ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি


ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

শুক্রবার ইসরাইল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই যুদ্ধবিরতি ঘোষণার পূর্বে লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাতে এই তথ্য জানানো হয়েছে।

এদিকে, মাত্র দুই দিন আগে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিকে কেন্দ্র করে গঠিত শান্তি প্রক্রিয়ায় আবারও চাপ সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্য মো. তিতাস শেখের মৃত্যু

এএফপি’র খবর অনুযায়ী, লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে যে, ইসরাইলি বিমান হামলায় ৪৭ জন নিহত হয়েছেন।

অন্যদিকে, ইসরাইল দাবি করেছে যে, তাদের চার সেনা নিহত হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের চুক্তির পর, এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় যৌথ প্রাণহানির ঘটনা।

শান্তি চুক্তিটিকে আরও এগিয়ে নিতে এবং এর একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নির্ধারিত আলোচনা স্থগিত করা হয়েছে। বৈঠকের নতুন কোনো তারিখ ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন: চাঁদপুরে শিশুদের আঁকায় জিয়াউর রহমানের প্রতিকৃতি প্রদর্শিত

তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন টেলিফোনে আলোচনা করেছেন।

লেবাননের প্রেসিডেন্ট দপ্তর জানিয়েছে যে, আউন যুক্তরাষ্ট্রের সহায়তার জন্য রুবিওকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, ‘লেবাননের ভূখণ্ডে ইসরাইলি হামলা বন্ধ করতে হবে এবং একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বরাতে জানানো হয়েছে যে, এ সময় রুবিও লেবাননের হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রচেষ্টাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন।

এক মুখপাত্র জানিয়েছেন, তারা পরবর্তী দফার আলোচনার বিষয় নিয়ে কথা বলেছেন। বৈঠকটি ২৩ থেকে ২৫ জুন ওয়াশিংটনে অনুষ্ঠিত হওয়ার আশা করা হচ্ছে, যেখানে দুইটি সার্বভৌম সরকার দীর্ঘস্থায়ী শান্তির দিকে অগ্রগতি অর্জনের চেষ্টা করবে।

আরও পড়ুন: স্কুল ফিডিংয়ের পাউরুটির ভেতর পাওয়া গেল ধারালো ব্লেড

তিনি আরও জানান, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আবারও জোর দিয়েছেন যে, হিজবুল্লাহকে নিরস্ত্র ও পুরো লেবাননের ভূখণ্ডে সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লাইটার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জোর দিয়ে বলেছেন যে, ইসরাইল লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতির পক্ষে। তবে এজন্য হিজবুল্লাহকে চুক্তির শর্ত অনুযায়ী হামলা বন্ধ করতে হবে।

এ সপ্তাহে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে হয়।

এই চুক্তির লক্ষ্য ছিল গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের অবসান ঘটানো।

আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারী চক্রের সঙ্গে যৌথ বাহিনীর গুলি বিনিময়ে সেনাসদস্য আহত

যুক্তরাষ্ট্র-ইসরাইল হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়। এই চুক্তির আরেকটি উদ্দেশ্য ছিল লেবাননের যুদ্ধ বন্ধ করা। ইরান সব সময় জোর দিয়ে বলে এসেছে যে, এই সংঘাতকে যে কোনো চুক্তির আওতাভুক্ত করতে হবে।

সেখানে ইসরাইলের চলমান অভিযান ওয়াশিংটনের জন্য জটিল ও অস্বস্তিকর হয়ে উঠেছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার তারা লেবাননে হিজবুল্লাহর ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং সংগঠনটির বহু সদস্যকে হত্যা করেছে।

আরও পড়ুন: ইউরোপজুড়ে আবারও উড়োজাহাজে বোমা হামলার হুমকি, নেপথ্যে ই-মেইল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেক্সিকোতে উদ্ধার হওয়া মৃতদেহ দুটি নিখোঁজ মার্কিন দম্পতির বলে ধারণা করা হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০১:৩৬ পি.এম


মেক্সিকোতে উদ্ধার হওয়া মৃতদেহ দুটি নিখোঁজ মার্কিন দম্পতির বলে ধারণা করা হচ্ছে

মেক্সিকো সিটির কাছে মাটি খুঁড়ে পাওয়া মৃতদেহগুলো গত মাসে নিখোঁজ দুই মার্কিন নাগরিকের কি না, সে সম্পর্কে মেক্সিকোর কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে। শুক্রবার, দেশটির এক বিচার বিভাগীয় সূত্র এ তথ্য জানিয়েছে।

মেক্সিকো সিটির বাইরে একটি বনাঞ্চলের মধ্যে অবস্থিত গোপন কবর থেকে দেহাবশেষগুলো উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এগুলো জাফার পাদামসি মাওয়ানি এবং গুইয়েলমো জাফেট হিডালগোর দেহ হতে পারে। তাঁরা শিকাগো থেকে মেক্সিকোতে আসার পর সর্বশেষ গত ২০ মে তাদের দেখা গিয়েছিল।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

পরিবারের সদস্যরা মার্কিন গণমাধ্যমকে জানিয়েছেন, ওই দম্পতিকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মাওয়ানি এবং হিডালগো ছিলেন দ্বৈত মার্কিন-মেক্সিকান নাগরিক।

হিডালগোর ভাগ্নি ফেসবুকে লিখেছেন, ‘তারা এত নির্মমভাবে প্রাণ হারিয়েছে জেনে আমার হৃদয় ভেঙে যাচ্ছে।’ তিনি নিখোঁজ হওয়ার পর বেশ কয়েক দিন তাদের ছবি শেয়ার করেছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিখোঁজ হওয়ার পরের কয়েক দিনে পরিবারের সদস্যরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন হয়েছে বলে জানতে পারেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতিসংঘের বিশেষজ্ঞের সতর্কতা: ইরিত্রিয়ায় মানবতাবিরোধী অপরাধ অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০১:৩৯ পি.এম


জাতিসংঘের বিশেষজ্ঞের সতর্কতা: ইরিত্রিয়ায় মানবতাবিরোধী অপরাধ অব্যাহত

ঢাকা, ২০ জুন, ২০২৬ : ইরিত্রিয়ায় সরকারের সমালোচকরা বন্দিশিবিরে, জোরপূর্বক শ্রমে এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন। ফলে চলমান মানবতাবিরোধী অপরাধের আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে।

শুক্রবার, দেশটির বিষয়ে জাতিসংঘের এক বিশেষজ্ঞ ইরিত্রিয়ার মানবাধিকার পরিস্থিতি আরও খারাপ হচ্ছে বলে সতর্ক করেছেন।

এ খবরটি বার্তা সংস্থা এএফপি’র।

জাতিসংঘের মানবাধিকার পরিষদে জেনেভায় একটি প্রতিবেদন পেশ করে মোহাম্মদ আবদেলসালাম বাবিকার উল্লেখ করেন, তিনি দেখেছেন যে ইরিত্রিয়ায় ব্যাপক ও পরিকল্পিত মানবাধিকার লঙ্ঘন ঘটে চলেছে এবং এসব অপরাধে জড়িতদের মধ্যে কেউ শাস্তি পাচ্ছে না।

২০২৫ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত সময়কাল নিয়ে তৈরি প্রতিবেদনটি প্রকাশ করে তিনি বলেন, মানবাধিকার পরিস্থিতি ক্রমাগত অবনতি হয়েছে এবং বর্তমানে তা ‘অত্যন্ত গুরুতর ও সংকটজনক’ অবস্থায় রয়েছে।

তিনি বলেন, ‘ইরিত্রিয়ায় মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হচ্ছেÑএমন বিশ্বাস করার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ রয়েছে।’

বাবিকার আরও জানান, ‘দেশটিতে পরিকল্পিতভাবে মানুষকে জোরপূর্বক গুম করা, কোনো অভিযোগ বা বিচার ছাড়াই দীর্ঘ সময় ধরে যোগাযোগবিহীনভাবে আটক রাখা, নির্যাতন করা, এবং বিরোধী রাজনৈতিক ব্যক্তিরা, সাংবাদিক ও ধর্মীয় সম্প্রদায়ের সদস্যদের ওপর দমনপীড়ন অব্যাহত রয়েছে।’

এটি যেন দেশটির শাসন ব্যবস্থার একটি নিয়মিত অংশ হয়ে দাঁড়িয়েছে।

ইরিত্রিয়া ১৯৯৩ সালে ইথিওপিয়া থেকে স্বাধীন হওয়ার পর ৮০ বছর বয়সী ইসাইয়াস আফওয়ার্কির কঠোর শাসনে পরিচালিত হয়ে আসছে। এটি বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন দেশগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হবে : এমপি ওয়াহাব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০১:৪০ পি.এম


ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হবে : এমপি ওয়াহাব

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রক্রিয়া চলমান বলে জানিয়েছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

তিনি জানান, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজটিকে কীভাবে উন্নত করা যায়, সে বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে। শিক্ষামন্ত্রী অধ্যক্ষের নেতৃত্বে একটি টিমকে মন্ত্রণালয়ে আমন্ত্রণ জানিয়েছেন। আগামী ছয় মাসের মধ্যে কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের যে ঘোষণা আসবে, সে ব্যাপারে তিনি আশাবাদী।

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় কলেজের লাইব্রেরি ভবনে অনুষ্ঠিত ফ্রেসার্স অরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এমপি ওয়াহাব আরও বলেন, শিক্ষাঙ্গন বিধ্বস্ত হতে পারে না, রাজনীতিমুক্ত ক্যাম্পাস গঠন করা সম্ভব নয়। শিক্ষার্থীরা রাজনৈতিক চর্চা করতে পারবেন, কারণ গণতান্ত্রিক দেশে এটি মেনে নেওয়া যায়। তবে কলেজের পরিবেশ যাতে নষ্ট না হয়, সেদিকে নজর রাখতে হবে। লেখাপড়ার পাশাপাশি রাজনৈতিক চর্চার সুযোগ দিতে হবে এবং ছাত্রদের কল্যাণের জন্য গঠনমূলক বক্তব্য রাখতে হবে। শিষ্টাচার বজায় রেখে ছাত্র রাজনীতি চালাতে হবে। তবে র‌্যাগ ডে এর নামে কোনো শিক্ষার্থী যেন নির্যাতিত না হয়, সেদিকেও বিশেষ নজর রাখতে হবে।

এ সময় এমপি ওয়াহাব নবীন শিক্ষার্থীদের সাদরে গ্রহণ করে প্রবীণদের পাশে থাকার প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. প্রকৌশলী মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডীন প্রফেসর ড. আব্দুল মজিদ, শিক্ষক প্রফেসর ড. মে. রুস্তম আলী, শিক্ষার্থী রবিন মোল্লা।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, দক্ষিণ জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন খান এবং মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশ কেন বন্ধ? জানালেন অ্যাটর্নি জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০১:৪২ পি.এম


সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশ কেন বন্ধ? জানালেন অ্যাটর্নি জেনারেল

সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে তিনি দুঃখজনক বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। তিনি এ সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সম্মিলিতভাবে প্রধান বিচারপতিকে অনুরোধ জানান।

এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, ট্রাইব্যুনালে দাখিল হওয়া কোনো অভিযোগ যাতে প্রতিহিংসামূলক বা ভুয়া না হয়, সে বিষয়ে প্রসিকিউশন কঠোর অবস্থানে রয়েছে।

শনিবার (২০ জুন) ঢাকাস্থ ক্লাবে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) বার্ষিক সাধারণ সভায় আসনের ভাষণে তারা এসব কথা বলেন।

দুপুরের দিকে রাজধানীর ঢাকা ক্লাবে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সেখানে ছিলেন চিফ প্রসিকিউটর, আইন বিটের সাংবাদিক এবং জ্যেষ্ঠ আইনজীবীরা।

অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, রামিসা হত্যা মামলাটির আপিল শুনানি দ্রুততম সময়ে করার জন্য রাষ্ট্রপক্ষ উদ্যোগ নিয়েছে। একই সাথে সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে প্রধান বিচারপতিকে সম্মিলিতভাবে অনুরোধ করার কথাও বলেন তিনি।

এ সময় তিনি জানান, সুপ্রিম কোর্টের সাংবাদিকতা একটি পেশাদারিত্বের জায়গা ধরে রেখেছে এবং এ অবস্থান ধরে রাখার আহ্বান করেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালে দাখিল হওয়া একটিও অভিযোগ যাতে প্রতিহিংসামূলক ও ভুয়া না হয়, সে বিষয়ে প্রসিকিউশন কঠোরভাবে অবস্থান নিয়েছে। তবে তিনি জানালেন, মামলার সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে দুটি ট্রাইব্যুনালে বিচার কার্যক্রমে চাপ তৈরি হতে পারে।

এ সময় মামলাজট নিরসনে বিভিন্ন সুনির্দিষ্ট প্রস্তাবও তুলে ধরেন জ্যেষ্ঠ আইনজীবীরা।

আইনজীবী শিশির মনির বলেন, সুপ্রিম কোর্টে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার কারণে বিচার বিভাগের সঙ্গে সাংবাদিকদের মধ্যে মানসিক দূরত্ব তৈরি হচ্ছে। বর্তমানে জুলাই এবং আগস্টের বিচার কার্যক্রম ধীরগতি হয়ে গেছে। এর ফলে আলামতগুলো নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।

তিনি রামিসার বিচারের তথ্য তুলে ধরে বলেন, যদি মামলাটি দ্রুত সম্পন্ন হয়, তাহলে রাষ্ট্রের দ্রুত বিচার করার সক্ষমতা রয়েছে প্রমাণিত হবে। সাড়ে বারোশো মৃত্যুদণ্ডের মামলা দ্রুত শেষ করতে স্পেশাল কোর্ট চালু করা যেতে পারে। তবে সবচেয়ে বড় বিষয় বিচার অঙ্গনে বড় ধরনের পরিবর্তন না হলে মানুষের মধ্যে হতাশা কাজ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%