০৭:২১ পি.এম
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেছেন, সাম্প্রতিক সামরিক সংঘাতে পরাজয় এবং গভীর অপমানের কারণে আন্তর্জাতিকভাবে এখন ইসরাইলি সরকার আরও বেশি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঈদুল গাদির, ইমাম খোমেনির ৩৭তম মৃত্যুবার্ষিকী এবং প্রয়াত আয়াতুল্লাহ আলি খামেনির নেতৃত্ব গ্রহণের বার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার (৪ জুন) প্রকাশিত এক বার্তায় তিনি এ কথা বলেন।
মোজতবা খামেনি তার বার্তায় উল্লেখ করেন, ইসরাইলি সরকার এবং তাদের সমর্থকেরা যুদ্ধক্ষেত্রে ব্যর্থতার পর এখন ইরানি জনগণের মনোবল দুর্বল করা এবং ইরানি কর্মকর্তাদের হিসাব-নিকাশ প্রভাবিত করার চেষ্টা করছে। তিনি সতর্ক করে বলেন, তাদের প্রধান হাতিয়ার হলো সমাজের মধ্যে সন্দেহ, ভয়, হতাশা, অবিশ্বাস এবং বিভেদ ছড়ানো।
আয়াতুল্লাহ খামেনি ইরানি জনগণকে ঐক্য, সতর্কতা, পারস্পরিক বিশ্বাস এবং জাতীয় সংহতির মাধ্যমে এসব চেষ্টার মোকাবিলা করার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, কর্মকর্তাদেরও জনগণের আস্থা বাড়ানো এবং হতাশা বা সামাজিক অসন্তোষ সৃষ্টি হতে পারে এমন কাজ থেকে বিরত থাকার বড় দায়িত্ব রয়েছে। সর্বোচ্চ নেতার মতে, ইরানি জাতি প্রতিরোধ অক্ষের সঙ্গে মিলে বিশ্বের স্বাধীনতাকামী জাতিগুলোর কাছে গর্বের উৎস হয়ে উঠেছে।
আরও পড়ুন: বিপিসির ৯০ দিনের জ্বালানি মজুদের পরিকল্পনা, ২০২৭ সালের মধ্যে বাস্তবায়ন
সাম্প্রতিক ঘটনাবলি উল্লেখ করে তিনি বলেন, আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের পরও ইরানি জাতি আবারও তার সংকল্প এবং অঙ্গীকার প্রমাণ করেছে। লাখো ইরানি ইসলামী ব্যবস্থার রক্ষায়, শহীদদের স্মৃতির সম্মানে এবং বিপ্লবের আদর্শ বাস্তবায়নে অটল রয়েছে।
তিনি জনগণ ও কর্মকর্তাদের ঐক্য, সতর্কতা, পারস্পরিক বিশ্বাস এবং জাতীয় সংহতি ধরে রাখার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, জনগণের মধ্যে হতাশা সৃষ্টি করবে এমন যেকোনো কাজ শেষ পর্যন্ত ইরানের শত্রুদের স্বার্থে কাজ করবে।
খামেনি অবশেষে যুবক, বুদ্ধিজীবী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের প্রতি আহ্বান জানান যাতে তারা ইমাম খোমেনি এবং ইসলামী বিপ্লবের নীতিগুলো প্রচারে সাহায্য করেন এবং ইরানের ভবিষ্যৎ উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখেন।
তথ্যসূত্র: আইআরএনএ
আরও পড়ুন: মহেশখালীতে তিনটি নতুন এলএনজি টার্মিনাল স্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন