প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের বন্ধ হয়ে যাওয়া বিমান সংস্থা জেট এয়ারওয়েজের কর্মীরা দীর্ঘ সাত বছরের আইনি লড়াইয়ের পর একটি গুরুত্বপূর্ণ জয় অর্জন করেছেন। ন্যাশনাল কম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যুনাল আগামী দুই সপ্তাহের মধ্যে সংস্থাটির সকল কর্মীকে সুদসহ গ্র্যাচুইটি পরিশোধের অনুমোদন দিয়েছে। এই পরিমাণ মোট ৪৮০ কোটি রুপি হবে। আদালত নিযুক্ত লিকুইডেটর জেট এয়ারওয়েজের পক্ষ থেকে এই বকেয়া অর্থ পরিশোধ করবেন।
গ্র্যাচুইটির অর্থ কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পরিশোধ করতে হবে। অন্যদিকে, প্রভিডেন্ট ফান্ডের অংশ পিএফ অফিসের মাধ্যমে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোতে জমা দিতে হবে। কর্মীরা সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে টানা পাঁচ বছর চাকরি করার পর স্বয়ংক্রিয়ভাবে গ্র্যাচুইটি পাওয়ার জন্য যোগ্য হন। প্রভিডেন্ট ফান্ডের অধীনে প্রতি মাসে কর্মী এবং নিয়োগকর্তা উভয়ই মূল বেতনের ১২ শতাংশ হারে জমা দেন এবং এই তহবিলের ওপর করমুক্ত সুদ অর্জিত হয়।
ট্রাইব্যুনালের এই আদেশের বিস্তারিত অনুলিপির জন্য এখন অপেক্ষা করা হচ্ছে। উল্লেখ্য, ২০১৯ সালের এপ্রিল মাসে জেট এয়ারওয়েজের ফ্লাইট চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। ২০২৪ সালের নভেম্বরে ভারতের সুপ্রিম কোর্ট জেট এয়ারওয়েজের সম্পদ অবসায়ন বা বিক্রি করে দেওয়ার (লিকুইডেট) নির্দেশ দিয়েছিলেন। ঋণদাতাদের সম্পূর্ণ পাওনা পরিশোধ না করেই একটি রেজোলিউশন পরিকল্পনা বহাল রাখা এবং একটি কনসোর্টিয়ামের কাছে মালিকানা হস্তান্তরের বিষয়ে ট্রাইব্যুনালের পূর্ববর্তী সিদ্ধান্ত বাতিল করতে আদালত সংবিধানের ১৪২ অনুচ্ছেদের অধীনে 'অসাধারণ' ক্ষমতা প্রয়োগ করেছিলেন।
জেট এয়ারওয়েজের উড়োজাহাজ, যন্ত্রাংশ ও অন্যান্য সম্পদ নিলামে বিক্রি করে যে অর্থ সংগৃহীত হয়েছে বা হচ্ছে, সেই তহবিল থেকেই লিকুইডেটর এই ৪৮০ কোটি রুপি পরিশোধ করবেন। ট্রাইব্যুনাল এবং সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, স্টেট ব্যাংক অব ইন্ডিয়াসহ অন্যান্য ঋণদাতা ব্যাংকগুলোকে পাওনা দেওয়ার আগে লিকুইডেটরকে বাধ্যতামূলকভাবে কর্মীদের এই বকেয়া মিটিয়ে দিতে হবে।
সূত্র : এনডিটিভি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন