০৬:২৪ পি.এম
পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে দুটি জাহাজে ইরানের হামলায় একজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। একই সঙ্গে আহত হয়েছে আরো ১০ জন।
এ ঘটনায়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের উপরাষ্ট্রদূতকে তলব করেছে।
মন্ত্রাণালয় একটি বিবৃতিতে জানায়, সোমবার রাতে ওমান উপকূলের কাছে ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্রের হামলায় ‘আল বাহিয়াহ’ ও ‘মোমবাসা’ নামে দুটি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়। এ সময় সেগুলোতে ৪৬ জন ক্রু সদস্য ছিলেন।
আরও পড়ুন: ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন
মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত ওই বিবৃতিতে বলেন, আল বাহিয়াহ জাহাজে থাকা ১২ জন ভারতীয় নাগরিকের মধ্যে একজন নিহত হয়েছেন এবং আরেকজন আহত হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, মোমবাসা জাহাজে ১৮ জন ভারতীয় নাগরিক ছিলেন। তাদের মধ্যে ৯ জন আহত হয়েছেন, যার মধ্যে দুজন গুরুতরভাবে আহত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলাগুলোর বিরুদ্ধে ‘কঠোর প্রতিবাদ’ জানাতে তারা ইরানের উপরাষ্ট্রদূতকে তলব করেছে।
নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা নাবিকদের লক্ষ্য করে পরিচালিত এসব হামলা এবং হরমুজ প্রণালির মতো আন্তর্জাতিক নৌপথে অবাধ ও নিরাপদ চলাচল ব্যাহতকারী সহিংস কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানাই।’
আরও পড়ুন: ইয়েমেনে ২৪ ঘণ্টায় সংঘাতে নিহত ৫০ জনের বেশি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন