প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মধ্যবিত্ত পরিবারের হাসি-কান্না ও সুখ-দুঃখের আবহে একটি পারিবারিক ভ্রমণের কাহিনী নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘যাত্রা বিরতি’। দীর্ঘ বিরতির পর মোশাররফ করিম ও সুমাইয়া শিমু আবারও একসঙ্গে পর্দায় আসছেন এই চরকি প্রযোজিত সিনেমার মাধ্যমে। সিনেমাটি পরিচালনা করছেন কাজী আসাদ এবং এতে অভিনয় করছেন প্রার্থনা ফারদিন দীঘি ও দিলারা জামান। ছবিটি আগামী ২০২৭ সালের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
বর্তমানে পুরো টিম কুয়াকাটায় শুটিংয়ের জন্য অবস্থান করছে। ডিসেম্বর পর্যন্ত কুয়াকাটা ও দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে দৃশ্যায়নের কাজ চলবে। নির্মাতা ও শিল্পীদের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে হাসি-ঠাট্টা ও আড্ডা জমে ওঠে।
‘যাত্রা বিরতি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় প্রথমবারের মতো পরিচালনা করছেন কাজী আসাদ। এর আগে তিনি চরকির জন্য ‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজ ও ‘লাইফলাইন’ ফিল্ম নির্মাণ করে প্রশংসিত হয়েছেন। ঈদে মুক্তির প্রসঙ্গে কাজী আসাদ বলেন, “উৎসবে আমরা সবাই একসঙ্গে থাকতে পছন্দ করি। চেষ্টা করি বন্ধু-স্বজনদের নিয়ে সময় কাটানোর। আমাদের গল্পটাও যেহেতু সেরকমই, তাই মনে হয়েছে এটা ঈদে মুক্তির জন্য উপযুক্ত।”
সুমাইয়া শিমু দীর্ঘ বিরতির পর আবার বড় পর্দায় ফিরছেন। সিনেমায় যুক্ত হওয়ার বিষয়ে তিনি বলেন, “স্ক্রিপ্ট পড়ে আমার ভালো লেগেছে, আমার চরিত্রটাও সুন্দর। কিন্তু তারপরও কাজটি করার ব্যাপারে আমি একটু দোটানায় ছিলাম। পরে সহশিল্পী এবং প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে যুক্ত হয়ে গেলাম। আশা করছি দর্শকরা পর্দায় আমাদের পুরো পরিবারকে দেখে নিজেদেরকেই খুঁজে পাবেন।”
মোশাররফ করিমের সঙ্গে কাজ করার সুবাদে কাজী আসাদের সঙ্গে আগে থেকেই বোঝাপড়া রয়েছে। সুমাইয়া শিমুর সঙ্গে অনেকদিন পর কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, “সুমাইয়া শিমু এবং আমি অনেকদিন পর একসঙ্গে অভিনয় করছি, এটা একরকম ভালোলাগার। গল্পটাও খুব সুন্দর। কাজটা ঠিকমতো করতে পারলে দর্শকরাও পছন্দ করবেন আশা করি। আমার কাছে এখন কাজটা ঠিকমতো করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
দীঘির জন্য এটি মোশাররফ করিমের সঙ্গে প্রথম কাজ। তিনি উচ্ছ্বাস ও কিছুটা স্নায়ুচাপ জানিয়ে বলেন, “মোশাররফ করিম আঙ্কেলের সামনে দাঁড়িয়ে কীভাবে সংলাপ বলব সেটা নিয়ে একটু চিন্তায় আছি। তিনি আমার খুবই পছন্দের। ক্যামেরার সামনে দাঁড়িয়ে তার সঙ্গে একটু রিহার্সেল করে নিলে আশা করি ঠিক হয়ে যাবে। সিনেমার গল্পটা খুবই সুন্দর এবং আমি এক্সাইটেড।”
৮৪ বছর বয়সী অভিনেত্রী দিলারা জামানও ভ্রমণ ও শুটিংয়ের আনন্দে শামিল হয়েছেন। তরুণ সহকর্মীদের সঙ্গে সময় কাটানোর প্রত্যাশায় তিনি বলেন, “তা না হলে এই বয়সে ঘর থেকে বের হয় কে?”
সিনেমায় আরও অভিনয় করছেন ইউসুফ হাসান অর্ক, রাকিব হোসেন ইভন, রুদ্র রয়সহ অনেকে। গল্প লিখেছেন দানিয়েল ড্যানি, কাজী আসাদ ও আসাদুজ্জামান আবীর। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন কাজী আসাদ ও আসাদুজ্জামান আবীর।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন