভুক্তভোগী পরিবারের পাশে থেকে ন্যায়বিচার নিশ্চিত করতে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে।

আইনজীবী সমিতির নেতারা জানান, সংবাদ সম্মেলনের আগেই তারা সরকারি আইনজীবী এবং রংপুর সিটি করপোরেশনের প্রশাসককে সঙ্গে নিয়ে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মামলার বর্তমান অগ্রগতি নিয়ে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জানান, চারজনের মরদেহ উদ্ধারের পর পুলিশ দ্রুততম সময়ে দুই আসামিকে আটক করে এবং লুণ্ঠিত অলঙ্কার উদ্ধার করতে সক্ষম হয়। অভিযুক্তরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

পুলিশের তদন্ত কার্যক্রম সঠিক পথেই এগোচ্ছে বলে মন্তব্য করে আইনজীবী সমিতি। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি নিয়ে কোনো ধরনের রাজনীতি, বিভ্রান্তিকর তথ্য বা গুজব না ছড়িয়ে সত্য তথ্য তুলে ধরার জন্য সাংবাদিকদের অনুরোধ জানানো হয়।

সংবাদ সম্মেলনে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, অ্যাডভোকেট সাহেদ কামাল ইবনে খতিব এবং অ্যাডভোকেট কাওছার আলীসহ আইনজীবী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
নেপাল ট্রাজেডি

টানেলে আটকা বহু মানুষ, কাদায় মুখ বন্ধ থাকায় দু’দিনেও উদ্ধার সম্ভব হয়নি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০২:২৩ পি.এম


টানেলে আটকা বহু মানুষ, কাদায় মুখ বন্ধ থাকায় দু’দিনেও উদ্ধার সম্ভব হয়নি

নেপালের ত্রিশূলী-৩ ‘এ’ জলবিদ্যুৎ প্রকল্পের টানেলের ভেতরে আকস্মিক বন্যার কারণে বহু মানুষ আটকা পড়ে আছেন। তাদের উদ্ধার করার জন্য অভিযানকে আরও জোরদার করা হয়েছে। তবে, টানা দু’দিন ধরে চলা উদ্ধার কার্যক্রমের পরেও এখনও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। শনিবার সকাল থেকে টানেলের প্রবেশপথ পরিষ্কার করার পাশাপাশি ভেতরে পৌঁছানোর কাজকে আরও ত্বরান্বিত করা হয়েছে।

মানুষ আটকে পড়ার খবর পাওয়ার পরপরই সরকার টানেলের প্রবেশপথ খুলে দেওয়ার পাশাপাশি কাদা ও ধ্বংসাবশেষ সরিয়ে উদ্ধার অভিযান এগিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে।

টানেলের প্রবেশপথ পরিষ্কার করার এবং অনুসন্ধান কার্যক্রম দ্রুত করার লক্ষ্যে সেনাবাহিনীর ৬২ জন সদস্য, সশস্ত্র পুলিশ বাহিনী ও নেপাল পুলিশের ২০ জন সদস্যসহ মোট ৮২ জনের একটি যৌথ উদ্ধারকারী দল শুক্রবার রাত থেকে সেখানে কাজ করে চলেছে। তবে, ওই এলাকায় প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়েছে। বৃষ্টি ও দুর্গম ভূপ্রকৃতির কারণে উদ্ধারকাজে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি হচ্ছে।

এদিকে, সহায়তার জন্য ভারতে থেকে আসা একটি উদ্ধারকারী দল ত্রিশূলীতে পৌঁছেছে। দলটি প্রয়োজন অনুযায়ী পরবর্তী উদ্ধার অভিযান শুরুর আগে হেলিকপ্টারে করে চিলিম ও লাংটাং এলাকায় প্রাথমিক আকাশপথে পর্যবেক্ষণ চালানোর পরিকল্পনা করেছে। সূত্র: নেপাল নিউজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%