প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : বিশিষ্ট অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ, জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ মন্তব্য করেছেন যে, বাংলাদেশকে যদি একটি সুসংহত এবং বহু সংস্কৃতির মিলনক্ষেত্র হিসেবে গড়ে তুলতে চাই, তবে আমাদের সহনশীল ও উদার হতে হবে। পাশাপাশি আধিপত্যবাদের সকল ধরনের হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আর. সি. মজুমদার আর্টস অডিটোরিয়ামে হেরিটেজ ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চের আয়োজনে ‘সাংস্কৃতিক বহুত্ববাদ ও টেকসই বাংলাদেশের বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে তিনি এই কথা বলেন।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাংলাদেশকে একটি বহু সংস্কৃতির দেশ হিসেবে উল্লেখ করে ড. মাহবুব উল্লাহ বলেন, এখানে বাঙালি বা মুসলমান বাঙালিদের সংস্কৃতি প্রধান। তবে ক্ষুদ্রতর জনগোষ্ঠীগুলোর নিজস্ব সংস্কৃতি, পরিচয়, খাদ্য ও ভাষা রয়েছে।
তিনি আরও বলেন, যদি নাগরিকরা নিজেদের সংস্কৃতি নিয়ে গর্বিত হন এবং রাষ্ট্র তাদের সংস্কৃতিকে সমর্থন করে, তবে তারা অন্য সংস্কৃতির নাগরিকদের সঙ্গে একত্রিত হয়ে একটি উদার সমাজ গড়ার চেষ্টা করবে।
ড. মাহবুব উল্লাহ বলেন, এই দেশে এক সময় জবরদস্তির ভাষা ব্যবহৃত হয়েছিল। সত্তরের দশকের শুরুতে শেখ মুজিবুর রহমান রাঙ্গামাটিতে গিয়ে বলেছিলেন, ‘তোরা সব বাঙালি হয়ে যা’।
এটি পাহাড়ের জনগোষ্ঠী মেনে নেয়নি। সংসদে মানবেন্দ্র নারায়ণ লারমা বলেছিলেন, একজন বাঙালি চাকমা হতে পারে না, একজন চাকমা বাঙালি হতে পারে না, একজন চাকমা বাংলাদেশি হতে পারে।
পার্বত্য চট্টগ্রামের প্রসঙ্গে এই শিক্ষাবিদ বলেন, পাহাড়ের জনগোষ্ঠী কমপক্ষে ১২টি জাতিতে বিভক্ত। আমাদের প্রশ্ন হলো, আমরা কীভাবে তাদের মূল সংস্কৃতি, মূলধারা ও মূল রাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ত করবো? যদি আমরা সত্যিকারভাবে বহু সংস্কৃতির চেতনা গ্রহণ করি, তাদের সংস্কৃতিকে শ্রদ্ধা করি এবং রাষ্ট্রীয় পরিসরে স্থান দিই, তাহলে হয়তো একটি সমাধান আসতে পারে।
এছাড়া, আমরা তাদের অর্থনৈতিক অভিযোগগুলোর সমাধানের চেষ্টা করতে পারি। তিনি বলেন, দুর্ভাগ্যবশত, আমরা যত আন্তরিকভাবেই চেষ্টা করি না কেন, সীমান্তের ওপার থেকে উসকানি আসে এবং বিদ্রোহের জন্য সব ধরনের সহায়তা প্রদান করা হয়। ফলে এই ঐক্য চেতনা আগামী দিনে কতটা শক্তিশালী হবে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে যারা দেশ চালান, তারা যদি বিষয়টি গভীরভাবে বিবেচনা করেন এবং রাষ্ট্রীয় সত্তার মর্যাদা রক্ষা করে কথা বলেন, তাহলে ভবিষ্যতে হয়তো সাফল্য আসবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, বাংলাদেশ বহু ধর্মের, বহু ভাষার, বহু ধরনের সাংস্কৃতিক বৈচিত্র্যের দেশ। তবে রাষ্ট্রের মূল প্রশ্নে আমরা এক ও অভিন্ন।
তিনি বলেন, বহুত্ববাদ বলতে আমরা নিছক সহনশীলতা বুঝবো না। সত্যিকার সাংস্কৃতিক বহুত্ববাদ হলো, যেখানে পারস্পরিক স্বীকৃতি ও সংলাপমূলক সহাবস্থান বিদ্যমান।
প্রতিটি জনগোষ্ঠীর নিজস্ব ভাষা, বিশ্বাস, লোকজ ঐতিহ্য এবং জীবনবোধকে সমান মর্যাদায় রাষ্ট্রীয় ও সামাজিক ক্ষেত্রে প্রতিষ্ঠা করতে হবে। উপাচার্য আরও বলেন, সংখ্যাগরিষ্ঠের অধিকার যেন কোনো সংখ্যালঘুর বঞ্চনার কারণ না হয়। আমরা চাই বাংলাদেশ অচিরেই এমন একটি রাষ্ট্র হয়ে উঠবে, যেখানে কোনো মানুষ তার ধর্ম, বর্ণ, লিঙ্গ, ভাষা কিংবা নৃতাত্ত্বিক পরিচয়ের কারণে নিজেকে ক্ষুদ্র মনে করবে না।
হেরিটেজ ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চের (এইচএমআর) নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোকাম্মেল এইচ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া।
বিশেষ অতিথির বক্তব্যে কাদের গনি চৌধুরী বলেন, এ দেশের মালিকানা প্রতিটি মানুষের সমান। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত রেইনবো নেশনে সংখ্যাগুরু জাতিগোষ্ঠীর যে মালিকানা থাকবে, ২০০ বা ৩০০ জনের ক্ষুদ্রতম জাতিগোষ্ঠীরও সমান মালিকানা থাকবে। এখানে কোনো বৈষম্য থাকবে না।
এ সময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া, গণমাধ্যম ব্যক্তিত্ব জুবায়ের বাবু এবং মানবাধিকারকর্মী ও সংগঠক মেইনথিন প্রমীলা আলোচক হিসেবে অংশ নেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন