প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংসদ (চবিআস) এর উদ্যোগে নবীনবরণ, প্রবীণ বিদায়, নজরুল আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনটি বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়, যেখানে ছিল বর্ণাঢ্য আয়োজন।
অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য কবি ও প্রাবন্ধিক মাঈনউদ্দিন জাহেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মোজাম্মেল হক, বাংলাদেশ বেতারের সিনিয়র প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেন এবং বান্দরবান বিশ্ববিদ্যালয়ের গভর্ন্যান্স ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক ও চবিআসের সাবেক সভাপতি শাহাদাত হোসাইন। সভাপতিত্ব করেন চবিআসের সভাপতি মোমতাহিনুল ইসলাম হাসনাত।
মুখ্য আলোচক মাঈনউদ্দিন জাহেদ অনুষ্ঠানে বলেন, ‘বাচিকশিল্প শিল্পসমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী। বাচনিক সৌন্দর্য ব্যতীত অন্য শিল্পগুলো পূর্ণতা পায় না।’ তিনি শিল্পচর্চায় শুদ্ধ উচ্চারণ ও বাচনিক সৌন্দর্যের গুরুত্বের ওপর আলোকপাত করেন।
বিশেষ অতিথি ড. মোহাম্মদ মোজাম্মেল হক বক্তব্যে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মতো মুক্তজ্ঞান চর্চার প্রাঙ্গণে সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সংগঠনসমূহকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পৃষ্ঠপোষকতা করতে হবে।’
মোহাম্মদ কামাল হোসেন মন্তব্য করেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিল্পচর্চার মাধ্যমে একটি দেশের সামগ্রিক শিল্পচর্চার অবস্থা আন্দাজ করা যায়।’
শাহাদাত হোসাইন বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকে মানসম্পন্ন কর্মশালা আয়োজন এবং ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে উত্তরোত্তর উন্নতি করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ বর্তমানে এক অনন্য জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করেছে।’
সভাপতির বক্তব্যে মোমতাহিনুল ইসলাম হাসনাত চবিআসকে বিশ্ববিদ্যালয়ের অন্যতম সক্রিয় সাংস্কৃতিক সংগঠন হিসেবে উল্লেখ করেন। তিনি সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবার অবদানের কথা স্মরণ করেন এবং উপস্থিত অতিথি, সাবেক সদস্য, প্রশিক্ষণার্থী ও শুভানুধ্যায়ীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে ২০২৫ সালের কর্মশালার প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। পাশাপাশি ২০২৬ সালের ‘প্রমিত উচ্চারণ, উপস্থাপনা ও আবৃত্তি কর্মশালা’র উদ্বোধন করা হয়। এ সময় চবিআসের সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন ফাহিম কর্মশালার বিভিন্ন দিক তুলে ধরে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে সংগঠনটির সাবেক সদস্য ও বিভিন্ন বন্ধুত্বপূর্ণ সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন