০৫:০৯ পি.এম
ভারতের যোধপুরে একটি তদন্তে ২২ ক্যারেট হলমার্কযুক্ত স্বর্ণের গহনায় ‘রেনিয়াম’ নামের একটি বিরল ধাতু মেশানোর খবর প্রকাশিত হওয়ার পর, স্বর্ণ কেনার ক্ষেত্রে আসল জিনিস পাওয়া যাচ্ছে কি না, এই প্রশ্নটি সামনে এসেছে। এই ঘটনা স্বর্ণের বিশুদ্ধতা যাচাই ও সনদ দেওয়ার পদ্ধতি নিয়ে নতুন চিন্তা তৈরি করেছে। তাই স্বর্ণ কেনার পূর্বে ৫টি সহজ বিষয় জানার প্রয়োজন রয়েছে।
প্রথমত, রেনিয়াম কী এবং কেন এটি স্বর্ণে মেশানো হয়? রেনিয়াম একটি ভারী ও বিরল ধাতু, যার ঘনত্ব স্বর্ণের তুলনায় বেশি। অসাধু ব্যবসায়ীরা স্বর্ণের পরিমাণ কমিয়ে গহনার ওজন ঠিক রাখতে এটি ব্যবহার করে। যোধপুরের ঘটনায় দেখা গেছে, ৭ দশমিক ৮৩ গ্রাম ২৪ ক্যারেট স্বর্ণের সঙ্গে প্রায় ১ গ্রাম রেনিয়াম গুঁড়ো মেশানো হয়েছিল। ফলে গহনাটির ২২ ক্যারেটের হলমার্ক থাকলেও বাস্তবে তা প্রায় ২০ ক্যারেটের মানের ছিল।
দ্বিতীয়ত, এই ভেজাল কিভাবে ধরা পড়েনি? দোকানে স্বর্ণ যাচাইয়ের জন্য ব্যবহৃত এক্সআরএফ মেশিনটি রেনিয়াম শনাক্ত করতে পারেনি। কারণ, এই মেশিনটি গহনার উপরের অংশ পরীক্ষা করে; ভেতরে কি আছে তা অনেক সময় বুঝতে পারে না। তবে এর মানে এই নয় যে সব এক্সআরএফ মেশিনই ভুল করে বা সব গহনা ভেজাল।
আরও পড়ুন: জনসংখ্যা বাড়লেও বিশ্ব রাজনীতিতে মুসলিম নেতৃত্বের প্রভাব সীমিত
তৃতীয়ত, বিআইএস হলমার্কের ওপর কি ভরসা করা যায়? একটি ঘটনা দিয়ে পুরো ব্যবস্থাকে অবিশ্বাস করা উচিত নয়, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। বিআইএসের বক্তব্য অনুযায়ী, তারা দোকানের সাধারণ স্ক্যানের পরিবর্তে ‘ফায়ার অ্যাসেই’-এর মতো নির্ভরযোগ্য পদ্ধতিতে মান যাচাই করে। তবে যোধপুরের ঘটনা মান যাচাইয়ে আরও কড়া নজরদারির প্রয়োজনীয়তা তুলে ধরেছে।
চতুর্থত, ক্রেতারা কেনার সময় কী দেখবেন? গহনা কেনার আগে বিআইএস লোগো, ২২কে৯১৬-এর মতো চিহ্ন এবং ছয় অক্ষরের এইচইউআইডি কোড রয়েছে কি না তা দেখে নিতে হবে। ‘বিআইএস কেয়ার’ অ্যাপের মাধ্যমে ওই কোড যাচাই করা সম্ভব। পাশাপাশি নিবন্ধিত দোকান থেকে কেনা হলে রসিদে ওজন ও ক্যারেট সঠিকভাবে লেখা আছে কি না তা নিশ্চিত করা উচিত।
পঞ্চমত, ক্রেতারা কি নিজেদের পরীক্ষা করাতে পারেন? হ্যাঁ, তারা পারেন। সন্দেহ হলে স্বীকৃত অ্যাসেইং অ্যান্ড হলমার্কিং সেন্টারে গিয়ে মাত্র ২০০ রুপি ফিতে ‘ফায়ার অ্যাসেই’ পদ্ধতিতে পরীক্ষা করানো যায়। তবে এই পরীক্ষায় সামান্য অংশ কেটে নেওয়া হয়, ফলে গহনায় হালকা ক্ষতি হতে পারে।
অন্যদিকে, ভেজাল আলোচনার মাঝে বিশ্ববাজারে টানা পাঁচ দিন স্বর্ণের দাম কমে গেছে। মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর ইঙ্গিত এবং এআই খাতের শেয়ারে বড় পতনের কারণে শুক্রবার প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৫০০ ডলারের কাছাকাছি নেমে এসেছে। গত মার্চের পর এক সপ্তাহে এটি সবচেয়ে বড় পতন, যেখানে স্বর্ণ প্রায় ৯ শতাংশ এবং রুপা ১৫ শতাংশের বেশি দাম হারিয়েছে।
আরও পড়ুন: ডেমোক্র্যাটদের তদন্তের অগ্রাধিকার তালিকায় থাকবে ট্রাম্প, ইরান, এপস্টেইন ও অভিবাসন
সূত্র: লাইভমিন্ট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন