প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তানে গৃহকর্মীদের ওপর নির্যাতন অব্যাহত রয়েছে। এর পেছনে প্রধান কারণ হলো, নির্যাতনের শিকার ব্যক্তিদের জন্য সুরক্ষা ও ন্যায়বিচার পাওয়ার সুযোগ অত্যন্ত সীমিত। দারিদ্র্যের কারণে দেশটির হাজারো পরিবার সন্তানদের গৃহকর্মে পাঠাতে বাধ্য হয়। কিন্তু এসব শিশুর নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করার কোনো নিশ্চয়তা নেই।
নিয়োগকর্তাদের ওপর সম্পূর্ণ নির্ভরশীল থাকার কারণে নির্যাতনের শিকার শিশুরা অভিযোগ জানানো কিংবা নির্যাতনমূলক পরিবেশ থেকে বেরিয়ে আসার সুযোগ খুবই কম পায়। কার্যকর নজরদারির অভাবে শ্রমিকদের সুরক্ষায় আইন থাকা সত্ত্বেও শোষণ ও নির্যাতন অব্যাহত রয়েছে।
পাকিস্তানি সংবাদপত্র দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক সম্পাদকীয় প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাজধানী ইসলামাবাদে একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত ১৩ বছর বয়সী ফাতিমা। তার মৃত্যুর পর দেশে শিশু গৃহকর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
প্রাথমিক চিকিৎসা পরীক্ষায় তার শরীরে শারীরিক নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে বলে খবর প্রকাশিত হয়েছে। এ ছাড়া স্থানীয় পুলিশ শুরুতে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল বলে যে অভিযোগ উঠেছে, সেটিও তদন্ত করা প্রয়োজন। ফাতিমার মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন করতে হবে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির সরকারি পদমর্যাদা কিংবা সামাজিক অবস্থান বিবেচনা না করে তাঁদের জবাবদিহির আওতায় আনতে হবে।
পাকিস্তানে গৃহকর্মীদের নিয়োগব্যবস্থা শ্রম খাতের সবচেয়ে কম নিয়ন্ত্রিত ক্ষেত্রগুলোর একটি। এসব কর্মীর অভিযোগ জানানোর কার্যকর কোনো ব্যবস্থা প্রায়ই থাকে না। শিশুদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি। কারণ, তারা শোষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে কিংবা নিজেদের অধিকার লঙ্ঘনের বিষয়টি বুঝতে তুলনামূলকভাবে কম সক্ষম। গৃহকর্মে নিয়োজিত হওয়ার কারণে তারা শিক্ষা ও সামাজিকভাবে এগিয়ে যাওয়ার সুযোগ থেকেও বঞ্চিত হয়। ফলে যে দারিদ্র্য তাদের শ্রমে যুক্ত হতে বাধ্য করে, সেই দারিদ্র্যের চক্রই আরও দীর্ঘস্থায়ী হয়।
শুধু আইন প্রণয়ন করে এ পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়। ২০২২ সালের ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি ডোমেস্টিক ওয়ার্কার্স আইনে ১৬ বছরের কম বয়সী শিশুদের গৃহকর্মে নিয়োগ নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু আইনটির যথাযথ প্রয়োগ হচ্ছে না। প্রাদেশিক সরকারগুলোকে বিদ্যমান শ্রমিক সুরক্ষা আইন কার্যকর করতে হবে এবং কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই আইন লঙ্ঘনের অভিযোগ তদন্ত নিশ্চিত করতে হবে।
এই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় কার্যকর অভিযোগ জানানোর ব্যবস্থা এবং শিশু সুরক্ষা কার্যক্রম জোরদার করাও জরুরি। সমাজ হিসেবে আমাদের উপলব্ধি করতে হবে, গৃহকর্মীরাও অন্য পেশার শ্রমিকদের মতো সমান মর্যাদা ও আইনি সুরক্ষা পাওয়ার অধিকারী। তাঁদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা কেবল আইনি দায়িত্ব নয়, এটি সামাজিক দায়িত্বও।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন