০৫:১৫ পি.এম
ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬: জাতীয় সংসদে দলের বিপক্ষে ভোট দিলে আসন শূন্য সংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদ প্রসঙ্গ ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করা রিটটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
সুপরিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দের দীর্ঘ সময় ধরে আনা রিটের শুনানি শেষে আজ বিচারপতি খিজির আহমেদ চৌধুরী এবং বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রিট খারিজের এই আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী এবং আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব। অন্যদিকে রিটের পক্ষে রিটকারি আইনজীবী ইউনুছ আলী আকন্দ স্বয়ং নিজেই শুনানি করেন।
আরও পড়ুন: নাহিদ ইসলাম: ক্যাম্পাস সাংবাদিকরা জুলাইয়ের সাহসী সহযোদ্ধা
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) ৬ আগস্ট তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণের তারিখ নির্ধারিত হয়েছে আগামী ২০ আগস্ট।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে আইনজীবী ইউনুছ আলী আকন্দ আরও আগে একবার রিট করেছিলেন। সে রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০১৮ সালের ১৫ জানুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বিভক্ত একটি আদেশ প্রদান করে। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি রুল জারি করেন। তবে বেঞ্চের অপর বিচারপতি রিট খারিজের আদেশ দেন। প্রধান বিচারপতির নির্দেশনায় বিষয়টি আবার হাইকোর্টের আরেকটি (তৃতীয় বেঞ্চ) একক বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়। সে বেঞ্চ শুনানি শেষে রিটটি খারিজ করে দেন।
আদেশের পরবর্তী প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেছেন, এটি একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিজয়। হাইকোর্ট বিভাগ সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা এবং নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বৈধতা/কার্যক্রম স্থগিত চেয়ে দায়ের করা রিট আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছেন।
তিনি আরও বলেছেন, এটি নিঃসন্দেহে বাংলাদেশের সাংবিধানিক আইন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
আরও পড়ুন: মির্জা ফয়সল: সারের সমস্যা সমাধান, কৃষকরা আর ভুগবে না
এই মামলায় রাষ্ট্রপক্ষের পক্ষে দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালনের জন্য ডেপুটি অ্যাটর্নি-জেনারেল মামুন চৌধুরী এবং বিজয়-১৪ আদালতে দায়িত্ব পালনকারী সকল আইন কর্মকর্তাকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান অ্যাটর্নি জেনারেল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন