ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান টেস্ট দিয়ে অভিষেক হচ্ছে ব্রায়ান লারা স্টেডিয়ামের


ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান টেস্ট দিয়ে অভিষেক হচ্ছে ব্রায়ান লারা স্টেডিয়ামের

আগামীকাল ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হতে যাচ্ছে। এই স্টেডিয়ামে এই প্রথমবারের মতো কোন টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ সময় অনুযায়ী রাত ৮টায় টেস্টটি শুরু হবে।

ব্রায়ান লারা স্টেডিয়ামে ওয়ানডে-টি-টোয়েন্টি এবং আঞ্চলিক প্রথম শ্রেণির ম্যাচ অনুষ্ঠিত হলেও, কখনো টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়নি। এই পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের মাধ্যমে ত্রিনিদাদের দ্বিতীয় এবং ক্যারিবীয়দের ১৩তম টেস্ট ভেন্যু হিসেবে নাম লেখাতে যাচ্ছে এই স্টেডিয়ামটি।

মাত্র তিন সপ্তাহ আগে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচ ও সিরিজ জয়ের স্বাদ পেয়েছিলেন রোস্টন চেজ। অ্যান্টিগায় অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে শ্রীলংকাকে ইনিংস ও ২১৭ রানের বড় ব্যবধানে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ জয়লাভ করে। এরপর দ্বিতীয় ও শেষ টেস্ট ড্র হয়। ফলে ক্যারিবীয়রা সিরিজটি ১-০ ব্যবধানে জিতে নেয়।

আরও পড়ুন: বাংলাদেশ ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে

ডান হাতের তর্জনীতে চوٹের কারণে সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি চেজ।

চেজকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামি মন্তব্য করেছেন, ‘চেজ একজন যোদ্ধা। আমি জানি, সে কোনোভাবেই টেস্ট ক্রিকেট মিস করতে চাইবে না। আমাদের ফিজিও ডেনিস বায়ামের ওপর আমার আস্থা আছে। আমি নিশ্চিত, প্রথম টেস্টে চেজকে পাওয়া যাবে।’

গত মাসে শ্রীলংকার বিপক্ষে সিরিজ জয়ের আগে সর্বশেষ ২০২৩ সালে টেস্ট সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। তারা জিম্বাবুয়ে সফরে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নেয়।

এছাড়া ২০২২ সালে বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ লাভ করেছিল ওয়েস্ট ইন্ডিজ।

আরও পড়ুন: পাকিস্তানের তাইয়্যাব আরিফ অভিষেক ম্যাচে গড়লেন নতুন রেকর্ড

শ্রীলংকার বিপক্ষে সিরিজ জয়ের একাদশে বড় কোন পরিবর্তনের সম্ভাবনা নেই ওয়েস্ট ইন্ডিজ দলের। তবে ম্যাচের শেষের দিকে পিচের সহায়তা বিবেচনায় পেসার অ্যান্ডারসন ফিলিপের জায়গায় বাঁ-হাতি স্পিনার জোমেল ওয়ারিকানকে একাদশে যুক্ত করতে পারে ক্যারিবীয়রা।

টেস্ট ক্রিকেটে বাজে সময় চলছে পাকিস্তানের। তারা দুই মাস আগে বাংলাদেশের কাছে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারিয়েছে। এরপর নতুনভাবে দল সাজানোর সময় শান মাসুদকে সরিয়ে পুনরায় বাবর আজমকে টেস্ট অধিনায়ক হিসেবে নিযুক্ত করেছে পাকিস্তান।

গেল সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজ সিলেক্ট একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করে নিজেদের প্রস্তুত করেছে আজান আওয়াইস ও বাবর। এছাড়া দলের অন্যান্য ব্যাটাররাও রান পেয়েছেন।

ব্যাটারদের পাশাপাশি বোলাররাও নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছেন। প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে ৩৭ রানে ৫ উইকেট নিয়েছেন পেসার মোহাম্মদ আলী।

আরও পড়ুন: ইয়ামালকে হারিয়ে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জিতলেন এমবাপ্পে

বিদেশের মাটিতে টানা সাত টেস্টে হারার হতাশাজনক রেকর্ড ভাঙতে মুখিয়ে আছে পাকিস্তান। দলের অধিনায়ক বাবর বলেছেন, ‘আমরা সবকিছু নতুনভাবে শুরু করতে চাই। দলের সবাই টেস্ট ক্রিকেটে নিজেদের সেরাটা উজাড় করে দিতে মুখিয়ে আছে। আশা করি, এই সিরিজ স্মরণীয় হয়ে থাকবে।’

২০০৫ সালে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল। পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত দুই ম্যাচের সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছিল। ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজও ১-১ সমতায় শেষ হয়েছিল।

এখন পর্যন্ত ৫৬ টেস্টে মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। এর মধ্যে ক্যারিবীয়দের জয় রয়েছে ১৯ ম্যাচে এবং পাকিস্তান জিতেছে ২২ ম্যাচে। বাকি ১৫ ম্যাচ ড্র হয়েছে।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়শিপের চতুর্থ চক্রে পয়েন্ট টেবিলের তলানির দুই দল হলো ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।

আরও পড়ুন: মায়ের ওষুধ কিনে ফেরার পথে নিষিদ্ধ লীগের ককটেল হামলায় আহত শিক্ষার্থী

১০ ম্যাচ খেলে ১টিতে জিতে ১৫ শতাংশ পয়েন্ট নিয়ে অষ্টম অবস্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অপরদিকে চার টেস্টের একটিতে জিতে ৮ দশমিক ৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের নবম এবং শেষ স্থানে রয়েছে পাকিস্তান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বজয়ের পর ক্লাবে ফিরেই সতীর্থদের ভালোবাসায় ভাসলেন মন্তিয়েল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


বিশ্বজয়ের পর ক্লাবে ফিরেই সতীর্থদের ভালোবাসায় ভাসলেন মন্তিয়েল

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে হেরে যায় আর্জেন্টিনা, সোনালি ট্রফি তাদের হাতছাড়া হয়ে যায়। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের স্বপ্ন ভাঙার ফলে মনোকষ্ট নিয়ে দেশে ফিরে গেছেন আলবেসিলেস্তার দলের সদস্যরা।

বিভিন্ন ক্লাবে ফিরছেন খেলোয়াড়রা। বিশ্বকাপের দুর্দান্ত পারফরম্যান্সের পর ক্লাবে ফিরে এসে বিশ্বকাপের নায়ক গনজালো মন্তিয়েলকে রিভার প্লেটের সতীর্থ ও স্টাফরা এক আবেগঘন ও উজ্জ্বল অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বরণ করেন।

কাতার বিশ্বকাপে ফাইনাল নির্ধারণী পেনাল্টি স্কোরার এই ডিফেন্ডার দীর্ঘ ইউরোপীয় অধ্যায় শেষ করে তার শৈশবের ক্লাবে ফিরে আসেন। বিশ্বমঞ্চে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে নিজ ঘরে ফিরে গেছেন এই বিশ্বকাপজয়ী রাইট-ব্যাক।

সেভিয়া থেকে ৪.৫ মিলিয়ন ডলারের চুক্তির মাধ্যমে ক্লাবে যোগ দেওয়ার পর, তাঁর প্রথম অনুশীলনের দিনেই সতীর্থরা তাঁকে ‘গার্ড অব অনার’ এবং করতালির মাধ্যমে স্বাগত জানান।

দলে থাকা অন্যান্য বিশ্বকাপজয়ী তারকা—ফ্রাঙ্কো আরমানি, জার্মান পেজেলা ও মার্কোস আকুনিয়া আমাদের এক উষ্ণ আলিঙ্গনের মাধ্যমে মন্তিয়েলের প্রত্যাবর্তনকে আরো বিশেষ করে তোলে।

২০১৬ সালে এই ক্লাবেই তাঁর পেশাদার ক্যারিয়ার শুরু হয়েছিল। দীর্ঘ সময় পর পুরনো সতীর্থদের সঙ্গে পুনর্মিলন এবং ক্লাবের ড্রেসিংরুমের এই আনন্দঘন পরিবেশ পুরো ফুটবল মহলে ইতিবাচকভাবে প্রশংসিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ জুট করপোরেশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন মামুন হাসান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৯:০৮ পি.এম


বাংলাদেশ জুট করপোরেশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন মামুন হাসান

সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন করে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। এর মধ্যে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিবের পদ ছাড়া বাকি ১১টি সংস্থায় গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের জন্য এ নিয়োগ দেয়া হয়।

বৃহস্পতিবার (২৩) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে উপসচিব মো. গোলাম রব্বানীর স্বাক্ষর করা আলাদা ১২টি প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক পদে গ্রেড-২ পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. সালাহ্উদ্দিন সরকার।

এ ছাড়া গ্রেড-২ পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া অন্য কর্মকর্তারা হলেন: বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক পদে মোহাম্মদ রাশেদুল হক, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান পদে এ টি এম আবদুল বারী ড্যানী এবং বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব পদে মো. কামরুজ্জামান (কামরুজ্জামান দুলাল)।

একই পদমর্যাদায় বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান পদে আবদুল খালেক, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান পদে মো. শামসুজ্জামান (সুরুজ), বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে কাজী রওনাকুল ইসলাম (টিপু), বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান পদে মো. জাকির সিদ্দিকি, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান পদে বেনজীর আহমেদ এবং বাংলাদেশ জুট করপোরেশনের চেয়ারম্যান পদে মো. মামুন হাসান নিয়োগ পেয়েছেন।

নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. সামসুল আলম।

নিয়োগের শর্ত হিসেবে প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে যুক্ত থাকলে তা ছিন্ন করার শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তাদের এই চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফাইনালে আর্জেন্টিনার ফুটবলারদের আচরণে বিস্ময় প্রকাশ স্প্যানিশ কোচের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৯:১০ পি.এম


ফাইনালে আর্জেন্টিনার ফুটবলারদের আচরণে বিস্ময় প্রকাশ স্প্যানিশ কোচের

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার খেলোয়াড়দের আচরণে ক্ষুব্ধ ও বিস্মিত হয়েছিলেন বলে জানিয়েছেন স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে। ম্যাচের ১০৬ মিনিটে ফেররান তোরেসের করা গোলে দ্বিতীয়বারের জন্য শিরোপা জয় করেছে লামিন ইয়ামালরা।

ম্যাচ শেষের বাঁশি বাজার পরপরই দেখা যায় আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে, যে স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়া এবং মিডফিল্ডার গাভির সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। এই ঘটনার পর পরিস্থিতি শেষ পর্যন্ত হাতাহাতির আকার নেয়। খেলোয়াড়দের শান্ত করতে মেসিদের কোচ লিওনেল স্কালোনিকে হস্তক্ষেপ করতে হয়েছে।

এই ঘটনার প্রেক্ষিতে তদন্তের জন্য ফিফা একজন শৃঙ্খলা ও নৈতিকতা বিষয়ক প্রসিকিউটর নিয়োগ করেছে। স্পেনের সরকারি সম্প্রচারমাধ্যম টিভিই-কে সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে বলেন, আর্জেন্টিনার খেলোয়াড়দের আচরণ ছিল অগ্রহণযোগ্য। এমন উচ্চমানের খেলোয়াড়দের কাছ থেকে এই আচরণ আমার কাছে অসহনীয় ও অগ্রহণযোগ্য মনে হয়েছে। যদিও এর আগের দিনগুলোতে আমি তাদের প্রশংসা করছিলাম এবং তাদের একজন চমৎকার কোচও রয়েছেন।

তিনি উল্লেখ করেন, আমি সেই ধরনের আগ্রাসন ও উসকানির মুখে আমাদের খেলোয়াড়দের আচরণের বিষয়টি তুলে ধরতে চাই। আমাদের খেলোয়াড়রা সবসময়ই সংযত ছিলেন এবং প্রকৃত পেশাদারের মতো আচরণ করেছেন। তবে ফাইনালের পরবর্তী ওই বিবাদের ঘটনায় আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালা নিজের ভূমিকার জন্য ক্ষমা চেয়েছেন।

দে লা ফুয়েন্তে, যিনি স্পেনের হয়ে ২০২৪ সালে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপও জিতেছেন, বলেন, ২০৩০ সালে যৌথভাবে আয়োজিত বিশ্বকাপে জাতীয় দলের কোচ হওয়া ‘যেকোনো কোচের জন্য অত্যন্ত গর্বের বিষয় হবে’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বিএনপি নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করবে’: বিজন কান্তি সরকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৯:১০ পি.এম


‘বিএনপি নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করবে’: বিজন কান্তি সরকার

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার বলেন, আপনারা অনেকেই কাছে এসে আমার কাছে বলেন, আপনাদের নিরাপত্তা নিশ্চিত হবে না, আপনারা এই দেশে থাকতে পারবেন না, আপনাদের সঙ্গে ভালো আচরণ করা হবে না। এসব কথাগুলো মিথ্যা প্রমাণ করতেই আমরা আজ আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি।

তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, কারও কথায় কান দেবেন না। আপনারা কান দেননি, আর কান না দিয়েই বিএনপিকে নির্বাচনে জয়ী করেছেন। এখন বিএনপির পালা। বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে, অধিকার দেবে, বিচার দেবে। আপনারা যেন বিচার পান, নিরাপত্তা পান, অধিকার পান। যোগ্যতা অনুযায়ী কাজ পান। শিক্ষা, হাসপাতালসহ সব জায়গায় আপনাদের ন্যায্য পাওনা যেন নিশ্চিত হয়।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ঢাকার ধামরাই পৌর এলাকার কায়েতপাড়া রথখোলায় শ্রী শ্রী যশোমাধবের ঐতিহ্যবাহী রথযাত্রার উল্টো রথ উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এদিন উল্টো টানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয় ধামরাইয়ের প্রায় ৪০০ বছরের ঐতিহ্যবাহী যশোমাধবের রথযাত্রা। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই আয়োজনে হাজারো ভক্ত অংশ নেন। তবে রথযাত্রা শেষ হলেও এ উপলক্ষে আয়োজিত মাসব্যাপী মেলা চলবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন, ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ প্রমুখ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জগন্নাথ মন্দির কমিটির সভাপতি মেজর জেনারেল জীবন কানাই দাস (অব:)। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুকান্ত বণিক।

বিজন কান্তি সরকার বলেন, আমরা বকশিশ চাই না, হিসাবের পাওনা চাই। আমি সনাতনী, খ্রিষ্টান, বৌদ্ধসহ বিভিন্ন পিছিয়ে পড়া সম্প্রদায়ের পক্ষ থেকে বিএনপির নেতৃবৃন্দ এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের ন্যায্য পাওনা নিশ্চিত করার আহ্বান জানাই।

তিনি বলেন, এর আগেও আমি এখানে এসেছি। কিন্তু আজকের মতো এত সুন্দর সমাবেশ আমি আগে দেখিনি। আমি ঘুরে বেড়িয়েছি এবং এমন ভিড়ও আগে দেখিনি। আওয়ামী লীগের আমলেও একবার পরিবার নিয়ে সাধারণ মানুষ হিসেবে রথযাত্রায় এসেছিলাম। কিন্তু আজ যে উৎসাহ-উদ্দীপনা দেখছি, তা আগে দেখিনি। এতে বুঝতে পারছি, আপনাদের মনে অনেক প্রশান্তি ও আস্থা তৈরি হয়েছে। ভবিষ্যতেও সেই আস্থা থাকবে, আমরাও আপনাদের পাশে থাকব। সবাই মিলে বলি, জগন্নাথ দেব আমাদের মঙ্গল করবেন, সুস্থভাবে চলতে সহায়তা করবেন, আমাদের ধারণ করবেন এবং লালন-পালন করবেন।

গত ১৬ জুলাই যশোমাধবকে নিজ মন্দির থেকে মাসির বাড়িতে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে শুরু হয়েছিল এ বছরের রথযাত্রা। শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে শুরু হওয়া এ উৎসবের আট দিন পর শুক্রবার উল্টো রথ টানের আয়োজন করা হয়। যাত্রাবাড়ী মন্দির থেকে রথ টেনে যশোমাধবকে আবার কায়েতপাড়া রথখোলায় নিয়ে আসেন ভক্তরা। এ সময় নারী-পুরুষের ঢল নামে রথের পথে। ভক্তরা চিনি ও কলা ছিটিয়ে ভক্তি নিবেদন করেন।

রথযাত্রা শেষ হলেও জমজমাট হয়ে উঠেছে মেলাপ্রাঙ্গণ। ধামরাই পৌর এলাকায় মাসব্যাপী চলবে এই মেলা। সেখানে বিভিন্ন খাবার, প্রসাধনী, খেলনা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রায় দুই শতাধিক দোকান বসেছে।

জগন্নাথ মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুকান্ত বণিক বলেন, উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ বছরের রথযাত্রা উৎসবের সমাপ্তি ঘটেছে। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সুন্দরভাবে আয়োজন শেষ হয়েছে। রথ শেষ হলেও মাসব্যাপী মেলা চলবে।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন বলেন, গত ১৬ জুলাই শুরু হওয়া ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব উল্টো রথের মধ্য দিয়ে শেষ হয়েছে। পুরো আয়োজন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল এবং নিরাপত্তা নিশ্চিত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%