ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

মরক্কোকে হালকাভাবে দেখছেন না কুমান


মরক্কোকে হালকাভাবে দেখছেন না কুমান

গ্রুপ সেরা হয়ে ব্রাজিলকে এড়িয়েছে নেদারল‍্যান্ডস। কিন্তু শেষ বত্রিশের প্রতিপক্ষ মোটেও তাদের জন্য সহজ নয়, খেলতে হবে গত আসরের সেমি-ফাইনালিস্ট মরক্কোর বিপক্ষে। ডাচ কোচ রোনাল্ড কুমান নিশ্চিত, নকআউট পর্বের শুরুতে তার দলকে ভীষণ কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে।

বাংলাদেশ সময় শুক্রবার ভোরের ম্যাচে তিউনিসিয়াকে ৩-১ গোলে হারিয়ে ‘এফ’ গ্রুপ সেরা হয়েছে নেদারল‍্যান্ডস। আগামী মঙ্গলবার মন্তেরেইয়ে ‘সি’ গ্রুপ রানার্সআপ মরক্কোর মুখোমুখি হবে তারা। এই লড়াই নিয়ে নেদারল্যান্ডস কোচ বেশ সাবধানী।

তিনি বলেন, ‘আমি নিশ্চিত নই, মরক্কোর বিপক্ষে ম্যাচে আমরা ফেভারিট কিনা। আমাদের মরক্কের জন্য প্রস্তুতি নিতে হবে। কারণ, এটা হবে একটি বড় ম্যাচ। তারা মানসম্পন্ন একটি ভালো দল, এবং তারা সহজেই গোল করতে পারে।’

আরও পড়ুন: তাহসিফের মৃত্যু: দীপের গুরুত্বপূর্ণ তথ্য, রিমান্ড শেষে কারাগারে পাঠানো

এখনই রাউন্ড অব ৩২ বাদ দিয়ে পরের সম্ভাব্য ম্যাচগুলো নিয়ে ভাবতে চান না কুমান। তিনি জানান, ‘আমার মনে হয় না, আমরা এমন পরিস্থিতিতে আছি যে, সেটা নিয়ে এখনই ভাবতে পারি। আমরা সত্যিকার পরীক্ষার দিকে এগিয়ে যাচ্ছি। আর আমরা সেটার জন্য প্রস্তুতি নিচ্ছি।’

সহজেই নকআউটে খেলা নিশ্চিত হলেও, তিনি রক্ষণ নিয়ে ভাবনায় আছেন। কারণ টানা সাত ম্যাচ গোল হজম করেছে তার দল। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা এই ব্যাপারটায় মনোযোগ দিয়েছি। এক বা দুই জন খেলোয়াড় সঠিক জায়গায় নেই। প্রতিপক্ষকে থামানো হচ্ছে না। আর এই বিষয়গুলো নিয়ে আমরা খেলোয়াড়দের সঙ্গে কথা বলব। গোল পাওয়া খেলারই অংশ। আমরা তিন ম্যাচে ১০ গোল করেছি।’

গ্রুপ পর্ব শেষ, এখন দলকে আসল লড়াইয়ের জন্য প্রস্তুত হতে বলেছেন কুমান। তিনি জানান, ‘যদি আমরা ভালো খেলি, ম্যাচ জিতব। কারণ, এখন যদি আপনি ম্যাচ হারেন, তাতে বাড়ি ফিরে যাবেন। আর যদি জয় পান, তাহলে টুর্নামেন্টে টিকে থাকবেন। অবশ্যই এই টুর্নামেন্টে আমরা অনেক দূর যেতে চাই।’

আরও পড়ুন: সম্পত্তির বিরোধে বাবা-বোনকে গাছে বেঁধে মাকে তুলে নিলেন ছেলে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৩:৪১ পি.এম


ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান

হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম বলেছেন, ইসরায়েলকে কোনো শর্ত ছাড়াই লেবানন ছেড়ে যেতে হবে। তিনি বলেন, ইসরায়েল শুধুমাত্র মিসাইলের কারণে লেবাননে আসেনি। তারা মূলত লেবাননকে পুরোপুরি গিলে খেতে এবং দখল করতে চায়।

অন্যদিকে, ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলি বিমানকে থামাতে ব্যর্থ হয়, তবে তারা এর কঠিন জবাব দেবে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান কমান্ড ‘খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স’ এই হুমকি দিয়েছে এক বিবৃতিতে।

তারা আরও বলেছেন, কিছু প্রতিবেশী দেশের আকাশে সামরিক বিমানের আনাগোনা অত্যন্ত বিপজ্জনক। তেহরান এটিকে ইরানের জন্য বড় একটি হুমকি মনে করে।

ইরানের বার্তা সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে থামাতে বা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, তবে ইরান চুপ থাকে না। ইরান নিজের বিরুদ্ধে কোনো হুমকি মেনে নেবে না এবং এই বিপজ্জনক কাজের জবাব দেওয়ার অধিকার তাদের রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘অপারেশন সিন্দুর’-এ নিহত সেনাদের নাম প্রথমবার প্রকাশ করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৩:৪২ পি.এম


‘অপারেশন সিন্দুর’-এ নিহত সেনাদের নাম প্রথমবার প্রকাশ করল ভারত

গত বছর মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে ভারত একটি সামরিক অভিযান চালায়। এই অভিযানের নাম ‘অপারেশন সিন্দুর’ রাখা হয়েছিল। এই অপারেশনে ভারতের সেনাবাহিনীর পাঁচজন এবং বিমানবাহিনীর একজন সদস্য নিহত হন। এবার ভারত সরকার প্রথমবারের মতো সেই ছয় সেনার নাম প্রকাশ করেছে।

ভারতের সেনাবাহিনী জানায়, জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে নিহত এই সেনাদের নাম খোদাই করে লেখা হবে। নিহত সেনাদের মধ্যে রয়েছেন—সুবেদার মেজর পবন কুমার, রাইফেলম্যান সুনীল কুমার, ল্যান্স নায়েক দীনেশ কুমার, অগ্নিবীর মুরালি নায়েক, হাবিলদার সুনীল কুমার সিং এবং বিমানবাহিনীর সার্জেন্ট সুরেন্দ্র কুমার। ২০২৫ সালে অন্যান্য সামরিক অভিযানে নিহত সব সেনার তালিকার সঙ্গে তাদের নামও প্রকাশ করা হবে।

ভারতের জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে ‘ত্যাগ চক্র’ বা ত্যাগের বৃত্ত নামক একটি বিশেষ স্থান রয়েছে। সেখানকার গ্রানাইট পাথরের তৈরি ১৬টি গোলাকার দেয়াল রয়েছে। ভারত বাংলাদেশের স্বাধীনতার পর যেসব সেনা নিহত হয়েছেন, তাদের নাম, পদবি এবং ইউনিটের নাম এই দেয়ালে লেখা হয়। এখন ‘অপারেশন সিন্দুর’-এ নিহত এই ছয়জনের নামও সেখানে স্থায়ীভাবে লেখা হবে।

গত বছরের ৭ মে ভারত এই সামরিক হামলা শুরু করেছিল। ভারতের দাবি অনুযায়ী, জম্মু ও কাশ্মীরের পাহেলগামে একটি সন্ত্রাসী হামলায় ২৬ জন মানুষ প্রাণ হারান। এর প্রতিশোধ হিসেবে ভারত, পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

হামলার পর পাকিস্তানও দ্রুত পাল্টা জবাব দেয়। সীমান্তে দুই দেশের মধ্যে বিমান যুদ্ধ, ড্রোন হামলা ও ভারী গোলাবর্ষণ শুরু হয়ে যায়। দুই দেশের মধ্যে চলমান এই সংঘাত চার দিন পর ১০ মে শেষ হয়।

এই সামরিক অভিযানের নাম ‘অপারেশন সিন্দুর’ রাখার পেছনে বিশেষ অর্থ ছিল। বিবাহিত হিন্দু নারীরা সাধারণত সিঁদুর ব্যবহার করেন। পাহেলগামের হামলায় যে নারীরা তাদের স্বামীদের হারিয়ে বিধবা হয়েছেন, তাদের প্রতিশোধের প্রতীক হিসেবেই এই নাম নির্বাচন করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৩:৪৯ পি.এম


নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে মানববন্ধন

জাতিসংঘ ঘোষিত ‘নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে ময়মনসিংহে র‌্যালি, মানববন্ধন এবং সংহতি সমাবেশ করেছে মানবাধিকার সংগঠন অধিকার-এর ময়মনসিংহ নেটওয়ার্ক।

শুক্রবার (২৬ জুন) সকাল ১১টায় ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও সংহতি সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, এবং পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং নির্যাতনের শিকার ব্যক্তিরা অংশ নেন। কর্মসূচি সঞ্চালনা করেন অধিকারের ময়মনসিংহ সমন্বয়কারী ও সাংবাদিক আব্দুল কাইয়ুম।

মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ময়মনসিংহ জেলা কমিটির আহ্বায়ক এটিএম মাহবুবুল হক ও হিউম্যান ডিফেন্ডার্স সোসাইটির জেলা সভাপতি মাজহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি আব্দুল বারী, দৈনিক নয়াদিগন্ত-এর ঈশ্বরগঞ্জ প্রতিনিধি আব্দুল আউয়াল, দৈনিক আমার দেশ-এর ঈশ্বরগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, দৈনিক জনবাণী-এর জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম তরফদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সমাবেশে বক্তারা মানবাধিকার রক্ষাকর্মীদের ওপর সব ধরনের বাধা ও হয়রানি বন্ধের দাবি জানান। একই সঙ্গে নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার সুরক্ষায় সামাজিক আন্দোলন জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

মানববন্ধন থেকে মানবাধিকার সংগঠন অধিকার দেশের সব মানুষকে নির্যাতনবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়া এবং মানবাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশকে ইকোনমিক করিডোরের প্রস্তাব দিয়েছে চীন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৩:৫৮ পি.এম


বাংলাদেশকে ইকোনমিক করিডোরের প্রস্তাব দিয়েছে চীন

বাংলাদেশের সঙ্গে মিয়ানমারকে নিয়ে একটি ইকোনমিক করিডোর স্থাপনের প্রস্তাব জানিয়েছে চীন। এ বিষয়ে আলোচনা ঘটেছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠকে।

শুক্রবারের (২৬ জুন) স্থানীয় সময় দুপুরে চীনের বেইজিংয়ে শি জিনপিং ও তারেক রহমানের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শি জিনপিংয়ের আলোচনার মাধ্যমে দুই দেশের ‘দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্ব’ নতুন মাত্রায় উন্নীত হয়ে গেছে। শি জিনপিং আশ্বস্ত করেছেন যে বাংলাদেশ উন্নয়নে চীন বিশ্বস্ত বন্ধু হিসেবে পাশে থাকবে।

হুমায়ুন কবির বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে জোরালো সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চীন। বাংলাদেশ ব্রিকস এবং সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনে যুক্ত হতে চাইলেই দেশটি স্বাগত জানাবে। তারা এলডিসি থেকে উত্তরণের পরও শুল্কমুক্ত সুবিধাসহ বিভিন্ন বাণিজ্য সুবিধা অন্তত আরও তিন বছর অব্যাহত রাখতে সমর্থন দেবে। এছাড়া বাংলাদেশকে প্রায় ৩০০ মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরে ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) সই করা হয়েছে বলে মাহদী আমিন জানান। তিনি বলেন, এর মধ্যে দুই দেশের সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে ১৩টি, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের ৩টি এবং রাজনৈতিক দল হিসেবে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে একটি সমঝোতা সই হয়েছে। খুব শিগগিরই দুই দেশের সম্মতির ভিত্তিতে ১৬ দফাসংবলিত একটি যৌথ ইশতেহার প্রকাশিত হবে।

মাহদী আমিন বলেন, তিস্তা মহাপরিকল্পনা ও দেশের অন্যান্য নদী ব্যবস্থাপনায় সহযোগিতা করতে চায় চীন। সেইসঙ্গে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত ইকোনমিক করিডোর স্থাপনের কথাও আলোচনা হয়েছে।

তিনি জানান, কানেক্টিভিটির বিষয়ে শি জিনপিংয়ের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে, যেখানে বাংলাদেশের, মিয়ানমারের এবং চীনের মধ্যে একটি ‘ইকোনমিক করিডর’ তৈরির প্রস্তাব এসেছে। এর উদ্দেশ্য হবে এই অঞ্চলে অর্থনৈতিক লেনদেন ও বহুমাত্রিক পরিবহনব্যবস্থা সম্প্রসারণ করা। এছাড়া চট্টগ্রাম ও মোংলা বন্দরকে আধুনিকায়ন করে একটি আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার বিষয়েও আলোচনা করা হয়েছে।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়েছে। মাহদী আমিনের ভাষ্যমতে, চীন রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনক প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে যেকোনো সংলাপে মধ্যস্থতা করার প্রতিশ্রুতি দিয়েছে।

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা আরও জানিয়েছেন, বৈঠকে দুই দেশের মধ্যে পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ে ‘টু প্লাস টু’ সংলাপ চালু করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এখন থেকে বাংলাদেশ ও চীনের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদের মধ্যে নিয়মিত ভিত্তিতে উচ্চপর্যায়ের সংলাপ হবে।

মাহদী আমিন বলেন, এই সফরে চীনের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব ও কৌশলগত সম্পর্কের ভিত্তি স্থাপন হয়েছে। মিউচুয়াল ট্রাস্ট, আত্মনির্ভরতা ও সম্মানের সম্পর্কের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে চান।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে বেইজিংয়ে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত রোববার (২১ জুন) মালয়েশিয়া সফরের মাধ্যমে তার প্রথম সরকারি বিদেশ সফর শুরু করেন তিনি। সেখান থেকে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সামার দাভোস ২০২৬-এ অংশ নিতে চীনের দালিয়ান শহরে যান। সেখানে দুই দিন বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পর বুধবার (২৪ জুন) বিকেলে বেইজিং পৌঁছান।

বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ের গ্রেট হলে তাকে লালগালিচা সংবর্ধনাসহ উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। পরে দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের জন্য ১৩টি সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে সই হয়।

শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টায় প্রধানমন্ত্রীর ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে, সফরসঙ্গীদের নিয়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%