১০:৩৬ পি.এম
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে শহরটিকে ‘রেড জোন’ হিসেবে ঘোষণা করার দাবি তুলেছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সংগঠনটি ঢাকার ১৫ থেকে ২০ জন ডেঙ্গু বিশেষজ্ঞ চিকিৎসক পাঠানোরও দাবি করেছে।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে চেম্বার ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন সংগঠনটির সভাপতি আব্দুল ওয়াহেদ।
লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, পৌর এলাকার মধ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চেম্বারের সদস্য ওবাইদুল আজিম রিংকুসহ অনেকেই মারা গেছেন। শহরের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা এবং জমে থাকা পানি মশার প্রজননস্থল তৈরি করছে। চলমান উন্নয়নকাজের আওতায় খনন করা খালগুলোও যথাযথভাবে পরিষ্কার করা হচ্ছে না।
আরও পড়ুন: ঝালকাঠিতে নানাবাড়ি বেড়াতে গিয়ে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক দল পাঠানোর দাবি জানান তিনি। এছাড়া পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিরোধ কমিটি গঠন, খাল ও নর্দমা পরিষ্কার করা এবং বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার কথাও বলেন।
আব্দুল ওয়াহেদ আরও বলেন, আক্রান্তদের অনেকেই বাড়িতে বা বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন, ফলে ডেঙ্গুর প্রকৃত চিত্র স্বাস্থ্য বিভাগের হিসাবের মধ্যে আসছে না।
সংবাদ সম্মেলনে ডেঙ্গু প্রতিরোধের জন্য প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, ব্যবসায়ী সংগঠন এবং সাধারণ মানুষকে একত্রিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এ সময় চেম্বারের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শাহেদলের ৭নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী লুৎফর এর মতবিনিময় সভা: তরুণ প্রার্থীকে ভালোবেসে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন