১১:৪৭ এম
কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ একটি বর্ণাঢ্য আয়োজন এবং উৎসবমুখর পরিবেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে।
এই অনুষ্ঠানটি শনিবার (২১নভেম্বর) শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া এবং কারিগরি শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময়ের উদ্দেশ্যে প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল হক চৌধুরী।
আরও পড়ুন: মারুফের স্বপ্ন: পাইলট না হতে পেরে নিজেই বিমান তৈরি করে উড্ডয়ন
তিনি এসময় বলেন, "বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার কোনো বিকল্প নেই। স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ডিপ্লোমা প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।" শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি এবং প্রতিষ্ঠানের অবকাঠামোগত ও শিক্ষাগত উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. রকিব উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ভিপি আবদুল্লাহ আল মামুন এবং উপাধ্যক্ষ মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। এসময় প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রকৌশলী মো. রকিব উল্লাহ নবাগত শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের নিয়ম-শৃঙ্খলা মেনে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার পরামর্শ দেন। তিনি অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান যাতে তারা শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি ও সার্বিক বিষয়ে খোঁজখবর রাখেন।
অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
আরও পড়ুন: সোমবার সকাল থেকে মানিকগঞ্জ ও আশপাশের যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন