১১:২০ পি.এম
বাংলাদেশ থেকে প্রথমবারের মতো নাইজেরিয়ার উদ্দেশ্যে বাচ্চা উৎপাদনের উপযোগী ডিম বা হ্যাচিং এগ (উর্বর ডিম) রপ্তানি করা হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান কাজী ফার্মস লিমিটেড এর মাধ্যমে ১০ হাজার ৪৪০টি ডিম বা হ্যাচিং এগ রপ্তানি করা হয়েছে।
রোববার (২৮ জুন) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে এই রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রপ্তানি করা ডিমগুলো ‘রস ৩০৮ ব্রয়লার’ (প্যারেন্ট হ্যাচিং এগস) জাতের। এই রপ্তানি করা ডিমের চালানের মূল্য ১৮ হাজার ৭২৯ মার্কিন ডলার। আর এটাই বর্তমান সরকারের সময়ে করা প্রথম হ্যাচিং এগ রপ্তানি চালান।
আরও পড়ুন: দেবিদ্বারে বিএনপির পাল্টাপাল্টি সভা, এমপি রাশেদা বেগম হীরার গাড়িবহরে হামলা
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি খাতকে রপ্তানিমুখী করার লক্ষ্যে কাজ করছেন। তার নির্দেশনায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতও ধীরে ধীরে একটি শক্তিশালী রপ্তানিমুখী খাতে পরিণত হবে। আজকের এই রপ্তানি কার্যক্রম সেই লক্ষ্য অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা দেশের রপ্তানি বহুমুখীকরণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ যখন নিজস্ব চাহিদা পূরণ করে বিদেশে পণ্য রপ্তানি করতে সক্ষম হয়, এটি দেশের সক্ষমতারই প্রতিফলন। এটি শুধুই একটি বাণিজ্যিক কার্যক্রম নয় বরং বাংলাদেশের প্রাণিসম্পদ খাতের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি আশাবাদী যে, ভবিষ্যতে এই রপ্তানির পরিধি আরও সম্প্রসারিত হবে, এবং বাংলাদেশের প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান মন্তব্য করেন, হ্যাচিং ডিম রপ্তানি দেশের প্রাণিসম্পদ খাতকে আরও রপ্তানিমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ সরকারের রপ্তানি বহুমুখীকরণ লক্ষ্য অর্জনে সহায়ক হবে।
কাজী ফার্মস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান প্রাণিসম্পদ অধিদপ্তর ও মন্ত্রণালয়ের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, পরীক্ষামূলক এই চালান সফল হলে ভবিষ্যতে হ্যাচিং ডিমের পাশাপাশি খাদ্যোপযোগী (টেবিল) ডিমও নিয়মিতভাবে আন্তর্জাতিক বাজারে রপ্তানির পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও গ্রামীণ কর্মসংস্থানের জন্য পিকেএসএফ-এর ২,৫০০ কোটি টাকা বিতরণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন