০৫:৫৫ পি.এম
সরকারি চাকরিতে স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত নিয়োগের ধারাবাহিকতা বজায় রেখে জনগণের সেবা করার জন্য সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেন, ‘মাত্র ১২৫ টাকা খরচ করে কোনো ধরনের উৎকোচ কিংবা তদবির ছাড়াই সরকারি চাকরিতে যোগদান করা নতুন পেশকারদের সততার মানসিকতাই সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় প্রেরণা।’
মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে নবনিযুক্ত পেশকারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই কথা বলেন। ভূমিমন্ত্রী আরও উল্লেখ করেন, দুর্নীতিমুক্ত কর্মপরিবেশ গড়ে তোলা এবং সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করার জন্য সরকার বদ্ধপরিকর। নতুন নিয়োগপ্রাপ্তদের উদ্দেশে তিনি মা-বাবা ও শিক্ষকদের সম্মান অক্ষুণ্ণ রেখে সম্পূর্ণ সততা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণের সেবায় আত্মনিয়োগের আহ্বান করেন।
অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, গত দুই দশকের মধ্যে এত স্বচ্ছ ও সুষ্ঠুভাবে নিয়োগ সম্পন্ন হওয়ার নজির দেখা যায়নি। কোনো ধরনের তদবির ছাড়াই মাত্র ১২৫ টাকায় চাকরি পাওয়ার অভিজ্ঞতা নতুন পেশকারদের মুখে শুনে তিনি সন্তোষ প্রকাশ করেন।
আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী
প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারি অফিসে সেবা নিতে আসা জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক। তাই ভূমি ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে দুর্নীতিমুক্ত থেকে আন্তরিকতার সঙ্গে জনগণকে সেবা দিতে হবে।’ মাঠ পর্যায়ে কিছু অসাধু ব্যক্তির কারণে পুরো ভূমি প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা নিতে এসে যেন কোনো নাগরিক হয়রানির শিকার না হন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। একই সঙ্গে সিটিজেন সার্ভিস কার্যক্রম আরো কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত পেশকার মোছা. ফারহানা খাতুন, মো. শিহাব উদ্দিন এবং শাকিল আহমদ বক্তব্য দেন। তারা সম্পূর্ণ স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সরকারি চাকরিতে যোগদানের সুযোগ পাওয়ার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরও পড়ুন: রাজধানীর পান্থপথ, খিলক্ষেত ও ক্যান্টনমেন্টে ককটেল বিস্ফোরণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন