১০:১৩ পি.এম
প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৬ ২১:৫৪
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালকসহ দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার ইন্টার সেকশন মোড় সংলগ্ন সার্ভিস রোডে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোটরসাইকেলচালক সাকিব (২৩) ও পথচারী হৃদয় শেখ (২৩)। সাকিব ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের এনায়েত হোসেনের ছেলে। হৃদয় ভাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছিলাধর সদরদী মহল্লার ইলিয়াস হোসেন শেখের ছেলে।
আরও পড়ুন: গাইবান্ধার চরাঞ্চলে ৮,৫০০ পরিবার পাবে ৬০ হাজার টাকার শর্তহীন অনুদান: জিইউকে ও গিভডিরেক্টলির মহতী উদ্যোগ
এলাকাবাসী ও ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার ইন্টার সেকশন মোড় সংলগ্ন সার্ভিস রোডে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন সাকিব।
এ সময় হৃদয় শেখ (২৩) রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। সাকিব নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ রাস্তার ওপর ছিটকে পড়েন। স্থানীয় এলাকাবাসী ও ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আয়েশা আক্তার তুর্ণা জানান, সড়ক দুর্ঘটনায় হৃদয় শেখ ও সাকিব নামক দুই যুবককে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত অবস্থায় নিয়ে আসা হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট আজাদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ভাঙ্গা বিশ্বরোড সংলগ্ন সার্ভিস রোডে সাড়ে ৭টার দিকে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক ও একজন পথচারী নিহত হয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: কাউখালীতে নবযোগদানকৃত সহকারী শিক্ষকদের বরণ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন