১২:৫৫ এম
মোল্লাহাটে সক্ষম প্রতিবন্ধীদের উদ্যোক্তা উন্নয়ন ও স্বাবলম্বী করে গড়ে তুলতে প্রয়োজনীয় সহায়তা উপকরণ বিতরণ করা হয়েছে।
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার পরিষদ মিলনায়তনে এই উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন উপস্থিত ছিলেন। তিনি সক্ষম প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিভিন্ন আয়মূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য ব্যবসায়িক উপকরণ তুলে দেন।
এ অনুষ্ঠানটির বাস্তবায়নে সহায়তা করে ব্যাপ্টিস্ট এইড বিবিসিএফের মোল্লাহাট শিশু যুব সমাজ উন্নয়ন প্রকল্প (এমসিওয়াইসিডিপি)। অস্ট্রেলিয়ান এইড ও ট্রান্সফর্ম এইড-ইন্টারন্যাশনালের অর্থায়নে উপজেলার আটজুড়ী ও কোদালিয়া ইউনিয়নের ২৫ জন সক্ষম প্রতিবন্ধী পুরুষ ও নারীর মাঝে এসব সহায়তা প্রদান করা হয়।
আরও পড়ুন: ঢাকার ধামরাইয়ে আজ সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যারা
প্রকল্প সংশ্লিষ্টদের মতে, প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সহায়তা পাওয়া ব্যক্তিরা নিজ নিজ ব্যবসা পরিচালনা করে পরিবারের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন, এই আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
বিতরণ করা উপকরণের মধ্যে ছিল চায়ের দোকান, মুদি দোকান, মসলার দোকান, সবজি ব্যবসা ও টেইলারিং ব্যবসার সামগ্রী। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে আটা, ময়দা, চিনি, পুষ্টি তেল, জিরা, হলুদ, গুঁড়া মরিচ, বুট ডাল, বাদাম, ছোলা, ডিজিটাল ওজন স্কেল, সেলাই মেশিন, চায়ের কাপ, পানি হিটারসহ বিভিন্ন ইলেকট্রিক সামগ্রী প্রদান করা হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. উসমান হামিদ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ব্যাপ্টিস্ট এইড প্রকল্পের ব্যবস্থাপক রিচার্ড স্বপন দাস, মনিটরিং অফিসার ডেভিড রূপন সাহা, লাইভলিহুড সুপারভাইজার যোহন বিশ্বাসসহ সংশ্লিষ্টরা।
আয়োজকরা জানান, এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকলে প্রতিবন্ধী ব্যক্তিরা নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে আরও উৎসাহিত হবেন।
আরও পড়ুন: বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর বিরুদ্ধে মামলা, মব আতঙ্কে বাড়িছাড়া মা-মেয়ে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন