১০:৩১ পি.এম
বরিশাল, ৮ জুন ২০২৬: বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন)-এর কৌশলগত পরিকল্পনা (২০২৪-২০২৭) বাস্তবায়নের লক্ষ্যে বরিশালে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) বরিশাল জেলা পুলিশ লাইন্সের গ্র্যাটিচিউড হলে আয়োজিত এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আশিক সাঈদ।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সদর দপ্তরের ডিআইজি তাপতুন নাসরীন। তিনি নারী পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, “তোমরাই সমাজের রোল মডেল। নিজেদের দক্ষতা এমন পর্যায়ে উন্নীত করতে হবে যাতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সর্বক্ষেত্রে তোমরা অনুসরণীয় হয়ে উঠতে পারো। এজন্য তদন্তসহ পুলিশের প্রতিটি ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি, নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে হালনাগাদ রাখা এবং স্মার্ট ও শৃঙ্খলাবদ্ধ হওয়া জরুরি।”
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার আশিক সাঈদ বলেন, “বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের এ ধরনের সময়োপযোগী উদ্যোগ প্রশংসনীয়। এই কর্মশালার শিক্ষা শুধু আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রাখা যাবে না, বরং তা কর্মক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে।” তিনি আরও বলেন, বিপিডব্লিউএনের কার্যক্রম বর্তমানে দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিস্তৃতি লাভ করেছে এবং নারী পুলিশ সদস্যদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সামগ্রিক পুলিশিং ব্যবস্থায় নারীদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করছে।
আরও পড়ুন: আজ সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না রংপুরের যেসব এলাকায়
বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, “নারীর অংশগ্রহণ ছাড়া রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয়। নেতৃত্বের বিভিন্ন ক্ষেত্রে নারীরা অসামান্য অবদান রেখে চলেছেন। পুলিশিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বেও নারীরা সফলতার সঙ্গে কাজ করছেন। নিজেদের কাজের পরিধি আরও বিস্তৃত করতে হবে।”
দিনব্যাপী কর্মশালায় বিপিডব্লিউএন প্রতিনিধিরা কৌশলগত পরিকল্পনার বিভিন্ন দিক, কর্ম-জীবনের ভারসাম্য, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন, ডিজিটাল নিরাপত্তা, জেন্ডার-সংবেদনশীল পুলিশিং, ভুক্তভোগীকেন্দ্রিক জেন্ডারভিত্তিক সহিংসতা (জিবিভি) সেবা জোরদারকরণ এবং প্রযুক্তি-সহায়তায় জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবিলার উপায় নিয়ে বিষয়ভিত্তিক অধিবেশন পরিচালনা করেন।
এ সময় ইউএন উইমেনের প্রতিনিধি শ্রবণা দত্ত জেন্ডার-সংবেদনশীল পুলিশি কার্যক্রম এবং কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে করণীয় বিষয়গুলো তুলে ধরেন।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স) খন্দকার শামীমা ইয়াসমিন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার, পিপিএম, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (স্টেট) তাহমিনা তাকিয়া, পুলিশ সুপার (রেঞ্জ ডিআইজি কার্যালয়) রুনা লায়লা, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, বিপিডব্লিউএন প্রতিনিধিবৃন্দ এবং প্রশিক্ষণার্থীরা।
আরও পড়ুন: টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার হলো পিস্তল ও ধারালো অস্ত্র
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন