প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী, ১৭ নভম্বের, ২০২৬ : রাজশাহী অঞ্চলে নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য সচেতনতা বৃদ্ধি এবং নজরদারি জোরদার করার লক্ষ্যে বিভাগীয় কমিশনার খোন্দকার মোহাম্মদ সাইফুল ইসলাম সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রমের আহ্বান জানিয়েছেন।
আজ মঙ্গলবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
বিভাগীয় কমিশনার উল্লেখ করেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য শুধুমাত্র জরিমানা বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ যথেষ্ট নয়।
এজন্য ব্যবসায়ী এবং সংশ্লিষ্টদের আগে সচেতন করতে হবে। উপজেলা পর্যায়ে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় এবং সচেতনতামূলক সভা আয়োজনের পাশাপাশি ডিজিটাল মাধ্যমে প্রচার কার্যক্রম বাড়াতে হবে।
তিনি আরও বলেন, সচেতনতা কার্যক্রমের পরেও যারা খাদ্যে ভেজাল দেবে, তাদের বিরুদ্ধে বেশি বেশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা উচিত এবং আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জরিমানা দ্বিগুন করা উচিত।
তিনি বলেন, নিরাপদ খাদ্য এবং ভোক্তা অধিকার বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য টিভিসি এবং সংক্ষিপ্ত ভিডিও প্রদর্শনের ব্যবস্থা করতে হবে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার কার্যক্রম বাড়ানোর পরামর্শ দেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হাবিবুর রহমান বলেন, সুস্বাস্থ্যের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা আবশ্যক। আসন্ন শীত মৌসুমে কাঁচা খেজুরের রস খাওয়া থেকে বিরত থাকতে হবে। নিপাহ ভাইরাস থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই।
সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, গত মাসে রাজশাহী বিভাগে ১২২টি অভিযান পরিচালনা করা হয়েছে।
গুরুতর অপরাধের ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় জরিমানা, প্রতিষ্ঠান বন্ধ এবং অপরাধের ধরন অনুযায়ী কারাদণ্ডের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গত মাসে পাবনায় ভেজাল দুধ তৈরির জন্য দুটি মামলায় দুজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সভা শেষে বিভাগীয় কমিশনার ভেজাল এবং অনিরাপদ খাদ্য প্রতিরোধে প্রশাসন, সংশ্লিষ্ট সরকারি দপ্তর, ব্যবসায়ী সংগঠন এবং গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
এসময় তিনি জনসচেতনতা সৃষ্টি ও আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন। সভায় বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভাগীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন