১১:২৬ এম
নরসিংদীর পলাশে এক বালু ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহত করার পাশাপাশি তার কানে কামড় দিয়ে জখম করার অভিযোগ উঠেছে মহিউদ্দিন চিশতিয়া নামের এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনা ঘটেছে সোমবার (১৩ জুলাই) বিকেলে ঘোড়াশাল পৌর এলাকার বাংলাদেশ জুটমিলের সামনে।
অভিযুক্ত মহিউদ্দিন চিশতিয়া ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক পদে রয়েছেন। আহত সাখাওয়াত হোসেন গাজীপুরের কালীগঞ্জের ফিরোজ আলীর ছেলে। বর্তমানে তিনি পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার কানে চারটি সেলাই করা হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফোলা জখম দেখা গেছে।
ভুক্তভোগী সাখাওয়াত হোসেন বলেছেন, ঘোড়াশালের বাংলাদেশ জুটমিলের ভেতরে টিকে গ্রুপের নির্মাণাধীন একটি প্রতিষ্ঠানের বালু ভরাটের কাজের জন্য তিনি শীতলক্ষ্যা নদীর পাড়ে ড্রেজার মেশিন স্থাপন করেন। গতকাল বিকেলে ড্রেজার মেশিনের শ্রমিকদের বেতন দিয়ে ফেরার সময় চারটি মোটরসাইকেলে কয়েকজন লোক এসে তাকে রাস্তা থেকে তুলে নিয়ে বিএনপি নেতা মহিউদ্দিনের বাড়িতে নিয়ে যায়।
আরও পড়ুন: রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা
সাখাওয়াত আরো বলেন, 'সেখানে দীর্ঘ ১ ঘণ্টা আটকে রেখে মহিউদ্দিনসহ আরও ৬ থেকে ৭ জন লোক আমাকে কিল-ঘুষি ও চড়থাপ্পড় মারতে থাকে। একপর্যায়ে ওই বিএনপি নেতা আমাকে প্রশ্ন করে কেন আমি তাকে না জানিয়ে সেখানে ড্রেজার মেশিন বসিয়েছি, তারপর আমার কানের মধ্যে কামড় দিয়ে রক্তাক্ত করে।'
পরে তাকে দ্রুত সময়ের মধ্যে ড্রেজার মেশিন সরিয়ে এলাকা ছেড়ে চলে যাওয়ার ভয় দেখিয়ে ছেড়ে দেওয়া হয় বলে তিনি জানান। এরপর স্থানীয় লোকজনের সহায়তায় তিনি পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা করান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা মহিউদ্দিন চিশতিয়া সরাসরি কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেছেন, 'সকালে ড. আব্দুল মঈন খান স্যারের প্রোগ্রাম রয়েছে, আমি ঘুমিয়ে যাচ্ছি। পরবর্তীতে ভিডিও বক্তব্যে সত্য-মিথ্যা সকল বিষয়ে বিস্তারিত জানানো হবে।'
এদিকে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন বলেন, 'ঘটনার খবর পেয়ে হাসপাতলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'
আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন