প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাহাঙ্গীর আলম
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : আদালতের পরিবেশ মানেই দীর্ঘ সময় অপেক্ষা, অনিশ্চয়তা এবং ক্লান্তি। মামলার একটি তারিখের জন্য দূর-দূরান্ত থেকে আসা মানুষদের ঘণ্টার পর ঘণ্টা বারান্দায় দাঁড়িয়ে, সিঁড়িতে বসে কিংবা রোদের মধ্যে অপেক্ষা করতে হয়।
যদিও এই ভোগান্তি পুরুষদের জন্য কষ্টকর, তবে নারী ও শিশুদের জন্য এটি আরও বেশি কঠিন হয়ে দাঁড়ায়। এই বাস্তবতায় ঢাকার আদালতপাড়ায় অবস্থিত রেবতী ম্যানশনে নারী ও শিশু বিচারপ্রার্থীদের জন্য নির্ধারিত বিশ্রামাগারটি একটি মানবিক উদ্যোগের নীরব সাক্ষী হয়ে উঠেছে।
বিশ্রামাগারটির বাস্তবায়নে সহযোগিতা করেছে জুডিসিয়াল স্ট্রেনদেনিং প্রজেক্ট, ইউএনডিপি।
বিশ্রামাগারের বাইরে নীল সাইনবোর্ডে উল্লেখ করা হয়েছে- বিচারপ্রার্থী নারী ও শিশু বিশ্রামাগার। পাশেই একটি ছোট বোর্ডে লেখা রয়েছে -এই রুমের ভিতরে পুরুষদের প্রবেশ নিষেধ।
সরেজমিনে দেখা যায়, বিশ্রামাগারের ভেতরে ৩ জনের বসার জন্য ৮টি স্টিলের চেয়ার এবং ৪ জনের বসার জন্য ১টি কাঠের সিট রয়েছে। একসঙ্গে প্রায় ২৮ জন নারী ও শিশু এখানে বসতে পারেন। গরম থেকে স্বস্তি দিতে এখানে ২টি ফ্যান এবং ব্যবহারের জন্য ৩টি টয়লেট রয়েছে। পুরুষদের প্রবেশ নিষেধ থাকায় নারীদের জন্য একটি সম্পূর্ণ নিরাপদ এবং ব্যক্তিগত পরিবেশ নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে বিশ্রামাগারের দায়িত্বে থাকা ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের নাজির মতিউর রহমান বাসসকে বলেন, ‘বিশ্রামাগারটি আমরা যত্নের সঙ্গে রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করি। সকাল সাড়ে ৮টায় বিশ্রামাগারের দরজা খুলে দেওয়া হয়, বিকেল ৫টায় বন্ধ করে দেওয়া হয়। নারী ও শিশু বিচারপ্রার্থীরা যাতে নিরাপদে ও মর্যাদার সঙ্গে বসতে পারেন, সেজন্য পুরুষদের প্রবেশ নিষেধ রাখা হয়েছে এবং এটি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়।’
ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইকবাল হোসেন বাসসকে জানান, ‘রেবতী ম্যানশনে নারী ও শিশু বিচারপ্রার্থীদের জন্য যে বিশ্রামাগারটি রয়েছে, তা অত্যন্ত কার্যকরভাবে চলছে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে আসা নারী ও শিশু বিচারপ্রার্থীরা এখানে নিরাপদে বসছেন, বিশ্রাম নিচ্ছেন। পুরুষ প্রবেশ নিষেধ থাকায় তারা স্বাচ্ছন্দ্যবোধ করছেন। আদালত প্রাঙ্গণে নারী ও শিশুদের জন্য এমন মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।’
আদালতে আগত নারী বিচারপ্রার্থীরা জানান, আগে তাদের বারান্দা বা সিঁড়িতে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। এই বিশ্রামাগার প্রতিষ্ঠিত হওয়ায় ছোট শিশু নিয়ে আসা মায়েরা এখন নিরাপদে বসে শুনানির জন্য অপেক্ষা করতে পারছেন।
সংশ্লিষ্টরা মনে করেন, এখানে বিশুদ্ধ খাবার পানি, ব্রেস্টফিডিং কর্নার এবং তথ্য সহায়তা ডেস্ক যুক্ত করা হলে এই বিশ্রামাগার দেশের অন্যান্য আদালতের জন্য একটি মডেল হতে পারে। ছোট এই উদ্যোগই প্রমাণ করে— একটু যত্ন আর সদিচ্ছা থাকলে বিচারাঙ্গনকে আরও মানবিক করা সম্ভব।
একটি মামলায় হাজিরা দিতে আসা কুমিল্লার মমতাজ বেগম ও চেক ডিজঅনার মামলার বাদী কেরানীগঞ্জ থেকে আসা রেহানা খাতুন জানান, আদালতের কার্যক্রম দুপুরের পর শুরু হবে। তাই ৩/৪ ঘন্টা অপেক্ষার জন্য এ বিশ্রামাগার আমাদের জন্য নিরাপদ ও স্বস্তির জায়গা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন