সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৪:৪৫ পি.এম
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। আজ (২৩ নভেম্বর) হামে প্রথমবারের মতো মৃত্যু শূন্য দিন হিসেবে চিহ্নিত হয়েছে, যা ৮ মাস পর ঘটল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল রবিবার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত দেশে ১ হাজার ৪১৭ জনকে হামজনিত জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৯৬ জন সরাসরি হাম নিয়ে ভর্তি হয়েছেন।
মোট ১৫ মার্চ থেকে ভাইরাসটির শিকার হয়েছে ২৬ হাজার ২৩২ জন। তবে সন্দেহভাজন রোগীর সংখ্যা প্রায় ১০ গুণ বেশি, যা ২ লাখ ৫৭ হাজার ৯০৭ জন।
এদিকে, এখন পর্যন্ত হামে মৃত্যু হয়েছে ১০৫ জন শিশুর। এছাড়াও, হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২৪৭ জন। তবে গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত বা উপসর্গ নিয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতিসংঘের সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক শান্তিরক্ষা মিশনে (মিনসুকা) ‘ইন্ডিভিজ্যুয়াল পুলিশ অফিসার’ (আইপিও) হিসেবে যোগ দিতে বাংলাদেশ পুলিশের আট কর্মকর্তা ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকা ত্যাগ করেছেন। গতকাল রবিবার (২২ নভেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা রওয়ানা হন।
এই আট সদস্যের প্রতিনিধিদলে একজন পুলিশ সুপার (এসপি), চারজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন নারী পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিনিধিদলের সদস্যরা বর্তমানে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অবস্থান করছেন। আজ সোমবার (২৩ নভেম্বর) তাঁরা চূড়ান্ত গন্তব্য সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের উদ্দেশ্যে রওয়ানা হবেন।
পুলিশ সদর দপ্তর জানায়, মিনসুকা মিশনে এটিই এ যাবৎকালে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চসংখ্যক আইপিও মোতায়েন। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ সম্প্রসারণের ক্ষেত্রে এই মোতায়েন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও বিশ্ব স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশের পেশাদারত্ব, সক্ষমতা ও ধারাবাহিক অঙ্গীকারের বহিঃপ্রকাশ হিসেবে এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হামের প্রকোপ শুরু হওয়ার পর দীর্ঘ আট মাসেরও বেশি সময় পেরিয়ে অবশেষে দেশের জনগণের জন্য একটি স্বস্তির খবর এসেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নিশ্চিত কিংবা সন্দেহজনক–কোনো ধরনের হামে আক্রান্ত হয়ে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। তবে এই সময়ের মধ্যে ১ হাজার ৪১৭ শিশুর হাম শনাক্ত করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে গত ২২ নভেম্বর সকাল ৮টা থেকে ২৩ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব তুলে ধরা হয়েছে।
যদিও মৃত্যুর সংখ্যা শূন্যের কোঠায় নেমে এসেছে, তবে সংক্রমণ পুরোপুরি থামেনি। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৯৬ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৩২১ জন।
নতুন শনাক্ত হওয়া ৯৬ জন নিশ্চিত রোগী দেশের তিনটি বিভাগে সীমাবদ্ধ ছিল। এর মধ্যে ঢাকা বিভাগে ৫৩ জন শনাক্ত হয়েছেন, সিলেট বিভাগে ৩৫ জন এবং চট্টগ্রাম বিভাগে ৮ জন নিশ্চিত রোগী পাওয়া গেছে। দেশের বাকি পাঁচ বিভাগ–ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল, খুলনা ও রংপুরে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো নিশ্চিত রোগী শনাক্ত হয়নি।
তবে সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে দেশের আটটি বিভাগেই। ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৭৫ জন, চট্টগ্রামে ২৪৩ জন, সিলেটে ১৭৯ জন, বরিশালে ৯৫ জন, খুলনায় ৯৩ জন, ময়মনসিংহে ৭৬ জন, রাজশাহীতে ৩৮ জন এবং রংপুর বিভাগে ২২ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৬১ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বিপরীতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৩১৪ জন।
স্বাস্থ্য অধিদফতরের সামগ্রিক পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট ২৬ হাজার ২৩২ জন নিশ্চিত এবং ২ লাখ ৫৭ হাজার ৯০৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এই আট মাসে মোট ২ লাখ ৩০ হাজার ৭৯১ জন রোগীকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে, যার মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২২ হাজার ১৯ জন। আর এই সময়ে নিশ্চিত হামে ১০৫ জন এবং সন্দেহজনক হামে ১ হাজার ২৪৭ জনসহ মোট ১ হাজার ৩৫২ জনের প্রাণহানি ঘটেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাকিস্তানের বিনোদন শিল্পে একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। দেশের প্রথম নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সামেট লো’ মুক্তির অপেক্ষায় রয়েছে। এই সিরিজটিতে একসঙ্গে দেখা যাবে পাকিস্তানের বিনোদন জগতের ১০ জন জনপ্রিয় তারকাকে। তাঁদের মধ্যে ফাওয়াদ খান, মাহিরা খান, সানাম সাঈদ, আহাদ রাজা মীর, হামজা আলী আব্বাসি, হানিয়া আমির এবং মায়া আলী অন্তর্ভুক্ত রয়েছেন।
দীর্ঘ সময়ের অপেক্ষা এবং মুক্তির তারিখ পেছানোর পর অবশেষে সিরিজটির মুক্তির সময় নিকটে এসেছে। প্রথমে ২০২৫ সালে মুক্তির পরিকল্পনা থাকলেও বর্তমানে সিরিজটির প্রিমিয়ার ২০২৬ সালের ডিসেম্বরে নেটফ্লিক্সে হবে বলে জানা গেছে। ইতোমধ্যে প্রচার-প্রচারণার প্রস্তুতি শুরু হয়েছে এবং সিরিজটির প্রথম আনুষ্ঠানিক ট্রেলার প্রকাশিত হয়েছে। নির্মাতারা জানিয়েছেন, আগামীকাল ২৪ নভেম্বর সিরিজটির আনুষ্ঠানিক গান ও সংগীত প্রকাশ করা হবে।
ট্রেলার ও গান প্রকাশের ঘোষণা
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সিরিজটির মূল লেখক ফারহাত ইশতিয়াক একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, সিরিজটির প্রথম আনুষ্ঠানিক ট্রেলার প্রকাশিত হয়েছে এবং আগামী ২৪ নভেম্বর এর আনুষ্ঠানিক সাউন্ডট্র্যাক ও সংগীত প্রকাশ করা হবে। এই ঘোষণার পর দর্শকদের মধ্যে সিরিজটি নিয়ে আগ্রহ আরও বেড়েছে।
নেটফ্লিক্সের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের দর্শকদের কাছে পাকিস্তানের বিনোদনশিল্পকে তুলে ধরার ক্ষেত্রে এই সিরিজটিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এক সিরিজে পাকিস্তানের ১০ তারকা
সিরিজটির অন্যতম আকর্ষণ হচ্ছে এর তারকাবহুল অভিনয়শিল্পী দল। এতে অভিনয় করছেন ফাওয়াদ খান, মাহিরা খান, সানাম সাঈদ, আহাদ রাজা মীর, হামজা আলী আব্বাসি, হানিয়া আমির, মায়া আলী, খুশাল খান, ইকরা আজিজ এবং বিলাল আশরাফ। সিরিজে কে কোন চরিত্রে অভিনয় করছেন, তা-ও প্রকাশ করা হয়েছে।
সিরিজে কে কোন চরিত্রে অভিনয় করছেন, তা-ও প্রকাশ করা হয়েছে:
ফাওয়াদ খান — মাহমুদ আখতার
মাহিরা খান — ভিত্তোরিয়া আখতার
সানাম সাঈদ — রুবিনা আখতার
আহাদ রাজা মীর — সিকান্দার শেহরিয়ার
হামজা আলী আব্বাসি — জাহানজাইব
হানিয়া আমির — মারিয়াম মাহমুদ
মায়া আলী — রাহাত
খুশাল খান — জাইন শেহরিয়ার খান
ইকরা আজিজ — লিজা মাহমুদ
বিলাল আশরাফ — ওয়াকার খান
সিরিজটি পরিচালনা ও প্রযোজনা করেছেন মোমিনা দুরাইদ। তাঁর প্রতিষ্ঠান মোমিনা দুরাইদ ফিল্মসের ব্যানারে নির্মিত হয়েছে এই সিরিজটি।
যে গল্প নিয়ে সিরিজ
‘জো বাচে হ্যায় সাং সামেট লো’ নির্মিত হয়েছে জনপ্রিয় উর্দু ঔপন্যাসিক ফারহাত ইশতিয়াকের একই নামের উপন্যাস অবলম্বনে। ২০০৯ সালে ‘খাওয়াতিন ডাইজেস্ট’ সাময়িকীতে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল এই উপন্যাসটি। পরে ২০১৩ সালে বই আকারে প্রকাশিত হলে এটি উর্দু সাহিত্যের পাঠকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।
গল্পের কেন্দ্রে রয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সিকান্দার। অতীতের নানা জটিলতা ও ব্যক্তিগত সংকটের সঙ্গে লড়াই করতে হয় তাকে। অপরদিকে, লিজা একজন প্রাণবন্ত শিল্পী, যিনি নিজেও নানা ব্যক্তিগত টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছেন। ইতালিতে দুজনের দেখা হওয়ার মধ্য দিয়ে গল্পটি এগিয়ে চলে। প্রেম, বিচ্ছেদ, বেদনা ও ঘুরে দাঁড়ানোর নানা অধ্যায় এতে উঠে এসেছে।
পাকিস্তান, যুক্তরাজ্য ও ইতালির বিভিন্ন স্থানে চিত্রায়িত হয়েছে সিরিজটি। আন্তর্জাতিক প্রেক্ষাপটে নির্মিত এই গল্পে ভিন্ন ভিন্ন সংস্কৃতি ও জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরা হবে।
জনপ্রিয় উপন্যাসের গল্প, তারকাবহুল অভিনয়শিল্পী দল এবং নেটফ্লিক্সের মতো বৈশ্বিক ওটিটি প্ল্যাটফর্ম—সব মিলিয়ে ‘জো বাচে হ্যায় সাং সামেট লো’ পাকিস্তানের অন্যতম প্রতীক্ষিত সিরিজ। ডিসেম্বরে এর মুক্তি দেশটির বিনোদনশিল্পকে আন্তর্জাতিক পরিসরে নতুনভাবে পরিচিত করার সুযোগ তৈরি করতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬ : যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশের ক্রীড়া স্থাপনাগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার জন্য নতুন উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে নিরাপত্তাকর্মীদের জন্য নির্ধারিত পোশাক ও নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করা হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক নিরাপত্তাকর্মীদের দায়িত্ব পালনে জবাবদিহি, পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা প্রদান করেছেন।
সোমবার সকালে জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে নিরাপত্তাকর্মীদের সঙ্গে সচেতনতামূলক সভায় তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, জাতীয় স্টেডিয়াম এলাকার পরিবেশ দীর্ঘদিন ধরে সুশৃঙ্খল নয়। মাদক, ছিনতাই, অনৈতিক কর্মকান্ড এবং দোকানিদের অবৈধভাবে ফুটপাত ও চলাচলের জায়গা দখল করে রাখার মতো সমস্যা রয়েছে। নিরাপত্তাকর্মীদের এই অনিয়ম বন্ধ করে স্টেডিয়ামের পরিবেশ ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, নিরাপত্তাকর্মীদের জন্য আলাদা কোনো পরিচিতি ও নির্ধারিত পোশাক ছিল না। নতুন পোশাক ও সরঞ্জাম প্রদানের মাধ্যমে তাদের পেশাগত পরিচিতি এবং দায়িত্ব পালনে সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা কিংবা অনিয়ম গ্রহণযোগ্য হবে না। দায়িত্বে গাফিলতি বা কোনো পক্ষের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়ার বিষয়গুলোও পর্যবেক্ষণ করা হবে।
নিরাপত্তাকর্মীদের ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করার আশ্বাস দিয়ে আমিনুল হক বলেন, যারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন, তাদের মূল্যায়ন করা হবে। পাশাপাশি স্টেডিয়াম এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন ও জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।
জাতীয় স্টেডিয়ামের সার্বিক পরিবেশ উন্নয়নে আরও পরিকল্পনার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, স্টেডিয়ামের প্রবেশ ও বহির্গমন পথ, পুলিশ বক্সসহ বিভিন্ন স্থাপনার সংস্কার করা হবে। স্বাধীন বাংলা ফুটবল দল, আইসিসি ট্রফি জয় এবং দেশের ক্রীড়া ইতিহাসের গৌরবোজ্জ্বল অর্জন ও কৃতী খেলোয়াড়দের স্মৃতি তুলে ধরে স্টেডিয়ামকে আরও খেলাধুলাবান্ধব পরিবেশে সাজানো হবে।
এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা নিরাপত্তাকর্মীদের নতুন পোশাক ও সরঞ্জাম বিতরণের মাধ্যমে করেন প্রতিমন্ত্রী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ