প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং খাতের স্থিতিশীলতা, সুশাসন ও জনআস্থা পুনঃপ্রতিষ্ঠায় একটি সমন্বিত সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। এই কার্যক্রমের আওতায় সমস্যাগ্রস্ত ব্যাংকের সম্পদের গুণগত মান যাচাই, জরুরি তারল্য সহায়তা, পরিচালনা পর্ষদ পুনর্গঠন এবং ব্যাংকভিত্তিক পুনরুদ্ধার ও পুনর্গঠন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক আগামী চার বছরের মধ্যে এসব সংস্কার পর্যায়ক্রমে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করেছে। সাম্প্রতিক সময়ে ব্যাংকিং খাত নিয়ে বিভিন্ন নেতিবাচক প্রচারণা ও বিভ্রান্তিকর তথ্যের প্রেক্ষিতে জনসাধারণকে আশ্বস্ত করার উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ব্যাংকিং খাতের বিদ্যমান দুর্বলতা চিহ্নিত করে তা ধাপে ধাপে দূর করা এবং স্বচ্ছ, জবাবদিহিমূলক ও স্থিতিশীল ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলাই সংস্কার কার্যক্রমের প্রধান লক্ষ্য। কেন্দ্রীয় ব্যাংক আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
সংস্কার কার্যক্রমের প্রথম ধাপে ব্যাংকিং খাতের প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণ ও সম্পদের গুণগত মান যাচাইয়ের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতিতে অ্যাসেট কোয়ালিটি রিভিউ (একিউআর) পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে এই কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত অনিয়ম, দুর্বল ঋণ ব্যবস্থাপনা এবং সম্পদের গুণগত অবনতির প্রকৃত চিত্র উঠে এসেছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, একিউআরের কারণে খেলাপি ঋণের হারসহ বিভিন্ন আর্থিক সূচকে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা সাম্প্রতিক দুই বছরের কার্যক্রমের প্রতিফলন নয়। বরং এটি দীর্ঘ সময় ধরে জমে থাকা অনিয়ম ও দুর্বলতার প্রকৃত চিত্র। কেন্দ্রীয় ব্যাংক এসব দুর্বলতা চিহ্নিত করাকে টেকসই সংস্কারের অপরিহার্য পূর্বশর্ত হিসেবে বিবেচনা করছে। চলমান সংস্কার কার্যক্রমের মাধ্যমে ডিসেম্বর ২০২৬-এর মধ্যে খেলাপি ঋণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হবে বলে সংস্থাটি আশাবাদী।
দ্বিতীয় ধাপে সাময়িক তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোর জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় তারল্য সহায়তা ও গ্যারান্টি দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এর ফলে আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং ব্যাংকিং কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি এসব ব্যাংকে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করতে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এ উদ্যোগের অংশ হিসেবে কয়েকটি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, স্বতন্ত্র ও উপযুক্ত পরিচালক নিয়োগ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। ব্যাংকগুলোর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, অনিয়মের পুনরাবৃত্তি রোধ এবং আমানতকারীদের আস্থা বাড়ানোই এসব পদক্ষেপের উদ্দেশ্য।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন