প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গোপালগঞ্জকে অবরুদ্ধ করতে গিয়ে আওয়ামী লীগ নিজেদেরই অবরুদ্ধ করে ফেলেছে। বিএনপি করায় মুকসুদপুর রাজপাট গ্রামের চারটি হিন্দু বাড়ি শেষ হয়ে গেছে। গত দুই দিনে, অর্থাৎ সোমবার ও মঙ্গলবার, গোপালগঞ্জ, কাশিয়ানী ও মুকসুদপুরের বিভিন্ন স্থানে ছোটখাটো কিছু ঘটনা ছাড়া বড় কোনো ঘটনার খবর পাওয়া যায়নি, তবে চিকিৎসাসেবা, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক হতাশা দেখা গেছে।
গোপালগঞ্জের সাধারণ মানুষ বলছেন, "গোপালগঞ্জকে অবরুদ্ধ করতে গিয়ে আমরা নিজেরাই অবরুদ্ধ হয়ে পড়েছি।" আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন। জেলা সদরসহ টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, মুকসুদপুর ও ভাটিয়াপাড়া এলাকার প্রধান সড়কগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। এলাকার জানমাল রক্ষায় তারা মোটেও কার্পণ্য করছেন না। আলফাডাঙ্গার সংবাদকর্মী আবু বকর সিদ্দিক ইনকিলাবকে বলেন, "আইনশৃঙ্খলা বাহিনী যে এত ধৈর্য ধরতে পারে, তা গোপালগঞ্জের অবস্থা না দেখলে বুঝতাম না।"
দলের অভ্যন্তরীণ কোন্দল ও সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। কাশিয়ানী হাসপাতাল মোড় এলাকার বাসিন্দা মনির মিয়া বলেন, "আজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা নিজেরাই।" দলের মধ্যে মিল নেই, সিনিয়র-জুনিয়র মান্যতা নেই। সবাই রাস্তায় নেমেছে একটি ইস্যু নিয়ে—হাসিনা আপাকে দেশে ফেরাতে কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারকে চাপে ফেলে তার দেশে আসার বিষয়টি নিশ্চিত করতে। অথচ তারা নিজেদের ঘরের সামনে থানা, ফাঁড়ি, হাসপাতাল ও ব্যাংক-বিমায় আগুন দিয়ে নিরাপত্তাহীন হয়ে পড়ছেন। সামান্য কথাও কারো গায়ে সয় না।
একজন আরেকজনের প্রতি তেড়ে আসছেন। নেতৃত্বের আগের সারিতে থাকতে হবে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়ার কারণে মিছিল-মিটিংয়ের অগ্রভাগে থাকার নিয়ে নিজেদের মধ্যে বিরোধ, সংঘর্ষ, হামলা, দোকানপাট ভাঙচুর ও লুটের ঘটনা ঘটছে। গত সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় কোটালীপাড়ায় এই ঘটনার সূত্রপাত হয়।
এই ঘটনার পর একই দিন সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টায় গোপালগঞ্জ সদরের লঞ্চঘাট এলাকায় কথা-কাটাকাটি নিয়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, মারামারি, ককটেল বিস্ফোরণ, সংঘর্ষ ও গোলাগুলি হয়। গুলি বিনিময়ের সময় চারজন গুলিবিদ্ধসহ আওয়ামী লীগের দুই গ্রুপের ১৫ থেকে ২০ জন আহত হয়। ভাঙচুর করা হয় বেশ কিছু দোকানপাট ও বাড়িঘর।
অপরদিকে কোটালীপাড়ার সংঘর্ষের ঘটনায়ও কমপক্ষে ১০ জন আহত হয়। সেখানেও বাড়ি ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে। একই দিনে একই সময়ে পৃথক দুটি ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হয়। আহতদের চিকিৎসা দেওয়ার জন্য ডাক্তার নেই, ভর্তির ব্যবস্থা নেই, সিট নেই, বেড নেই, এমনকি বিছানা-বালিশও কিছু নেই। গোলাগুলিতে আহত-নিহতদের অভিযোগ দেওয়ার থানাও নেই, পুলিশ নেই, চিকিৎসা দেওয়ার সিনিয়র ডাক্তারও নেই। হাসপাতাল বা ক্লিনিকে যাওয়ার বাহন পাওয়া যায় না। ভয়ে অটোরিকশা ডাকলেও আসে না। এই অবস্থার মধ্যে গোটা গোপালগঞ্জবাসী অবরুদ্ধ অবস্থায় আছেন।
চলমান আন্দোলনের টানা ১০ দিনে গোপালগঞ্জ জেলাসহ কোথাও আইনশৃঙ্খলা বাহিনী অথবা বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে কোনো সাংঘর্ষিক ঘটনার খবর জানা যায়নি। এলাকাবাসী বলাবলি করছেন, গোপালগঞ্জ সদর উপজেলার পর এবার কোটালীপাড়ায়ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিজেদের পাতানো ফাঁদে নিজেদেরই পা দিয়ে নিজেদের পায়ে কুড়াল মারছে। কথাগুলো শুনে গোপালগঞ্জের ছাত্রলীগ কর্মী মো. সোহানও এতে সায় দেন।
কী ঘটেছিল কোটালীপাড়ায়
বিক্ষোভ মিছিলে দাঁড়ানোকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয় বলে কোটালীপাড়া মোড়ের পান দোকানদার ইদ্রিস জানান। জানা যায়, সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার দক্ষিণ হিরণ গ্রামে এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় পাঁচটি দোকানঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
স্থানীয় আরমান ঢালী বলেন, সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের একটি বিক্ষোভ মিছিল দক্ষিণ হিরণ গ্রামে পৌঁছালে মিছিলে দাঁড়ানো নিয়ে হিরণ ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও যুবলীগ নেতা মশিউর রহমানের সঙ্গে আরেক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুন্সী রইচ উদ্দিনের ভাই শফিকুল ইসলামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
যুবলীগ নেতা মশিউর রহমান গণমাধ্যমকে বলেন, ‘আওয়ামী লীগের ঘোষিত বিক্ষোভ মিছিল নিয়ে আমরা দক্ষিণ হিরণ গ্রামে পৌঁছালে জামায়াত নেতা মুন্সী রইচ উদ্দিনের ভাই শফিকুল ইসলাম লোকজন নিয়ে আমাদের ওপর হামলা করেন। হামলায় আমিসহ কয়েকজন আহত হই।’
অন্যদিকে শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘আমার বড় ভাই বিদেশে থাকেন। তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। আমি দীর্ঘদিন ধরে ভদ্রভাবে ছাত্রলীগ করে আসছি। আমার আপন ভাই মুন্সী রইচ উদ্দিন আগামী হিরণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মানুষের সাথে একটু আন্তরিকতার সাথে মেশেন। তার কাছে দলমত নেই, তিনি মানুষকে ভালোবাসেন। এই নিয়ে একটা ক্ষোভ এবং নেতৃত্বে আগানো নিয়েও রাগ ছিল। তাই মশিউর রহমান রাগান্বিত হয়ে আমার ওপর আগে হামলা করেন। হামলায় আমিসহ অনেকেই আহত হই। এ সময় আমাদের পাঁচটি দোকানঘর ভাঙচুর ও লুটপাট করা হয়।’
এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন চন্দ্র দেবনাথ গণমাধ্যমকে বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষের কথা শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ এ বিষয়ে অভিযোগ করতে আমার কাছে আসেনি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’
এ সময় দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়, যাদের মধ্যে চারজন গুলিবিদ্ধ। শহরের পুরাতন লঞ্চঘাটের গোলচত্বরে চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়।
প্রত্যক্ষদর্শী সাইফুল, আবুবকর ও লাবলু ইনকিলাবকে বলেন, ‘আমরাও সংবাদকর্মী। যা দেখেছি—আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের লোকজন শহরের গোলচত্বর এলাকায় প্রথমে জড়ো হন। এ সময় দুই গ্রামের দুই যুবকের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ১৫ থেকে ২০ জন আহত হন। এর মধ্যে চারজন গুলিবিদ্ধ হওয়ার খবরও জানা যায়। ভাঙচুর করা হয় কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান।’
খবর পেয়ে পুলিশ ও বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছালে সংঘর্ষে জড়িতরা পালিয়ে যান। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তদন্ত ছাড়া এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। বিস্তারিত জেনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
বিএনপি করায় চারটি হিন্দু পরিবারের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় বিএনপির সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেসবা ইনকিলাবকে বলেন, ‘প্রকৃতি কারো কথা শোনে না। এমন কিছু অন্যায় আছে যার প্রতিশোধ মানুষকে নিতে হয় না, নীরব প্রকৃতি নীরবেই তার প্রতিশোধ নেয়। গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় ঠিক এমনি ঘটনা ঘটতে যাচ্ছে। নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা ঠান্ডা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো দরকার নেই, ওরাই ওদের জন্য যথেষ্ট। খুবই কষ্টের বিষয় হলো হিন্দুরা বিএনপি করেন তাই তাদের বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট করতে হবে? আমি এর তীব্র নিন্দা জানাই।’
অপরদিকে গোপালগঞ্জ জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক আফরোজ্জামান তুষান বলেন, ‘বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় চার হিন্দু পরিবারের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঘটনাটি খুবই দুঃখজনক। দেশে সব হিন্দুরাই আওয়ামী লীগ করবেন—এটা চরম অন্যায়। নিশ্চয়ই এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী খোঁজখবর নেবেন এবং সরকারিভাবে বিচারের ব্যবস্থাও হবে ইনশাআল্লাহ।’
ঘটনাটি ঘটে গতকাল সোমবার (২৩ নভেম্বর)। জানা যায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলার রাজপাট ইউনিয়নের হাইশুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন পার্শ্ববর্তী শিল্টা ও তেঁতুলিয়া গ্রাম থেকে শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে হাইশুর গ্রামে হামলা চালায়।
এ সময় রাজপাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ক্ষিরোদ বিশ্বাসের তিনটি বসতঘর ও একটি ব্যবসাপ্রতিষ্ঠান, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি অনির্বাণ বিশ্বাসের দুটি বসতঘর, চারটি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি পোল্ট্রি খামার, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গণপতি বিশ্বাসের দুটি বসতঘর এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম বিশ্বাসের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের সদস্য হওয়ায় তাদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। এ ঘটনার পর থেকে চারটি পরিবার আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। এ বিষয়ে বক্তব্য জানতে কাশিয়ানী থানা পুলিশের কেউ আনুষ্ঠানিক বক্তব্য দিতে চাননি।
সহিংসতার তাণ্ডবে হাসপাতাল ধ্বংস, বিনামূল্যে চিকিৎসাও বন্ধ হয়ে গেছে। গোপালগঞ্জের তাণ্ডবে হাসপাতাল ধ্বংস হয়ে যাওয়ায় বিনামূল্যে চিকিৎসা সেবাও বন্ধ হয়ে গেছে। দুটি অপারেশন থিয়েটারসহ সবকিছু তছনছ করা হয়েছে। পাঁচতলা ভবনটির ভেতরে ঢুকতেই ধ্বংসযজ্ঞের চিহ্ন চোখে পড়ে। কোথাও পোড়া আসবাবের ছাই, কোথাও ভাঙা চিকিৎসা সরঞ্জাম ছড়িয়ে রয়েছে। ভবনের কোনো জানালা-দরজার কাচ অক্ষত নেই। ফ্রিজ, ওষুধ, কাগজপত্রসহ বিভিন্ন জিনিসের পোড়া ছাই ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। আগুনের তাপে টাইলস পর্যন্ত খসে পড়েছে।
গোপালগঞ্জ শহরের থানাপাড়ার এই ভবনে ছিল ‘আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’। গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সেখানে গিয়ে প্রতিষ্ঠানটির পরতে পরতে ধ্বংসের চিহ্ন চোখে পড়ে। গত ১৮ ও ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ৩০ শয্যার এই হাসপাতালে তাণ্ডব চালান। পাঁচতলা ভবনের চারটি তলায় হাসপাতালের কার্যক্রম চলত এবং পঞ্চম তলায় এখনো কার্যক্রম শুরু হয়নি। হাসপাতালটির মালিকানায় ছিলেন সদর আসনের বিএনপির সংসদ সদস্য (এমপি) ডা. কেএম বাবর।
গতকাল হাসপাতালের প্রথম তলায় ঢুকতেই বাম পাশে চোখে পড়ে ডা. কেএম বাবরের বসার কক্ষ, যেখানে সবকিছু ভাঙচুর ও আগুনে ভস্মীভূত হয়ে গেছে। কক্ষটি পার হওয়ার পর স্টোররুম, আল্ট্রাসনোগ্রামের কক্ষ, দুটি ওয়াশরুম, ডাক্তারদের তিনটি চেম্বার ও ডায়াগনস্টিক সেন্টারের সবকিছুই আগুনে ধ্বংস হয়ে গেছে। ভাঙচুর করা ফ্রিজ, ওষুধ, কাগজপত্র ও বিভিন্ন জিনিসের ছাই কক্ষে কক্ষে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
দ্বিতীয় তলায় দুটি অপারেশন থিয়েটারের অপারেশন টেবিল ও অপারেশন লাইট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যান্য যন্ত্রপাতি, ওষুধ ও মালামালসহ এই তলার আটটি কেবিন ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছে, যাতে শয্যা ও আসবাব পুড়ে গেছে। তৃতীয় তলায় ওয়ার্ড ও কেবিন মিলে আটটি কক্ষের সবকটি ধ্বংস করা হয়েছে। চতুর্থ তলায় সবচেয়ে বেশি ভাঙচুর চালানো হয়েছে এবং এসি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভবন থেকে পোড়া গন্ধ এখনো দূর হয়নি।
স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, ডা. কেএম বাবর ও তাঁর স্ত্রী গাইনি চিকিৎসক রাবেয়া খাতুন প্রতিদিন প্রায় ১২০ জন রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র দিতেন। স্থানীয় বাসিন্দা হালিমা বেগম বলেন, হাসপাতালটি বন্ধ হয়ে যাওয়ায় অনেক মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। তিনি দ্রুত হাসপাতালটি চালুর দাবি জানান।
জানতে চাইলে ডা. কেএম বাবর বলেন, ‘আমার হাসপাতাল ভেঙেছে, তাতে দুঃখ নেই। কিন্তু সাধারণ মানুষের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর এবং আগুন দেওয়া হয়েছে। এতে অনেকেই নিঃস্ব হয়ে পড়েছেন। এমন কর্মকাণ্ডে গোপালগঞ্জের উন্নয়নে ব্যাঘাত ঘটবে।’ তিনি আরও বলেন, ‘জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধ চলাকালেও হাসপাতালে হামলা করা হয় না। হামলা হলে তা মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য হয় এবং এতে মানবতা বিপন্ন হয়ে পড়ে। আমার হাসপাতাল থেকে সব দল ও শ্রেণি-পেশার মানুষ সেবা পেয়েছেন। আমি সাধারণ মানুষের সেবা ও রাজনীতির গুণগত মান পরিবর্তনের জন্য কাজ শুরু করেছিলাম।’
১৪ বছর ধরে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন স্বামী-স্ত্রী। সংসদ সদস্য ডা. কেএম বাবর জানান, ২০১২ সাল থেকে তিনি ও তাঁর স্ত্রী চেম্বারে রোগী দেখছেন এবং কোনো রোগীর কাছ থেকে ব্যবস্থাপত্র দেওয়ার জন্য টাকা নেননি। ২০২০ সালে হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়।
ডা. বাবর জানান, গত বছর শহরের থানা ঘাটের পূর্ব পাশে ৯ শতাংশ জমিতে নবনির্মিত ভবনে হাসপাতালটি স্থানান্তর করা হয়। ভবনের প্রতিটি তলার আয়তন ৩ হাজার ২০০ বর্গফুট। তাঁর স্ত্রী ডা. রাবেয়া খাতুন হাসপাতালটি পরিচালনা করতেন এবং তিনি প্রতিদিন ৫০ জন রোগী দেখতেন। পাশাপাশি ডা. বাবর নিজে ৬০ থেকে ৭০ জন রোগী দেখতেন। তারা রোগীদের কাছ থেকে কোনো ভিজিট নিতেন না এবং বহির্বিভাগেও বিনামূল্যে চিকিৎসাসেবা দিতেন। হাসপাতালটিতে দুইবার হামলা চালানো হয়।
ফায়ার সার্ভিসের বক্তব্য
গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মালেক আলী সরদার বলেন, তারা আগুনের খবর পেয়েছিলেন, কিন্তু নিরাপত্তার অভাবে কাছে যেতে পারেননি।
মুকসুদপুর থানায় জ্বালানো আসামি নগরকান্দায় আটক হয়েছে। গোপালগঞ্জের মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পর ফেসবুকে সেই ঘটনার ভিডিও দিয়ে উল্লাস করা নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী জয়নাল মুন্সী ওরফে জিসানকে (২৮) ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।
জয়নাল মুন্সীর বাড়ি নগরকান্দা উপজেলার চরযশোরদী গ্রামে হলেও মুকসুদপুর উপজেলা সদরে তাদের আরেকটি বাড়ি রয়েছে। নগরকান্দা থানার ওসি গোলাম রসুল সামদানি আজাদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন