প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশালে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরেও আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের তৎপরতা বৃদ্ধি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত এক বছরে নগরীসহ জেলার বিভিন্ন উপজেলায় তারা গোপনে সভা-সমাবেশ, ঝটিকা মিছিল, বিক্ষোভ ও বিভিন্ন কর্মসূচি পালন করেছে। সর্বশেষ এক সপ্তাহে নগরী ও আশপাশের এলাকায় একাধিক ঝটিকা কর্মসূচির খবর পাওয়া গেছে। আগামী ২৯ ও ৩০ নভেম্বর দলটির ঘোষিত লকডাউন কর্মসূচিকে সামনে রেখে বড় ধরনের নাশকতার আশঙ্কা করছেন কেউ কেউ। এই পরিস্থিতিতে বরিশাল নগরজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে প্রশাসন।
তথ্য অনুসন্ধান করে জানা গেছে, ২০২৫ সালের শেষভাগ থেকে চলতি বছরের নভেম্বর পর্যন্ত বরিশাল নগরী ও জেলার বিভিন্ন স্থানে গোপনে ও আকস্মিকভাবে বেশ কিছু কর্মসূচি পালন করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গত বছরের ২১ সেপ্টেম্বর নগরীর নথুল্লাবাদ এলাকায় তারা মশাল মিছিল করতে নামে। এ সময় স্থানীয় জনতা তাদের কয়েকজনকে ধাওয়া করে পুলিশের হাতে তুলে দেয়। একই বছরের ১৭ ডিসেম্বর গাছ ফেলে সড়ক অবরোধ, বিক্ষোভ ও মশাল মিছিল করেন দলটির নেতাকর্মীরা।
চলতি বছরে এসে তারা কর্মসূচির ধরন পাল্টায়। আন্দোলনের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক কর্মসূচিও পালন করেন। গত মার্চে ইফতার মাহফিলসহ অভ্যন্তরীণ বিভিন্ন কর্মসূচি পালন করেন তারা। ২৭ মার্চ জেলার বিভিন্ন স্থানে ঈদ উৎসবের আয়োজন করে। এপ্রিলে রাজপথে প্রকাশ্যে ঝটিকা কর্মসূচি পালনের চেষ্টা করে। ৪ ও ১৭ এপ্রিল নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে বিক্ষোভ মিছিল বের করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ছাড়া দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২১ ও ২২ জুন নগরীতে ঝটিকা মিছিল করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
গত ১১ সেপ্টেম্বর জুমার পর নগরীর বান্দ রোড ও কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ব্যানার নিয়ে ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের পরপরই নগরীতে অভিযান চালিয়ে সাতজনকে আটক করে পুলিশ। এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট মহানগর যুবলীগ ও জেলা ছাত্রলীগের উদ্যোগে গোপনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৮ নভেম্বর দুপুরে নগরীর পুলিশ লাইন রোড এলাকায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেন। পরদিন সকালে বাংলাবাজার এলাকায় মহানগর যুবলীগের ব্যানারে আরেকটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া ১১ নভেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উজিরপুর, আগৈলঝাড়া, বাবুগঞ্জ ও বানারীপাড়া উপজেলায় কেক কেটে কর্মসূচি পালন করেন যুবলীগের নেতাকর্মীরা।
সর্বশেষ ১৮ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বরিশাল নগরী ও আশপাশের এলাকায় সড়ক অবরোধ, আগুন জ্বালিয়ে বিক্ষোভ এবং যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ ওঠে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে। ওই দিন গভীর রাতে বরিশাল-ঢাকা ও বরিশাল-খুলনা মহাসড়কের পৃথক স্থানে মিছিল ও অবরোধের ঘটনা ঘটে। বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর সৈয়দ শামসুদ্দোহা আবিদ নিজের ফেসবুক পেজে এসব ঘটনার ভিডিও প্রকাশ করেন।
তার দেওয়া তথ্য অনুযায়ী, সাবেক সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহর (খোকন সেরনিয়াবাত) অনুসারী মহানগর যুবলীগের নেতাকর্মীরা পৃথক দুটি কর্মসূচিতে অংশ নেন। এর একটি বরিশাল-ঢাকা মহাসড়কের গড়িয়ারপাড় এলাকায় সড়ক অবরোধ। অন্য ঘটনাটি বরিশাল-খুলনা মহাসড়কে ঘটেছে বলে দাবি করা হলেও সুনির্দিষ্ট স্থান উল্লেখ করা হয়নি।
প্রকাশিত ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে মহাসড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে দেখা যায়। এ সময় তাদের বিক্ষোভ মিছিল ও বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়। স্লোগানে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ উঠে আসে। তবে ভিডিওতে উপস্থিত অধিকাংশ ব্যক্তির মুখ ঢাকা থাকায় তাদের সংখ্যা ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, বুধবার রাতে বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর রাজীব হোসেন খানের অনুসারীদের বিরুদ্ধেও গড়িয়ারপাড় এলাকায় মহাসড়কে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, ওই অবরোধ বেশিক্ষণ স্থায়ী হয়নি। একই এলাকায় সড়কে ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিলের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ৩৯ ও ৫৬ সেকেন্ডের ভিডিও দুটির সূত্র ধরে গড়িয়ারপাড় এলাকায় খোঁজ নিলে স্থানীয়রা জানান, ভোররাতের দিকে মহাসড়কে অল্প সময়ের জন্য মিছিলের শব্দ শোনা গেছে।
এ ছাড়া নগরীর বিএম কলেজের সামনের সড়কে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং সিএন্ডবি রোডে গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসে অগ্নিসংযোগ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বাবুগঞ্জেও দলটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন বলে জানা গেছে।
সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় রাতভর বরিশাল নগরী ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরাও সতর্ক অবস্থানে ছিলেন। এর মধ্যেও বিভিন্ন স্থানে ঝটিকা কর্মসূচি পালনের ঘটনা ঘটে।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) আওতাধীন মহাসড়কের কোনো অংশে সড়ক অবরোধ বা প্রতিবন্ধকতা সৃষ্টির খবর তাদের কাছে ছিল না।
বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ আমার দেশকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কোনো অপতৎপরতা ঠেকাতে বরিশাল নগরজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। নগরীর সব সিসিটিভি ক্যামেরা সচল করা হয়েছে। বাড়ানো হয়েছে মোবাইল টিম ও গোয়েন্দা নজরদারি। নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বসানো চেকপোস্টও ভালোভাবে কাজ করছে।
নিষিদ্ধ সংগঠনের যে কোনো অপতৎপরতা নস্যাৎ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে জানিয়ে পুলিশ কমিশনার বলেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দু-একটি স্থানে অপতৎপরতা চালানোর ঘটনা ঘটেছে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে তথ্য দিয়ে সাধারণ মানুষকে সহযোগিতার আহ্বান জানান তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন