মোঃ উজ্জ্বল মিয়া, নেত্রকোনা জেলা প্রতিনিধি
০৯:০৯ পি.এম
নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসে ভুয়া কাগজপত্র ব্যবহার করে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির অভিযোগে দায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নেত্রকোনা সদর উপজেলার ধারিয়া গ্রামের কাঞ্চন মিয়া (২৯) ও শেরপুর সদর উপজেলার দড়িপাড়া গ্রামের মঞ্জুরুল মিয়া। কাঞ্চন নির্বাচন অফিসের সাবেক আউটসোর্সিং কর্মী এবং মঞ্জুরুল বর্তমানে ওই অফিসের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমানের দায়ের করা মামলায় রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান পাঠান বাবুল, ওমর আলী, মঞ্জুরুল মিয়াসহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।
নির্বাচন অফিস-সংশ্লিষ্ট সূত্রের দাবি, গত ১১ আগস্ট রাত ৯টা ৪৫ মিনিটে অফিসের আইডি ব্যবহার করে নূর হালিমা ও মুজিবুর রহমান নামের দুজনের ভুয়া কাগজপত্র সার্ভারে আপলোড করা হয়। তবে ওই তথ্য কে বা কারা আপলোড করেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অভিযোগে নির্বাচন অফিসের সিসিটিভি নষ্ট থাকার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। ফলে অফিসের আইডি ব্যবহার করে কীভাবে তথ্য আপলোড করা হলো এবং এতে কারা জড়িত, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এদিকে, মামলায় নাম থাকা রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান পাঠান বাবুল তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে এসব ভুয়া তথ্যের অস্তিত্ব নেই। বাইরে থেকে জালিয়াতির মাধ্যমে সনদ তৈরি করা হয়ে থাকতে পারে।
গত ২০ জুলাই নির্বাচন অফিসের তিনজন আউটসোর্সিং কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছিল বলেও জানা গেছে। ওই ঘটনার সঙ্গে বর্তমান জালিয়াতির কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তের বিষয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এনআইডি জালিয়াতির ঘটনায় প্রকৃত জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেত্রকোনার মোহনগঞ্জে পুকুরের পানিতে ডুবে জান্নাতুল (৮) ও মিহি (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার ২ নম্বর বড়তলী-বানিহারী ইউনিয়নের উলুকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জান্নাতুল ওই গ্রামের বেপারীবাড়ির আল মামুন মিয়ার মেয়ে। মিহি একই বাড়ির ফারুক মিয়ার মেয়ে। তারা দুজনই স্থানীয় মারকাজুল উলুম উলুকান্দা মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে শিশু দুটি বাড়ির আঙিনায় ছিল। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। আশপাশের বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের সন্ধান না পেয়ে বাড়ির পাশের পুকুরে যান স্বজনেরা। সেখানে শিশু দুটিকে পানিতে ভাসতে দেখেন তাঁরা।
পরে দ্রুত উদ্ধার করে শিশু দুটিকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বেলা ২টা ১০ মিনিটের দিকে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. অলক কান্তি তালুকদার জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছিল।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। আইনি প্রক্রিয়া ও সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
একই বাড়ির দুই শিশুর এমন মৃত্যুতে উলুকান্দা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের রাজধানী দিল্লিতে নতুন করে বিক্ষোভের আশঙ্কা মাথায় রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি পুলিশ। বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেওয়ার সম্ভাবনা বিবেচনায় এই সতর্কতা গ্রহণ করা হয়েছে।
দিল্লি পুলিশের অভ্যন্তরীণ সূত্র জানাচ্ছে, সিজেপি (CJP), এআইওয়াইএফ (AIYF), এআইএসএফ (AISF) এবং এসএফআই (SFI) এর মতো সংগঠনগুলোর নতুন প্রতিবাদের আহ্বানের প্রেক্ষাপটে পুলিশ প্রশাসন অধিক সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে, আটককৃতদের বিষয়ে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক নারী বিক্ষোভকারী এবং প্রবীণ নাগরিকদের ইতোমধ্যে ডিটেনশন সেন্টার বা আটক কেন্দ্রগুলো থেকে মুক্তি দেওয়া হচ্ছে।
তবে সিজেপি নেতাদের ক্ষেত্রে প্রচলিত যথাযথ আইনি প্রক্রিয়া বা আইনগত বিধিবিধান কঠোরভাবে অনুসরণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ১ নাম্বার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট-বড় বাজার সংযোগ সড়কে গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শনিবার (১০ অক্টোবর) এ সংক্রান্ত প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে, যা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের পিতার আবেদনের প্রেক্ষিতে।
শহীদ আবরার ফাহাদের পিতা মো বরকত উল্লাহ গত ৭ অক্টোবর প্রধানমন্ত্রীর কাছে গড়াই নদীর ওপর সেতু নির্মাণের জন্য লিখিত আবেদন জানান। এ আবেদনের প্রেক্ষাপটে, শনিবার (১০ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ এবং সংসদ সদস্যদের প্রতিশ্রুত ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেলের সদস্য সচিব মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে স্থানীয় সরকার বিভাগের সচিবকে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রদান করা হয় এবং এর অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়ার জন্য বলা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কুমারখালী উপজেলার কয়া, শিলাইদহ, চর সাদীপুর, নন্দলালপুর ও হরিপুর ইউনিয়নের প্রায় ২ লক্ষ মানুষের যাতায়াত এবং দৈনন্দিন সেবা গ্রহণের জন্য প্রতিদিন প্রায় ৩৫ থেকে ৪০ হাজার মানুষকে নৌকাযোগে নদী পারাপার হতে হয়। গড়াই নদীর ওপর সেতু নির্মিত হলে কয়া ইউনিয়নের সাথে কুষ্টিয়া শহরের যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি ঘটবে এবং স্থানীয় কৃষি, অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে।
চিঠির অবগতির অনুলিপি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতের চলমান সংকট সমাধানের জন্য ব্যাংকিং ও আর্থিক খাতের পুনর্গঠনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
তিনি মন্তব্য করেন, পূর্ববর্তী সরকারের সময় ব্যাংকিং খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শিল্পের প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে সীমিত সম্পদের মধ্যে ব্যাংক ও আর্থিক খাত পুনর্গঠন করা আবশ্যক।
শনিবার (১০ অক্টোবর) বিকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) অডিটোরিয়ামে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) আয়োজিত ‘বস্ত্র খাতে বিদ্যমান সমস্যা নিরসনে করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও আইটিইটির নবনির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বস্ত্র ও তৈরি পোশাক খাত বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস। এই খাতের সংকট সমাধানে সমস্যাগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। জ্বালানি ও বিদ্যুৎ সংকট, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ব্যাংকঋণ ও অর্থায়নের সীমাবদ্ধতা, ঋণপত্র (এলসি) খোলার জটিলতা এবং আন্তর্জাতিক ক্রেতাদের কমপ্লায়েন্সের শর্ত পূরণ, এসব মিলিয়ে উদ্যোক্তাদের নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে।
বৈশ্বিক পরিস্থিতি এবং জ্বালানি সংকটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি ও যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে, যা দেশের শিল্প খাতকে ক্ষতিগ্রস্ত করছে। জ্বালানি ও বিদ্যুৎ সংকট বস্ত্র খাতের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য উৎপাদন অব্যাহত রাখা এবং বিপুল কর্মসংস্থানের সঙ্গে যুক্ত এই খাতকে টিকিয়ে রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা আবশ্যক।
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরবর্তী পরিস্থিতি বস্ত্র ও তৈরি পোশাক খাতের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন রিজভী।
তিনি উল্লেখ করেন, এলডিসি উত্তরণের পর ইউরোপ ও আমেরিকার ক্রেতারা বাংলাদেশের পণ্য কেনার ক্ষেত্রে আগের মতো আগ্রহী নাও থাকতে পারেন। এছাড়া, আন্তর্জাতিক ক্রেতাদের নির্ধারিত কমপ্লায়েন্সের শর্ত পূরণে প্রয়োজনীয় আর্থিক সহায়তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ