০৮:৩৫ পি.এম
কুমিল্লার নাঙ্গলকোট প্রেসক্লাবের সদস্য এবং দৈনিক সমকাল মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসেন রাজুকে পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকায় আদালতে চিত্র নায়িকা পরিমনি কর্তৃক হেনস্তার প্রতিবাদে নাঙ্গলকোট প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজের প্রধান ফটক সড়কে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
নাঙ্গলকোট প্রেসক্লাবের সভাপতি মাঈন উদ্দিন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভা সাবেক মেয়র মনিরুজ্জামান খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর সভাপতি শাখাওয়াত হোসেন শাহীন।
আরও পড়ুন: কুমিল্লায় ইয়াবা পাচার, চারজনের ১০ বছরের কারাদণ্ড
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের সঞ্চালনা করেন নাঙ্গলকোট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, দপ্তর সম্পাদক ইমরান হোসেন সোহান, এবং বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুলের প্রধান শিক্ষক নাছির উদ্দীন।
এছাড়াও বক্তৃতা করেন প্রেসক্লাবের সদস্য সাফায়েত উল্লাহ মিয়াজী, নাঈম উদ্দিন, ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, সাইফুল ইসলাম, ইলিয়াছ হোসাইন, রাশেদ হোসাইন, মানজুরুল ইসলাম শিহাব, সাংবাদিক রিয়াজ উদ্দিন তানভীর, এবং শাহাদাত হোসাইন প্রমুখ।
বক্তারা এ সময় বলেন, সাংবাদিক রবিউল হোসাইন রাজু পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন, যা কোনো ব্যক্তিগত কাজের জন্য নয়। একজন সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা, এমনকি তার গায়ে হাত দেওয়া স্বাধীন সাংবাদিকতার জন্য একটি হুমকি। চিত্রনায়িকা পরীমনি এবং তাঁর নিরাপত্তাকর্মীর এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারকাখ্যাতি কাউকে আইনের ঊর্ধ্বে বা অন্যের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করার অধিকার দেয় না।
আরও পড়ুন: সিরাজগঞ্জে অটোরিকশা চালক হত্যায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড
তারা আরও বলেন, সাংবাদিকদের মূল কাজ হলো তথ্য সংগ্রহ করা এবং জনগণের সামনে সত্য তুলে ধরা। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের হেনস্তা, অপমান বা ভয়ভীতি প্রদর্শন করা স্বাধীন গণমাধ্যমের ওপর আঘাত হিসেবে বিবেচিত হবে। বক্তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন