প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইউক্রেনে আগ্রাসনের কারণে আন্তর্জাতিক ক্রীড়া থেকে বহিষ্কৃত হওয়ার পর রাশিয়ার ফিরতে পারা ক্রমশ কঠিন হয়ে উঠছে। ইউরোপের বিভিন্ন দেশ ও ক্রীড়া সংস্থার বিরোধিতার ফলে বিষয়টি এখন বিশ্বের শীর্ষ ক্রীড়া সংগঠনগুলোর জন্য আইনি জটিলতায় পরিণত হয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণের পর আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) রাশিয়াকে অলিম্পিক ও আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করেছিল। তবে চলতি বছরের জুলাইয়ে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক ফেডারেশন রুশ ক্রীড়াবিদদের প্রতিযোগিতায় ফেরার অনুমতি দিতে শুরু করেছে।
২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের বাছাইপর্ব আগামী বছর থেকে শুরু হওয়ার কথা। ফলে আন্তর্জাতিক প্রতিযোগিতায় রাশিয়ার প্রত্যাবর্তনের বিষয়ে আইওসির সুপারিশ এখন বাস্তব পরীক্ষার মুখে পড়েছে। ইউরোপের কয়েকটি দেশ রুশ ক্রীড়াবিদদের অংশগ্রহণে নানা বাধা সৃষ্টি করছে।
ইউরোপিয়ান অলিম্পিক কমিটিগুলোর (ইওসি) সভাপতি স্পাইরোস ক্যাপরালোস জানিয়েছেন, রাশিয়াকে ঘিরে চলমান অচলাবস্থা ২০২৮ অলিম্পিকের গুরুত্বপূর্ণ বাছাইপর্বগুলোকে প্রভাবিত করতে পারে। এর মধ্যে ২০২৭ সালের জুনে ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য ইউরোপিয়ান গেমসও রয়েছে, যেখানে বিভিন্ন খেলায় অলিম্পিকের টিকিট নির্ধারিত হবে।
রয়টার্সকে ক্যাপরালোস বলেন, “এটি ইউরোপের জন্য বড় সমস্যা। কারণ এ বিষয়ে ইউরোপ বিভক্ত। কিছু সরকার খেলাধুলার স্বায়ত্তশাসনের বিষয়টি ভুলে যায়। তারা ভুলে যায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সব ক্রীড়াবিদদের অংশগ্রহণ নিশ্চিত করা।”
ক্রীড়া আদালতে লড়াই
বিরোধ এখন পৌঁছে গেছে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)-এ। সিএএস জানিয়েছে, রাশিয়ান অলিম্পিক কমিটি রোমানিয়ায় আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য উইন্টার ইউরোপিয়ান ইয়ুথ অলিম্পিক ফেস্টিভ্যালে রুশ ক্রীড়াবিদদের অংশগ্রহণের শর্ত নিয়ে ইওসির বিরুদ্ধে আপিল করেছে।
রুশ ক্রীড়াবিদদের জাতীয় পতাকা ও সংগীত ছাড়াই কেবল নিজেদের অলিম্পিক কমিটির লোগোর অধীনে প্রতিদ্বন্দ্বিতা করতে বলা হয়েছে। রোমানিয়া ও রাশিয়ার সম্পর্ক বর্তমানে অত্যন্ত উত্তেজনাপূর্ণ।
ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্য রোমানিয়ার সঙ্গে ইউক্রেনের ৬০০ কিলোমিটারেরও বেশি সীমান্ত রয়েছে। দেশটির প্রেসিডেন্ট নিকুসর ডান অভিযোগ করেছেন, কিয়েভকে সমর্থনকারী দেশগুলোকে অস্থিতিশীল করতে রাশিয়া ‘হাইব্রিড যুদ্ধ’ চালাচ্ছে। তবে মস্কো এসব অভিযোগ অস্বীকার করেছে।
সিএএস জানিয়েছে, উভয় পক্ষ দ্রুত নিষ্পত্তির প্রক্রিয়ায় সম্মত হয়েছে এবং ১৫ ডিসেম্বরের মধ্যে রায় দেওয়া হবে।
রুশ ক্রীড়াবিদদের পথে বাধা
আইওসি চায়, অলিম্পিক শক্তিধর রাশিয়া আবার পূর্ণাঙ্গভাবে গেমসে ফিরে আসুক। প্যারিস ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিক ও মিলানো-কোর্তিনা ২০২৬ শীতকালীন অলিম্পিকে রুশ ক্রীড়াবিদরা নিরপেক্ষ পতাকার অধীনে অংশ নিয়েছিল।
তবে সব ফেডারেশন এখনও বিধিনিষেধ তুলে নেয়নি। বিশ্ব অ্যাথলেটিকসের মতো কিছু সংস্থা এখনো রাশিয়ার ওপর কড়াকড়ি বজায় রেখেছে।
অন্যদিকে ইউক্রেন যুদ্ধ ষষ্ঠ বছরে প্রবেশ করতে যাওয়ায় ইউরোপের অনেক দেশ রাশিয়ার প্রত্যাবর্তন সহজ করতে আগ্রহী নয়। নরওয়ে, সুইডেন ও পোল্যান্ড রুশ ক্রীড়াবিদদের ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে। কিছু জাতীয় দল রাশিয়ার বিপক্ষে খেলতেও রাজি নয়।
নরওয়ের আইস হকি দল জানিয়ে দিয়েছে, তারা জুনিয়র পর্যায়েও রাশিয়ার বিপক্ষে খেলবে না।
আইনি লড়াই চালিয়ে যাবে রাশিয়া
তবে রাশিয়া পিছু হটার কোনো লক্ষণ দেখাচ্ছে না। কয়েক বছর আগে ইউরোপীয় ক্রীড়া কাঠামো ছেড়ে এশীয় ব্যবস্থায় যোগ দেওয়ার কথা ভাবলেও এখন তারা আইনি পথেই অংশগ্রহণের অধিকার নিশ্চিত করার চেষ্টা করছে।
চলতি বছর সিএএসের রায়ে মিলানো-কোর্তিনা অলিম্পিকে কিছু রুশ শীতকালীন ক্রীড়াবিদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত হয়।
রাশিয়ার ক্রীড়ামন্ত্রী ও জাতীয় অলিম্পিক কমিটির সভাপতি মিখাইল দেগতিয়ারেভ বলেছেন, রুশ ক্রীড়াবিদদের ওপর বিধিনিষেধের বিরুদ্ধে দেশটি সব ধরনের আইনি পদক্ষেপ বিবেচনা করবে।
তিনি বলেন, “আমরা আইনি অবস্থান পরিষ্কার হওয়ার অপেক্ষায় আছি। এরপর প্রয়োজন হলে সব অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উত্থাপন করব।”
আইওসির অবস্থান
আইওসির মতে, কোনো ক্রীড়াবিদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ তার পাসপোর্ট কিংবা সরকারের যুদ্ধসংক্রান্ত সিদ্ধান্তের কারণে সীমিত হওয়া উচিত নয়।
তবে সংস্থাটি এটাও স্পষ্ট করেছে যে, অলিম্পিকের বাইরে রুশ অংশগ্রহণের বিষয়টি সংশ্লিষ্ট আন্তর্জাতিক ফেডারেশনগুলোকেই সামাল দিতে হবে।
তবুও চলমান এই বিরোধ শেষ পর্যন্ত অলিম্পিকের বাছাইপর্ব এবং অলিম্পিক গেমসকেও প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।
ক্যাপরালোস বলেন, “অবশ্যই উদ্বেগ আছে। রুশ ক্রীড়াবিদদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফেরানোর অন্যতম কারণই ছিল তাদের অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জনের সুযোগ করে দেওয়া।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন