০৬:২৭ পি.এম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, তিনি সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে ফৌজদারি তদন্তের উদ্যোগ নিতে পারেন। ট্রাম্পের দাবি, তাদের সম্পর্কে তার কাছে প্রচুর তথ্য রয়েছে। খবর আনাদোলুর।
দ্য হিল-এর একটি প্রতিবেদনে শুক্রবার এই তথ্য প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার নিউজম্যাক্সের উপস্থাপক রব ফিনার্টির সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প উল্লেখ করেন যে, তিনি পূর্বে এই তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া থেকে বিরত ছিলেন। তবে বর্তমানে তিনি চাইলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সক্ষম।
আরও পড়ুন: হেগসেথের অভিশংসন আপাতত আটকে গেল
ট্রাম্প বলেন, “আমি হিলারি ক্লিনটনের বিরুদ্ধে অনেক কিছু করতে পারতাম, বিল ক্লিনটনের বিরুদ্ধেও। আমি বিল ক্লিনটনকে পছন্দ করি। বারাক হুসেইন ওবামার বিরুদ্ধেও অনেক কিছু করতে পারতাম, এখনো পারি। চাইলে বড় ধরনের পদক্ষেপ নিতে পারি। হিলারি ক্লিনটনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ পেয়েও আমি তা প্রত্যাখ্যান করেছি।”
“বড় ধরনের পদক্ষেপ” বলতে তিনি কী বোঝাচ্ছেন, জানতে চাইলে ট্রাম্প বলেন, তিনি তাদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নিতে পারেন অথবা তাদের সুনাম ধ্বংস করতে পারেন।
তবে সাবেক এই মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে তার কাছে কী ধরনের অভিযোগ বা তথ্য রয়েছে, সে বিষয়ে ট্রাম্প বিস্তারিত কিছু জানাননি। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন যে, তাদের বিরুদ্ধে আদৌ কোনো পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা কম। এরপর তিনি বলেন যে, এমন কিছু করতে গেলে তিনি আবারও অভিশংসনের (ইমপিচমেন্ট) মুখে পড়তে পারেন—এই কথা বলেই তিনি আলোচনার বিষয়বস্তু পরিবর্তন করে ফেলেন।
আরও পড়ুন: অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকছেন নেতানিয়াহু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন