০৯:২৮ এম
বগুড়ায় বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের স্কুলবাস নিয়ন্ত্রণ হারানোর ফলে খাদে পড়ে প্রাণ হারিয়েছে কানিজ ফাতেমা সোহা (১৪) নামের এক শিক্ষার্থী। এ ঘটনায় বাসের হেলপারসহ দশজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থার ক্রমশ অবনতি ঘটছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে ঘটনা ঘটে বগুড়া সদরের মাটিডালী-পীরগাছা সড়কের পল্লীমঙ্গল ইটভাটার নিকট। নিহত কানিজ ফাতেমা সোহা বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির নিবন্ধিত শিক্ষার্থী ছিলেন।
সূত্রে জানা যায়, বগুড়া শহরের বিসিক এলাকা থেকে বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের স্কুলবাসটি বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার সময় স্কুল ছুটির পর পীরগাছা ও সাবগ্রামের শিক্ষার্থীদের নিয়ে বের হয়। বিকেল সোয়া ৫টার দিকে পল্লীমঙ্গল ইটভাটার কাছে পৌঁছানোর সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে কানিজ ফাতেমা সোহা বাসের ভেতরেই মৃত্যুকে বরন করে। স্থানীয় লোকজনের সহযোগিতায় বাসের অন্যান্য শিক্ষার্থীদের তুলে আনা হয়। আহতদের দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে বাসের হেলপার একরামুল হক এবং শিক্ষার্থী সামিউল মাহি ও সিনথিয়া মিমির অবস্থা গুরুতর।
আরও পড়ুন: ছবি দিয়ে রাজনৈতিক চরিত্রহননের চেষ্টা! দীর্ঘ ত্যাগের পরও অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতা রিপন বল্লভের
স্থানীয় বাসিন্দা এনামুল হক মণ্ডল জানিয়েছেন, দুর্ঘটনাস্থলের পাশে একটি ইটভাটা রয়েছে। ইটভাটায় থেকে আনা ইট সড়কের ওপর রেখে ভাঙার কাজ চলছিল। এই কারণে সড়কের একটি অংশ সংকুচিত হয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল।
দুর্ঘটনার খবর শুনে জেলা প্রশাসক তৌফিকুর রহমান আহত শিক্ষার্থীদের খোঁজ নিতে আসেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, নিহত শিক্ষার্থীর মরদেহ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষ হওয়ার পর মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: ঈদগাঁওয়ে অবৈধ ক্লিনিক সিলগালা, গর্ভবতী নারীদের চিকিৎসা সরঞ্জাম জব্দ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন