০৩:০৭ পি.এম
নেত্রকোণা, ২৯ নভেম্বর, ২০২৬ : ময়মনসিংহ এবং নেত্রকোণা সীমান্তে পৃথক যৌথ অভিযান পরিচালনা করে ৫ মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
আজ রোববার সকাল ১০টায় নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) এই তথ্য নিশ্চিত করেছেন।
অধিনায়ক জানান, তার ব্যাটালিয়নের অধীন চারুয়াপাড়া ও বিজয়পুর বিওপি পুলিশ এবং আনসার সদস্যদের সমন্বয়ে পাঁচটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে চারুয়াপাড়া বিওপি সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে গাছুয়াপাড়া নামক স্থানে গতকাল শনিবার দিবাগত রাত ১২টা থেকে ২টা পর্যন্ত চারটি যৌথ অভিযান অনুষ্ঠিত হয়। ওই অভিযানে ৪ জনকে আটক করা হয়।
আরও পড়ুন: সমাজকল্যাণমন্ত্রী: সব মন্ত্রণালয়ের সম্মিলিত উদ্যোগে বাল্যবিবাহ নির্মূল সম্ভব
আটককৃতদের মধ্যে রয়েছেন, ময়মনসিংহের ধোবাউড়া থানার চারুয়াপাড়া ডাকঘরের গোবরচুনা গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. রুবেল হোসেন, একই গ্রামের এনামুল হক (৩৩), মো. আনোয়ার হোসেন (৩০) এবং মো. আজহারুল ইসলাম (২৭) পিতা মৃত আব্দুল করিম।
অধিনায়কের তথ্য অনুযায়ী, রুবেল হোসেনের বিরুদ্ধে পূর্বের তিনটি মামলা রয়েছে।
অন্যদিকে, একই দিন বিজয়পুর বিওপি সীমান্ত পিলার থেকে আনুমানিক এক কিলোমিটার দূরে বাংলাদেশের অভ্যন্তরে জগতকুড়া নামক স্থানে রাত সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত যৌথ অভিযান পরিচালনা করে মো. হারুন মিয়াকে (৪২) আটক করা হয়। তিনি নেত্রকোণার দুর্গাপুর থানার রাণীখং ডাকঘরের জগতকুড়া গ্রামের বাসিন্দা এবং তার বিরুদ্ধেও পূর্বে তিনটি মামলা রয়েছে।
অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী আরও জানান, চারুয়াপাড়া বিওপির হাতে আটক ৪ জনকে ধোবাউড়া থানার কাছে এবং বিজয়পুর বিওপির হাতে আটক ১ জনকে দুর্গাপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক ৫ জন চোরাচালানের সাথেও জড়িত বলে তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: ট্রাম্প গলফ কোর্স সংস্কারে বন্যাকে অজুহাত হিসেবে ব্যবহার করছেন
সীমান্তপথে যেকোনো ব্যক্তি বা গোষ্ঠীর অবৈধ অনুপ্রবেশ ও মানব পাচার রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে উল্লেখ করে অধিনায়ক বলেন, দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় বিজিবি পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন