০৬:০০ পি.এম
চট্টগ্রামের পটিয়া প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এসএম রেজা রিপনকে প্রধান আসামি করে ৩৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে হামলার শিকার হওয়া দৈনিক যুগান্তরের পটিয়া প্রতিনিধি আবেদুজ্জামান আমিরী বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় এজাহারভুক্ত আরও সাতজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
আরও পড়ুন: ‘যারা অনুষ্ঠানে আসেননি, প্রমোশন-আপগ্রেডেশন কিংবা অন্য কোনো সুবিধা চাইতে এলে মনে রাখব’: কুবি ছাত্রদলের আহ্বায়ক
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৯ জুন দুপুরে সাংবাদিক আবেদুজ্জামান আমিরী পটিয়া প্রেসক্লাবের কার্যক্রমে অবস্থান করছিলেন। এ সময় এসএম রেজা রিপনের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি দল প্রেসক্লাবে প্রবেশ করে। পরে তারা আমিরীকে ক্লাব থেকে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে গিয়ে মারধর করে।
হামলার শিকার সাংবাদিক আবেদুজ্জামান আমিরী দাবি করেন, ২০২৫ সালের ৫ নভেম্বর দৈনিক যুগান্তরে প্রকাশিত ‘পটিয়ায় শ্রীমাই খালে দুই যুবদল নেতার ধ্বংসযজ্ঞ’ শীর্ষক প্রতিবেদনের কারণে তিনি দীর্ঘদিন ধরে হুমকি ও ক্ষোভের মুখে ছিলেন। ওই প্রতিবেদনের কারণে ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ের করা অভিযোগ তদন্ত করে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ কারণে মামলাটি রেকর্ড করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।
আরও পড়ুন: গোপালগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী সারজিল সিকদার নিহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন