১০:২০ পি.এম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী যাত্রী এবং তাদের স্বজনদের জন্য নির্মিত বিনামূল্যের বিশ্রামাগারে টয়লেট ব্যবহারের জন্য জনপ্রতি ১০ টাকা দিতে হচ্ছে। এ ছাড়া, বিশ্রামাগারের ফাস্ট ফুডের দোকানে খাবারের দামও স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বলে অভিযোগ করেছেন যাত্রী ও তাদের স্বজনেরা। এর ফলে, দীর্ঘ সময় বিমানবন্দরে অপেক্ষা করতে আসা সাধারণ মানুষ, বিশেষ করে দূরদূরান্ত থেকে আসা নিম্ন আয়ের যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন।
কুয়েতের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আরমান হোসেন প্রায় তিন বছর পর দুই মাসের ছুটিতে দেশে এসেছিলেন। বৃহস্পতিবার ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে সিরাজগঞ্জ থেকে ভোরে রওনা হয়ে সকাল ১১টার দিকে বিমানবন্দরে পৌঁছান। তার ফ্লাইট ছিল সন্ধ্যা সাড়ে ছয়টায়। বিদায় জানাতে তার সঙ্গে এসেছিলেন বাবা আমির হোসেনসহ তিন স্বজন।
বিমানবন্দরের বিশ্রামাগারে অপেক্ষার সময় আরমান হোসেন বলেন, "যানজট এড়াতে ফ্লাইটের কয়েক ঘণ্টা আগেই বিমানবন্দরে এসেছি। এ কারণে স্বজনদের নিয়ে বিশ্রামাগারে অপেক্ষা করছি। কিন্তু সেখানে টয়লেট ব্যবহার করতে জনপ্রতি ১০ টাকা দিতে হচ্ছে। অন্যদিকে, ফাস্ট ফুডের দোকানে খাবারের দামও স্বাভাবিকের তুলনায় প্রায় তিন গুণ বেশি। বাধ্য হয়ে যাত্রী ও স্বজনদের বাড়তি দামে খাবার কিনতে হচ্ছে।"
আরও পড়ুন: মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসা অপব্যবহারের অভিযোগে বাংলাদেশিদের বিরুদ্ধে তদন্ত শুরু
সরেজমিনে বিমানবন্দরের বিশ্রামাগার পরিদর্শন করে এবং যাত্রী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, আরমান হোসেনের মতো বিভিন্ন জেলা থেকে আসা অনেক প্রবাসী যাত্রী ও তাদের স্বজন একই পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। তাদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময়ে নির্মিত এই বিশ্রামাগার শুরুর দিকে বিনা মূল্যে ব্যবহার করা যেত। তখন পরিবেশও তুলনামূলক ভালো ছিল। কিন্তু এখন টয়লেট ব্যবহারের মতো মৌলিক সুবিধার জন্যও টাকা দিতে হচ্ছে।
দেশের বিভিন্ন জেলা ও প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিদিন অসংখ্য মানুষ স্বজনদের বিদেশে পাঠাতে কিংবা বিদেশ থেকে তাদের স্বাগত জানাতে বিমানবন্দরে আসেন। তাদের অনেকেরই ঢাকায় থাকার ব্যবস্থা নেই। ফলে ফ্লাইটের আগে বা পরে দীর্ঘ সময় বিমানবন্দরে অপেক্ষা করতে হয়। এসব মানুষের দুর্ভোগ কমাতে অন্তর্বর্তী সরকারের সময়ে বিমানবন্দরের বহুতল কার পার্কিং ভবনের দ্বিতীয় তলায় প্রবাসী যাত্রী ও তাদের স্বজনদের জন্য বিনা মূল্যে বিশ্রামাগার নির্মাণ করা হয়। উদ্দেশ্য ছিল, দীর্ঘ অপেক্ষার সময় তারা যেন নিরাপদে বিশ্রাম নিতে পারেন এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পান।
তবে বিশ্রামাগারের টয়লেট ইজারা দেওয়ার পর সেই সুবিধার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। যাদের কথা বিবেচনা করে বিশ্রামাগারটি নির্মাণ করা হয়েছে, তাদেরই এখন টয়লেট ব্যবহারের জন্য অর্থ দিতে হচ্ছে। এতে বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিদের বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
যাত্রী ও তাদের স্বজনদের ভাষ্য, বিমানবন্দরে আসা-যাওয়ার পেছনেই অনেকের বাড়তি অর্থ ব্যয় হয়। এর সঙ্গে খাবার ও অন্যান্য খরচ যুক্ত হয়। দীর্ঘ সময় অপেক্ষার মধ্যে অন্তত শৌচাগার ব্যবহারের মতো মৌলিক সুবিধা বিনা মূল্যে পাওয়ার প্রত্যাশা তাদের। বিশ্রামাগারে টয়লেট ব্যবহারে টাকা নেওয়ায় সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না।
আরও পড়ুন: মোসাদের অপহরণ ও হত্যার চাঞ্চল্যকর তথ্য: তুরস্কে ইরানি জেনারেল
এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সংশ্লিষ্ট শাখার পরিচালক ইসরাত সাদমিনের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সভায় ব্যস্ত থাকার কথা জানিয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ জানান, জনবলসংকটের কারণে বিমানবন্দরের বিশ্রামাগারের ওয়াশরুম ইজারা দিয়েছে কর্তৃপক্ষ। বিমানবন্দরের বহুতল কার পার্কিং ভবনের দ্বিতীয় তলায় প্রবাসী যাত্রী ও তাদের স্বজনদের জন্য এই বিশ্রামাগার নির্মাণ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে এটি তৈরি করা হয়।
তবে বিমানবন্দরে কর্মরত প্রবাসী কল্যাণ ডেস্কের একজন কর্মচারীসহ কয়েকজনের প্রশ্ন, জনবলসংকটের কারণে বিশ্রামাগারের টয়লেট ইজারা দিয়ে বেসরকারি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়া কতটা যুক্তিসংগত ও নিরাপদ? তাদের প্রশ্ন, বিমানবন্দরের মূল টার্মিনালের ভেতরে থাকা একাধিক টয়লেট পরিচালনায় যদি জনবলসংকট না থাকে, তাহলে বিশ্রামাগারের টয়লেট পরিচালনায় সেই সংকট কেন?
বিমানবন্দরের অপর এক কর্মকর্তা জানান, সম্প্রতি ‘কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপার্স’ নামের একটি প্রতিষ্ঠানকে বিশ্রামাগারের টয়লেট ইজারা দিয়েছে বেবিচক। ইজারাদার প্রতিষ্ঠানের এক কর্মীও নিশ্চিত করেছেন, টয়লেট ব্যবহারের জন্য জনপ্রতি ১০ টাকা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: ২০০ সন্ত্রাসী প্রস্তুত, অমিতাভ ও অভিষেক বচ্চনকে হত্যার হুমকি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন