০৬:১৮ পি.এম
লক্ষ্মীপুরের রায়পুরে একটি বাসায় ঢুকে এক মা এবং তার তিন মেয়েকে হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্তের পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী ও স্থানীয়রা এই মানববন্ধন করেছে।
রবিবার (২৮ জুন) বিকেলে রায়পুর সাধারণ ছাত্রসমাজের ব্যানারে উপজেলা থানার সামনে এই মানববন্ধন করানো হয়।
এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি আশেক উল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান
মানববন্ধনে বক্তব্য দেন নিহত সায়মা আক্তারের সহপাঠী ইশরাত জাহান মেঘলা, খাদিজা আক্তার প্রমি, স্থানীয় বাসিন্দা আল ইমরান সহ আরো অনেকে।
বক্তাগণ বলেন, রায়পুরের আলোচিত এই হত্যাকাণ্ডে পুরো দেশ স্তম্ভিত হয়ে পড়েছে। ঘটনার কয়েক দিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য এখনও উদঘাটিত হয়নি।
এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে সংশ্লিষ্টদের শনাক্ত করে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
নিহত সায়মার সহপাঠী ইশরাত জাহান মেঘলা বলেন, ‘আমরা আমাদের মেধাবী বন্ধু সায়মাকে হারিয়েছি। তার পরিবারের সদস্যরাও অত্যন্ত ভালো মানুষ ছিলেন। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য দ্রুত উদঘাটন করতে হবে।’
আরও পড়ুন: ফটিকছড়িতে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক জিসান নিহত, আহত ৪
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রায়পুর পৌর শহরের ধানহাট-নদীরপাড় এলাকার একটি ভাড়া বাসায় ঢুকে শাহিনুর বেগম (৩৮), তার বড় মেয়ে সায়মা আক্তার (২১), মেঝো মেয়ে নাফিসা আক্তার ইকরা (১৭) এবং ছোট মেয়ে ফাতেমা আক্তার শিফাকে (৯) কুপিয়ে হত্যা করা হয়। এরপর অভিযুক্ত অন্তর মজুমদার (২৮) জনতার গণপিটুনিতে নিহত হন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন